নাসির লিটন
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ সকাল ১১:৫১
৫
নাসির লিটন : এম. হাবিবুর রহমান। দ্বীপজেলা ভোলার অন্যতম শ্রেষ্ঠ সাংবাদিক। সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, নাগরিক প্রতিনিধি, ক্রীড়াবিদ, সংগঠক এমন বহুমাত্রিক অভিধায় অভিষিক্ত তিনি। মহান স্বাধীনতা পরবর্তী দ্বীপজেলা ভোলা তথা আধুনিক বাংলাদেশ গঠনে প্রতিনিধিত্ব করেছেন প্রান্তিক মানুষের।
তাঁর যে বহুমুখি প্রতিভা এবং বিশাল চরিত্র, তার কোন দিকটি নিয়ে আলোচনা করব? বিভিন্ন ক্ষেত্রে তিনি যে অবদান রেখেছেন তার পূর্ণতথ্য তুলে আনা আমার পক্ষে অসম্ভব। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এক বছর আগে। নিশ্চয় পরপারে আল্লাহ তাকে শান্তিতে রেখেছেন। হাবিবুর রহমান চলে যাওয়ায় ভোলার তরুন সাংবাদিকরা একজন অভিভাবক হারিয়ছেন। নানা সংকটে যার খুব প্রয়োজন ছিল।
পৃথিবী, দেশ, স্বার্থ বুঝবার আগে সেই তরুন বয়সে আমি নিজের অজান্তে জড়িয়ে পড়ি ভোলার সাংস্কৃতিক অংঙ্গনে। অল্পদিনেই বুঝতে পারলাম সংস্কৃতিকর্মী আর সাংবাদিকদের মধ্যে নিবীড় সম্পর্ক রয়েছে। অনেকটা বিনিসুতার মালার মতো। এদের মধ্যে তেমন যোগাযোগ হয় না, দেখা সাক্ষাত কালে ভদ্রে। কিন্তু অন্যায় দুঃশাসন নিপীড়িত মানুষের প্রয়োজনে সবার আগে পাশে দাঁড়ান তারা। সাংবাদিকরা লেখেন পত্রিকায়। সংস্কৃতিকর্মীরা মঞ্চের মাধ্যমে জানান দেন। দু’টোই সমাজের দর্পনের কাজ করে। তবে ঝুঁকি ও গুরুত্ব বিবেচনায় আমি সাংবাদিকদেরকেই এগিয়ে রাখব। সংগঠনের বিভিন্ন খবরাখবর আদান প্রদানের জন্য অগ্রজ ও সমবয়সীদের সাথে স্থানীয় পত্রিকা অফিস ও সাংবাদিকদের কাছে যাতায়াত শুরু হয় সেই ১৯৯৫ সাল থেকে। তখন থেকেই আমি এম. হাবিবুর রহমানকে চিনতাম। তবে তার সম্পর্কে জানতাম খুবই কম।
২০০১ সালের জাতীয় নির্বাচনের পর ভোলার পত্রিকা অফিসগুলোতে আমার যাতায়াত অনেক বেড়ে যায়। উন্নয়ন সংস্থা এমএমসি থেকে প্রশিক্ষণ নেওয়ার পর সাংবাদিকতা করার আগ্রহও বাড়ে। সেই টান থেকেই এম. হাবিবুর রহমানের প্রতিষ্ঠিত “দৈনিক বাংলাকণ্ঠ” পত্রিকা অফিসে আমার যাতায়াত। তাঁর ছেলে সহকর্মী সাংবাদিক হাসিব রহমান তখন ভোলার সাংবাদিকতায় তরুন তুর্কি। তার সাথেও আমার হৃদত্যা বেশ। শহরের বাণিজ্যিক এলাকা মহাজনপট্টিতে নিজের মালিকানা ঘরেই বাংলার কন্ঠের অফিস। পত্রিকার তৎকালীন বার্তা সম্পাদক মোকাম্মেল হক মিলনের সহজ আলাপন আর জম্মেশ আড্ডা বসত প্রতিদিন সন্ধ্যার পর। সম্পাদক এম. হাবিবুর রহমান আসলে সেই আড্ডা পরিণত হত সৃজনশীল আলোচনায়। আর সেই থেকেই হাবিবুর রহমান আমার কাছে একজন সৃজনশীল মানুষ।
তরুন সমাজের ঐক্য ও উন্নয়ন দর্শন ছাড়া কোন জাতির ভাগ্য পরিবর্তন হওয়ায় সম্ভব নয় বা কোন শ্রেণি পেশার মানুষের গালপল্পে ভাগ্য পরিবর্তন হবে না। এমন গুরুত্বপূর্ণ কথা আমি এম হাবিবুর রহমানের কাছ থেকে শিখেছি। গল্পে আড্ডায় তিনি বলেতেন, তরুনরা অত্যন্ত সংবেদনশীল, স্পর্শকাতর একই সাথে গুরুত্বপূর্ণ। তরুন শক্তির কোন বিকল্প নেই। তাই যুবমানস গঠন করা আবশ্যক। তাই তরুনদের কেন্দ্র করে পরিবার, সমাজ. রাষ্ট্র এমনকি বিশ্ব ব্যবস্থাকে ভাবতে হবে। তারুণ্যের আলোয় উদ্ভাসিত তরুনরাই মানুষের মুক্তি পথ দেখায়। সম্ভবত, আমি বয়সে তরুন ছিলাম বলেই প্রবীণের এ কথাগুলো আমাকে বেশি স্পর্শ করেছে। তরুন সাংবাদিক হিসাবে এই জনপদের সুখ দুখের খবর তুলে আনার সাহস পেয়েছি তার এসব প্রেরণামুলক কথা থেকে।
প্রতিকূল পরিবেশ, ভৌগলিক ও যোগাযোগ বিছিন্ন থেকেও মানুষের প্রয়োজনে কিভাবে সাংবাদিকরা এগিয়ে আসেন, পাশে দাঁড়ান তার এক উজ্জ্বল দৃষ্টান্ত সাংবাদিক হাবিবুর রহমান। ভোলার মানুষের কাছে যিনি ‘হাবিব রিপোর্টার’ হিসাবে পরিচিত। ৭০-এর প্রলয়ংকরী ঘূর্ণিঝড়। লণ্ডভণ্ড উপকূল। লাখ লাখ মানুষ, গবাদীপশু, ঘর-বাড়ি ভাসিয়ে নিগে গেছে সাগর জল। মনপুরা বিরানভূমি। ভোলার গাছে গাছে ঝুলছে লাশ। কিন্তু সেই খবর জানে না রাষ্ট্র, প্রতিবেশি জেলার মানুষ। তিনদিন পর এমন ভয়াবহ অবস্থার সচিত্র প্রতিবেদন করে তৎকালীন পাকিস্তান সরকারসহ সারা বিশ্বেকে নাড়া দিয়েছিলেন হাবিবুর রহমান। কিভাবে সেই সংবাদ তিনি সংগ্রহ করেছেন আর গয়নার নৌকায় সেই ছবি ঢাকায় পাঠিয়েছেন- তাঁর মুখে শোনা সেই বাস্তব গল্প দুর্যোগ সাংবাদিকতায় আমার সাহস যুগিয়েছে। সেই ঘটনা থেকে ঝড়-জলোচ্ছ্বাসে আমি সাগর পাড়ের ঢালচর, কুকরী মুকরী ও মনপুরায় ছুটে যাওয়ার অনুপ্রেরণা পাই।
বাঙ্গালির গর্ব ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ। সেখানেও সক্রিয় অবদান ছিল প্রয়াত এই সম্পাদকের। তৎকালীন ভোলার পাক হানাদার বাহিনীর কর্মকাণ্ড নিরিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। ওয়াপদা কলোনিতে থাকা পাকিস্তানি বাহিনীর নির্মমতা ও হত্যাযজ্ঞের ছবি তুলে প্রকাশ করেছেন পত্রিকায়। এ ছবি তুলতে গিয়ে নিয়েছেন জীবনের ঝুঁকি। বাঙ্গালিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে তার এমন ভূমিকা আমার তরুন মন স্পর্শ করেছে। বেড়েছে শ্রদ্ধাও। হাবিবুর রহমানের কাছে শোনা গল্পে উঠে এসেছে তার সাংস্কৃতিক কর্মকাণ্ডের কথাও। নাটক করেছেন ভোলার মঞ্চে। ক্রীড়াঙ্গণে পরিচিতি ছিল ভালো ফুটবলার হিসাবে।
২০০১ পরবর্তী সময়ে যুগের সাথে তাল মিলিয়ে ভোলার সাংবাদিকতায়ও পরিবর্তন শুরু হয়। নগর সাংবাদিকতার সাথে গ্রামীণ সাংবাদিকতার প্রতিযোগিতায় আসে কম্পিউটার, ফ্যাক্স, ইমেইল। এসময় ভোলার প্রবীণদের সাথে একদল তরুন সাংবাদিকতা শুরু করে। আমি তাদের একজন। তরুনদের প্রতিভা কাজে লাগিয়ে ভোলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাহস ও শক্তি যুগিয়েছেন তিনি। সাংবাদিকতার শুরুতেই আমি তৎকালীন জেলা প্রশাসনের আক্রোশের শিকার হই। এ দেশের গরীবদের জন্য আরব থেকে পাঠানো দুম্বার মাংসের অনেকটা ডিসি অফিসের দুই স্টাফ (গাড়ি চালক ও অফিস সহকারী) নিজেদের বাড়িতে নিয়ে যান। এ নিয়ে রিপোর্ট করায় বিনা মামলায় পুলিশ দিয়ে আমাকে হয়রানী করা হয়। সে সময়কার অনেক সিনিয়র সাংবাদিক প্রশাসনের পক্ষপাতিত্ব করলেও হাবিবুর রহমান আমার পাশে থেকে সাহস যুগিয়েছেন। যা একজন তরুনে সাংবাদিক হয়ে ওঠার জন্য বড্ড প্রয়োজন ছিল।
তাঁর ছেলের সাথে সখ্যতার কারণে এম. হাবিবুর রহমানকে আমি ‘কাকা’ বলে সম্বোধন করতাম। শুরু থেকে তাঁর মৃত্যুর ( ২৪ নভেম্বর ২০২৫) আগ পর্যন্ত শ্রদ্ধা, স্নেহ আর ভালোবাসার সম্পর্ক ছিল। দীর্ঘ পথচলায় এ জনপদের অবহেলিত মানুষের জন্য তাঁর হৃদয়ের টান দেখেছি। মায়া ভালোবাসা দেখেছি নিস্পেশিতদের জন্য। ভোলা- লক্ষ্মীপুর ফেরি আন্দোলন, গ্যাস উত্তোলণ, শিল্পায়নসহ ভোলার স্বার্থে প্রথম সারিতেই ছিলেন তিনি। ধর্মান্ধতা ও গোঁড়ামির বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল ভূমিকা রেখেছেন। হাবিব কাকার সাথে আমার স্মৃতি দীর্ঘ দিনের। অল্প কথায় এতো স্মৃতিচারণ সম্ভব নয়। এম. হাবিবুর রহমান কেবল একজন সাংবাদিক কিংবা সম্পাদক ছিলেন না; তিনি ছিলেন একটি জনপদের বিবেক, কণ্ঠস্বর। সাংবাদিকতাকে শুধু পেশার মধ্যে সীমাবদ্ধ রাখেননি সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসাবে দেখেছেন।
সময়ের স্রোতে মানুষ হারিয়ে যান, হারিয়ে যায় অনেক স্মৃতি কিন্তু কিছু মানুষের কর্ম সময়কে অতিক্রম করে ইতিহাসের অংশ হয়ে ওঠে। এম. হাবিবুর রহমান তেমনই একজন। ঝড়-জলোচ্ছ্বাসে বিধ্বস্থ উপকূল থেকে মুক্তিযুদ্ধের উত্তাল দিন, অবহেলিত মানুষের অধিকার থেকে ভোলার উন্নয়ন আন্দোলণ— সবখানেই তিনি অবদান রেখে গেছেন। তার জীবন আমাদের শিখিয়েছে, সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি মানুষের প্রতি দায়বদ্ধতার এক নিরন্তর অঙ্গীকার। তাঁর সঙ্গে কাটানো সময়, তাঁর গল্প, তাঁর স্নেহ ও সাহস জোগানো কথাগুলো আমার স্মৃতিতে অমূল্য সম্পদ হয়ে থাকবে। হয়তো আর কোন দিন মহাজনপট্টির সেই আড্ডায় তাঁর সঙ্গে দেখা হবে না, শোনা হবে না নতুন কোনো গল্প। হাবিবুর রহমান আমাদের মাঝে থাকবেন একজন সাংবাদিক, একজন মানবিক মানুষ এবং উপকূলের গণমুখী সাংবাদিকতার একজ উজ্জ্বল পথিকৃৎ হয়ে। [ লেখক : সাধারণ সম্পাদক, ভোলা প্রেসক্লাব ও সভাপতি, ভোলা থিয়েটার ]
‘মলয়, তুমি কোথায় ?’ আমাকে করা জীবনের শেষ ফোন কল
ছোট বেলায় মামার সাথে স্মৃতিতে গাথা সে কালের কিছু কথা
হাবিব কাকা নেই, রয়ে গেছে তাঁর ভালোবাসা ও পথচলার স্মৃতি
হাবিবুর রহমান ভোলা প্রেসক্লাবকে সম্মানিত করেছেন
দ্বীপের কান্না থেকে ইতিহাসের অক্ষরে অমর হয়ে থাকবেন হাবিব রিপোর্টার
আমার প্রিয় হাবিব ভাই
যুগ যুগ ধরে ভোলার মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন হাবি রিপোর্টার
সততা ও সাহসের এক আলোর দিশারী : এম. হাবিবুর রহমান
আমার দেখা একজন নির্ভীক কলম-যোদ্ধা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত