মলয় দে
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৩
৪
মলয় দে : ২২ নভেম্বর ২০২৬। রাত তখন প্রায় ১২টা। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ বেজে উঠল আমার মুঠোফোন। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ—‘মলয়, তুমি কোথায়? হাসিব তো বাসায় নেই, জানো। আমার শরীরটা ভালো লাগছে না। একটু বাসায় আসবে? হাসপাতালে যাব।’
কথাগুলো ছিল খুবই স্বাভাবিক। কিন্তু কে জানত, এটাই হবে তাঁর জীবনের শেষ ফোনকল! কে জানত, স্নেহভরা সেই কণ্ঠে ‘মলয়’ বলে ডাকা নামটি আর কখনো শুনা হবে না আমার!
ফোনের ওপাশ থেকে তাঁর কণ্ঠ শুনেই বুঝতে পেরেছিলাম, তিনি ভালো নেই। তখন শীত কেবল পড়তে শুরু করেছে। তড়িঘড়ি করে শীতের কাপড় গায়ে জড়িয়ে মোটরসাইকেল নিয়ে ছুটলাম তাঁর বাসার দিকে। বাসায় পৌঁছে কলিংবেল চাপতেই দরজা খুলে গেল। ঘরে ঢুকে দেখি, তিনি নিজেই হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর একমাত্র পুত্রবধূও হাসপাতালে নেওয়ার প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে রাখছেন। রাতে কী কী ওষুধ খেয়েছেন, আর কোন ওষুধ খেতে হবে— সবকিছু আমাকে বুঝিয়ে দিলেন। কিছুক্ষণ পর তাঁর ছোট মেয়ের জামাই নোমান ভাই গাড়ি নিয়ে এলেন। আর অপেক্ষা না করে তাঁকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। হাবিব কাকা নিজেই হেঁটে গাড়িতে উঠলেন। তাঁর শখের, নিজের হাতে গড়া প্রিয় বাড়িতে যে আর জীবিত অবস্থায় ফেরা হবে না, তা আমরা কেউই বুঝতে পারিনি। হয়তো তিনিও না।
তাঁদের গাড়ির পেছন পেছন মোটরসাইকেল নিয়ে ছুটলাম আমিও। হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছে ভর্তি-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ করলাম। চিকিৎসকের সঙ্গে কথা বলে তাঁকে নিয়ে লিফটে করে চলে গেলাম পুরুষ মেডিসিন ওয়ার্ডে। ওয়ার্ডের নার্সদের কক্ষে তাঁকে বসালাম। তখনো তাঁর চেহারা ও চলাফেরায় তেমন অস্বাভাবিকতা চোখে পড়েনি। নার্স ও ব্রাদাররাও বেশ আন্তরিক ছিলেন। তাঁর শারীরিক অবস্থার কথা খুলে বললাম। চিকিৎসকের নোট দেখে তাঁকে একটি শয্যা দেওয়া হলো।
তবে কেবিনের ব্যবস্থা করতে না পারায় তিনি কিছুটা মনঃক্ষুণ্ন হয়েছিলেন। যথেষ্ট চেষ্টা করেও কেবিনের ব্যবস্থা করতে পারিনি। শেষ পর্যন্ত তাঁকে বুঝিয়ে শয্যায় কিছুক্ষণ বিশ্রাম নিতে বললাম। তিনিও কথা শুনে শুয়ে পড়লেন।
তাঁর প্রয়োজনীয় ওষুধগুলো বাসা থেকেই খেয়ে এসেছিলেন। হাসপাতালে তখন নতুন করে কোনো ওষুধ দেওয়া হয়নি। আমাদের পরিকল্পনা ছিল, শরীর কিছুটা ভালো বোধ করলে রাতেই তাঁকে বাসায় ফিরিয়ে নিয়ে যাব।
কিন্তু নিয়তি যে অন্য কিছু লিখে রেখেছে, তা তখনো আমাদের অজানা।
শয্যায় শোয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই শুরু হলো তাঁর শ্বাসকষ্ট। প্রথমে সামান্য থাকলেও ধীরে ধীরে তা বাড়তে থাকে। দেরি না করে জরুরি বিভাগে ছুটে গিয়ে চিকিৎসককে পরিস্থিতি জানালাম। চিকিৎসক অক্সিজেন দেওয়ার পরামর্শ দিলেন। লিফটের জন্য অপেক্ষা না করে দৌড়ে পাঁচতলায় ওয়ার্ডে গেলাম। চিকিৎসকের লেখা প্রেসক্রিপশন দেখাতেই ব্রাদার দ্রুত এসে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করলেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি জানালেন, অক্সিজেন পাচ্ছেন না, কিছুই বুঝতে পারছেন না। আবার ব্রাদারকে ডেকে আনলাম। তিনি সবকিছু পরীক্ষা করে অক্সিজেনের মাত্রা কিছুটা বাড়িয়ে দিয়ে চলে গেলেন। কিন্তু তাতেও স্বস্তি মিলল না। সময় যত গড়াচ্ছিল, তাঁর শ্বাসকষ্ট ততই বাড়ছিল। তাঁর কষ্ট দেখে ভেতরটা কেঁপে উঠছিল। আবার চিকিৎসকের পরামর্শ নিয়ে অক্সিজেনের মাত্রা বাড়ানো হলো। কিন্তু কিছুতেই যেন শ্বাস নিতে পারছিলেন না তিনি।
এবার আর অপেক্ষা না করে তাঁর পুত্রবধূকে ফোনে জানালাম, তাঁর শারীরিক অবস্থা দ্রুত খারাপের দিকে যাচ্ছে। তাঁকে হাসপাতালে নিয়ে আসতে গাড়িচালককে পাঠানো হলো। একটি অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম আমরা। তাঁর ছেলে হাসিব নিজেও অসুস্থ। আগে থেকেই আমাকে বলা হয়েছিল, হাসিবকে যেন তাঁর অসুস্থতার খবর না জানাই। সে অসুস্থ হয়ে পড়তে পারে— এই আশঙ্কায় আমিও তাকে কিছু জানাইনি।
কিছু সময় পর গাড়িচালকের সঙ্গে একে একে হাসপাতালে এলেন তাঁর পুত্রবধূ ও মেয়েরা। কিছুক্ষণের মধ্যে উপস্থিত হলেন নিকটাত্মীয়রাও।
তখন রাত প্রায় দুইটা। অক্সিজেনের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে বাড়ানো হলেও শ্বাসকষ্ট কমছিল না। আমরা সবাই যেন অসহায় হয়ে পড়েছিলাম। একজন মানুষ এতটা কষ্ট পাচ্ছেন, অথচ তাঁর প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারছি না—এই বেদনা ভেতরটা দুমড়ে-মুচড়ে দিচ্ছিল।
উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা কিংবা বরিশাল নিয়ে যাওয়ার কথাও ভাবছিলাম। কিন্তু রাতের যোগাযোগব্যবস্থা ও পরিস্থিতির কারণে সেটিও সম্ভব হচ্ছিল না। এতোটাই অসহায় ছিলাম তখন আমরা।
শ্বাস নেওয়ার জন্য তাঁর সেই ছটফট করার দৃশ্য আজও চোখের সামনে ভেসে উঠে। এমন দৃশ্য দেখে উপস্থিত অনেকের চোখেই তখন পানি। কেউ এয়ার অ্যাম্বুলেন্সের নম্বরে ফোন করছিলেন। কেউ বা স্পিডবোটে। পাশের শয্যার একজন ব্যক্তি তাঁর হাত ও পায়ের তালুতে সরিষার তেল মালিশ করার পরামর্শ দিলেন। কারন তাঁর হা-পা ক্রমশই ঠান্ডা হয়ে আসছিলো। এমন পরিস্থিতিতে অপরিচিত ওই লোকটি কারও অপেক্ষা না করে নিজেই মালিশ করতে শুরু করলেন। আবার কেউ পাশে বসে সূরা পাঠ করার পরামর্শও দিচ্ছিলেন।
একজন স্বাভাবিক, কর্মচঞ্চল মানুষকে কয়েক ঘণ্টার ব্যবধানে এমন মৃত্যুপথযাত্রী অবস্থায় দেখতে হবে— এটা মেনে নেওয়া সত্যিই কঠিন ছিল।
এরই মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাঁর এক বড় ভায়রার ছেলে ডাক্তার এফ.আর. খান তৌফিককে ফোনের মাধ্যমে শারীরিক পরিস্থিতি জানালে তিনি কিছু ওষুধের পরামর্শ দেন। সেগুলো এনে দেওয়ার প্রায় এক ঘণ্টা পর তাঁর শারীরিক অবস্থায় সামান্য কিছুটা উন্নতি দেখা যায়। এরই মধ্যে ভোর হয়ে আসে। পারিবারিক সিদ্ধান্ত হয়, উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে বরিশাল হয়ে তাঁকে ঢাকায় নেওয়া হবে। সে অনুযায়ী সব ব্যবস্থা করা হয়। ২৩ নভেম্বর ভোরে তাঁকে নিয়ে স্বজনেরা ঢাকার উদ্দেশে রওনা হন।
আমি তখনো ভাবিনি, সেটিই হবে জীবিত অবস্থায় তাঁর সঙ্গে আমার শেষ দেখা।
ওইদিন দুপুরের পরপর তাঁকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চলছিল চিকিৎসা। স্বজনদের মনে তখনো আশা— তিনি সুস্থ হয়ে ফিরবেন। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ২৪ নভেম্বর দুপুরে না ফেরার দেশে চলে গেলেন ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের প্রবীণ সাংবাদিক এম. হাবিবুর রহমান।
খবরটি শোনার পর চোখ ঝাপসা হয়ে এলো। মনে পড়ল তাঁর স্নেহভরা কণ্ঠে ‘মলয়’ বলে ডাকার কথা। আর কখনো সেই ডাক শুনতে পাব না। তাঁর পাশে বসে নানা প্রশ্নের উত্তর দেওয়া বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা আর হবে না। সংবাদ সংগ্রহ, সংবাদ উপস্থাপন কিংবা সাংবাদিকতার নানা বিষয়ে তাঁর কাছ থেকে আর পরামর্শ নেওয়ার সুযোগ হবে না।
বাসায় গেলে জোর করে খাবার খাওয়ানো, স্নেহভরে খোঁজখবর নেওয়া—এমন অসংখ্য স্মৃতি একের পর এক মনে পড়তে লাগল। আমার মোটরসাইকেলে করে তাঁকে আর বাসায় পৌঁছে দেওয়ার সুযোগও রইল না। মনে হচ্ছিল, আমরা যেন একটি বটবৃক্ষ হারিয়ে ফেলেছি। হারিয়েছি একজন অভিভাবককে।
আমার দেখা সবচেয়ে ব্যক্তিত্বসম্পন্ন মানুষদের একজন ছিলেন তিনি। বয়স বাড়লেও তাঁর চলাফেরা, পোশাক-পরিচ্ছদ, রুচি ও স্মার্টনেস ছিল সত্যিই ছিলো অনুকরণীয়। আমাদের বয়সী অনেককেও তাঁর ব্যক্তিত্ব ও পরিপাটিতে হার মানাতেন। তাঁর মধ্যে ছিল একধরনের স্বতন্ত্র আভিজাত্য, যা সহজেই মানুষকে আকৃষ্ট করত।
সাংবাদিকতায় তাঁর অবদান ভুলে যাওয়ার মতো নয়। দীর্ঘ কর্মজীবনে তিনি শুধু সংবাদ পরিবেশন করেননি, তৈরি করেছেন সাংবাদিকতার পথচলার নানান দৃষ্টান্ত। তাঁর কাছ থেকে পাওয়া শিক্ষা, পরামর্শ ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের পথ দেখাবে। মানুষটি চলে গেলেও তাঁর কাজ ও অবদান ভোলার মানুষের স্মৃতিতে বেঁচে থাকবে।
তিনি বেঁচে থাকতে কখনো বুঝতে পারিনি, মানুষটি আমার ওপর এতটা ভরসা রাখতেন। জীবনের শেষ ফোনকলটি তিনি করেছিলেন আমাকেই। অসুস্থ শরীর নিয়ে সেদিন রাতে তাঁর সেই ডাকেই ছুটে গিয়েছিলাম। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, পাশে থাকার চেষ্টা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে আর সুস্থ করে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
আজও মুঠোফোনের রিং বাজে, তবে সেই কন্ঠ আর ওই নাম্বার থেকে আর কল আসে না। মাঝে মাঝে মনে পড়ে সেই রাতের কথাও। কখনো কখনো মনে হয়, ওপাশ থেকে আবারও ভেসে আসবে সেই পরিচিত কণ্ঠ—‘মলয়, তুমি কোথায়?’ কিন্তু আর কোনো দিন সেই কণ্ঠে আমার নাম ধরে ডাকবেন না তিনি। আর কোনো দিন তাঁর পাশে বসে গল্প করা হবে না, পাওয়া হবে না তাঁর স্নেহভরা পরামর্শ।
জীবনের শেষ ফোনকলটি তিনি করেছিলেন আমাকে। হয়তো এটাই আমার জীবনের এক বড় প্রাপ্তি, আবার সবচেয়ে বড় বেদনাও। তাঁর সেই শেষ ডাক, তাঁর স্নেহ আর স্মৃতিগুলো বয়ে বেড়াব সারাজীবন। মানুষটি নেই, কিন্তু তাঁর কণ্ঠে উচ্চারিত ‘মলয়’ নামটি আমার কানে আজীবন বেজে থাকবে। অনুকরণীয় হয়ে থাকবে সব সময় কাজের মধ্য দিয়ে। ভালো থাকবেন ওপারে।
[ লেখক: সাংবাদিক, দীপ্ত টেলিভিশন ]
অগ্রজ প্রথিতযশা সাংবাদিক হাবিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা
স্মৃতির পাতায় আলোকিত মানুষ এম হাবিবুর রহমান
একজন অভিভাবক একজন পথপ্রদর্শক একজন নিরহংকার মানুষ হাবিব কাকা
ছোট বেলায় মামার সাথে স্মৃতিতে গাথা সে কালের কিছু কথা
হাবিব কাকা নেই, রয়ে গেছে তাঁর ভালোবাসা ও পথচলার স্মৃতি
হাবিবুর রহমান ভোলা প্রেসক্লাবকে সম্মানিত করেছেন
দ্বীপের কান্না থেকে ইতিহাসের অক্ষরে অমর হয়ে থাকবেন হাবিব রিপোর্টার
আমার প্রিয় হাবিব ভাই
উপকূলের গণমুখি সাংবাদিকতার পথিকৃৎ : হাবিবুরর রহমান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত