কামরুল ইসলাম
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৫
৪
কামরুল ইসলাম : কিছু মানুষ জীবনে আসেন নিঃশব্দে। কিন্তু তাঁদের অবদান, ভালোবাসা, শিক্ষা আর স্মৃতি মানুষের হৃদয়ে এমনভাবে জায়গা করে নেয়, যা কখনো মুছে যায় না। সময় চলে যায়, মানুষটি চোখের আড়ালে চলে যান, কিন্তু তাঁর বলা কথা, তাঁর হাসি, তাঁর আচরণ, তাঁর স্নেহ আর তাঁর সঙ্গে কাটানো মুহূর্তগুলো হৃদয়ের গভীরে আজীবন বেঁচে থাকে। আমার জীবনে তেমনই একজন মানুষ ছিলেন এম হাবিবুর রহমান — আমার শ্রদ্ধাভাজন, আমার অভিভাবক, আমার সাংবাদিকতার পথপ্রদর্শক, প্রিয় হাবিবুর রহমান কাকা।
আমার সাংবাদিকতা জীবনের শুরু বাংলার কণ্ঠ পত্রিকার হাত ধরে। সেই পত্রিকার সম্পাদক ছিলেন এম হাবিবুর রহমান। সাংবাদিকতার জগতে আমার প্রথম পথচলা, সংবাদ লেখা শেখা, মানুষের কথা তুলে ধরার সাহস এবং সাংবাদিকতার নীতি-নৈতিকতা সম্পর্কে প্রথম শিক্ষা—সবকিছুর পেছনেই ছিল তাঁর অসামান্য অবদান। আজও স্পষ্ট মনে আছে, যেদিন তিনি আমাকে প্রথম দেখেছিলেন, সেদিন তাঁর বলা কথাগুলো যেন আমার জীবনের পথ নির্দেশ হয়ে আছে। তিনি বলেছিলেন— “ইয়াং ম্যান, সাংবাদিকতা সৎ ও নিষ্ঠার সঙ্গে করতে হবে। তাহলে জীবনে অনেক বড় হতে পারবেন।”
সেদিন তাঁর কথাগুলো হয়তো একজন তরুণ সাংবাদিকের জন্য সাধারণ উপদেশ বলে মনে হতে পারত। কিন্তু আমার কাছে সেটিই ছিল সাংবাদিকতার প্রথম পাঠ, জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তাঁর সেই কথাকে হৃদয়ে ধারণ করেই সাংবাদিকতা শুরু করেছিলাম। সংবাদ সংগ্রহ, সংবাদ লেখা, মানুষের পাশে দাঁড়ানো এবং সত্যকে তুলে ধরার চেষ্টা—প্রতিটি ক্ষেত্রেই তাঁর সেই উপদেশ আমাকে পথ দেখিয়েছে।
আমি জীবনে যে কয়টি পত্রিকায় কাজ করেছি, পরবর্তীতে টেলিভিশন সাংবাদিকতায় যুক্ত হয়েছি। আমার এই পথচলার পেছনে হাবিবুর রহমান কাকার অবদান অনেক। তিনি শুধু আমাকে কাজের সুযোগ দেননি, তিনি আমাকে শিখিয়েছেন কীভাবে একজন সাংবাদিক হতে হয়, কীভাবে মানুষের সঙ্গে মিশতে হয়, কীভাবে নিজের পেশার প্রতি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ রাখতে হয়।
তিনি আমাকে কখনো শুধু একজন কর্মী কিংবা সাংবাদিক হিসেবে দেখেননি। দেখতেন নিজের ছেলের মতো। তাঁর সঙ্গে আমার সম্পর্ক ছিল এমন এক সম্পর্ক, যেখানে শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল, স্নেহ ছিল, আবার ছিল বন্ধুর মতো খোলামেলা কথা বলার সুযোগ। তাঁর সঙ্গে কথা বললে কখনো মনে হতো না, আমি একজন সম্পাদকের সামনে বসে আছি। মনে হতো, আমার আপনজন, আমার বন্ধু, আমার অভিভাবকের সঙ্গে কথা বলছি।
তিনি ছিলেন অসাধারণ বড় মনের একজন মানুষ। তাঁর মধ্যে ছিল না কোনো অহংকার, ছিল না পদ-পদবী নিয়ে গর্ব। প্রেসক্লাবের সভাপতি, পত্রিকার সম্পাদক ও মালিক—এতগুলো পরিচয় থাকা সত্ত্বেও তাঁর চলাফেরা ছিল অত্যন্ত সাধারণ, সহজ ও আন্তরিক। মানুষের সঙ্গে মিশতেন আপন করে। ছোট-বড় সবাইকে সম্মান করতেন। যত ছোটই হোক সকলকে তিনি ‘আপনি’ বলে সম্বোধন করতেন। তাঁর ব্যবহারেই বোঝা যেত, একজন মানুষের প্রকৃত বড়ত্ব তাঁর পদ-পদবীতে নয়, তাঁর হৃদয়ে।
তাঁর সঙ্গে কাটানো কত স্মৃতি আজ মনে পড়ে! একসময় তিনি আমাদের সঙ্গে ফুটবল খেলতেন। বয়সের ভার যেন তাঁকে কখনো স্পর্শ করতে পারেনি। মাঠে তাঁর প্রাণচাঞ্চল্য, হাসি, আনন্দ আর খেলাধুলার প্রতি ভালোবাসা দেখে মনে হতো তিনি যেন আমাদেরই সমবয়সী একজন তরুণ।
অনেক সময় মজা করে বলতাম, “কাকা, আপনাকে তো আমাদের চেয়েও ছোট মনে হয়!”
তিনি হেসে বলতেন, “সব সময় হাসিখুশি থাকবেন, খেলাধুলার মধ্যে থাকবেন। দেখবেন শরীর ও মন দুটোই ভালো থাকবে।”
তাঁর সেই হাসি, সেই প্রাণবন্ত কথাগুলো আজও কানে বাজে। তিনি শুধু সাংবাদিকতা শেখাননি, জীবনের আনন্দটুকু কীভাবে উপভোগ করতে হয়, কীভাবে হাসিমুখে বাঁচতে হয়, কীভাবে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হয়— সেটিও শিখিয়েছেন।
আজ তিনি আমাদের মাঝে নেই। তাঁর মৃত্যুর এক বছর পেরিয়ে গেছে। কিন্তু আমার কাছে মনে হয়, বাংলার কণ্ঠ পত্রিকার অফিসে গেলেই তিনি যেন এখনো তাঁর সেই চেয়ারে বসে আছেন। আগের মতোই মুখে হাসি নিয়ে তাকিয়ে বলছেন— “কি খাবেন, কামরুল সাহেব?”
তাঁর এই ডাকটি ছিল কত আপন, কত মায়াময়! কথাটি মনে পড়লেই বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে আসে। মনে হয়, মানুষটি বুঝি এখনো আমাদের মাঝেই আছেন। হয়তো একটু পরেই তাঁর কণ্ঠ শুনব, তাঁর হাসি দেখব, তাঁর সঙ্গে কিছুক্ষণ গল্প করব।
কিন্তু বাস্তবতা বড় কঠিন। তিনি নেই। তাঁর সেই চেয়ার আছে, তাঁর স্মৃতি আছে, তাঁর রেখে যাওয়া শিক্ষা আছে, তাঁর ভালোবাসার মানুষগুলো আছে— কিন্তু তিনি নিজে আর ফিরে আসবেন না।
কিছু মানুষের অনুপস্থিতি শুধু একটি জায়গা শূন্য করে না, শূন্য করে দেয় হৃদয়ের একটি বিশেষ অংশ। হাবিবুর রহমান কাকার চলে যাওয়া আমার কাছে তেমনই এক শূন্যতা।
তিনি ছিলেন অত্যন্ত সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত একজন মানুষ। তাঁর পোশাক, চলাফেরা, কথাবার্তা— সবকিছুতেই ছিল সরলতা। কোনো অহংকার ছিল না, কোনো কৃত্রিমতা ছিল না। মানুষের সঙ্গে মিশতেন হৃদয় দিয়ে। ভালোবাসতেন সাংবাদিকদের, ভালোবাসতেন সহকর্মীদের, ভালোবাসতেন তাঁর চারপাশের মানুষগুলোকে।
তাঁর মতো মানুষ আজকের সমাজে সত্যিই বিরল। পদ-পদবী, ক্ষমতা কিংবা পরিচয়ের ঊর্ধ্বে উঠে যিনি মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে জানতেন, তিনিই প্রকৃত বড় মানুষ। হাবিবুর রহমান কাকা ছিলেন তেমন একজন মানুষ।
সাংবাদিকতা আমার পেশা, কিন্তু এই পেশায় আমার প্রথম হাতেখড়ি যাঁর কাছে, তাঁর প্রতি কৃতজ্ঞতা কখনো শেষ হওয়ার নয়। আমার সাংবাদিকতার পথচলায় তাঁর অবদান শুধু অতীতের কোনো স্মৃতি নয়, এটি আমার প্রতিটি দিনের অনুপ্রেরণা। যখন কোনো সংবাদ তৈরি করি, যখন মানুষের কথা তুলে ধরার চেষ্টা করি, যখন পেশাগত দায়িত্ব পালন করি— তখন কোথাও না কোথাও তাঁর সেই প্রথম উপদেশ মনে পড়ে যায়। “সৎ ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করতে হবে।” এই কথাটিই আমার কাছে তাঁর সবচেয়ে বড় উত্তরাধিকার।
আজ তাঁর মৃত্যুর এক বছর পূর্ণ হয়েছে। সময়ের হিসাবে একটি বছর হয়তো খুব বেশি নয়, কিন্তু এই এক বছরে তাঁকে কতবার মনে পড়েছে। কতবার তাঁর অভাব অনুভব করেছি তা বলে বোঝানো সম্ভব নয়। কিছু স্মৃতি আছে, যা সময়ের সঙ্গে ম্লান হয় না; বরং সময় যত যায়, তত গভীর হয়।
হাবিবুর রহমান কাকা, আপনি আমাদের মাঝে নেই— কিন্তু আপনার শিক্ষা, আপনার ভালোবাসা, আপনার হাসি, আপনার আদর্শ এবং আপনার সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি আজও আমাদের মাঝে বেঁচে আছে।
আপনি আমার কাছে শুধু বাংলার কন্ঠের সম্পাদক ছিলেন না। আপনি ছিলেন আমার সাংবাদিকতার প্রথম শিক্ষক, আমার অভিভাবক, আমার আপনজন এবং আমার জীবনের অন্যতম পথ প্রদর্শক।
আপনার কাছ থেকে পাওয়া শিক্ষা আমি আজীবন বুকে ধারণ করে চলব। আপনার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা কখনো শেষ হবে না।
আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন। মহান আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আপনার কবরকে নূরে আলোকিত করুন এবং আপনাকে ক্ষমা করে শান্তিতে রাখুন।
আপনাকে খুব মনে পড়ে কাকা।
আপনার সেই হাসিমাখা মুখ, আপনার সেই স্নেহভরা ডাক, আপনার সেই সহজ-সরল কথাবার্তা — কিছুই ভুলতে পারব না।
আপনি চলে গেছেন, কিন্তু আমার সাংবাদিকতার পথচলায় আপনার নাম, আপনার শিক্ষা ও আপনার স্মৃতি চিরদিন বেঁচে থাকবে। বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় স্মরণ করছি আমার প্রিয় অভিভাবক, সাংবাদিকতার পথপ্রদর্শক এম হাবিবুর রহমান কাকাকে।
[ লেখক : সাংবাদিক ৭১ টেলিভিশন ]
অনেক সাংবাদিক গড়ার কারিগর হাবিবুর রহমান এক কিংবদন্তি
অগ্রজ প্রথিতযশা সাংবাদিক হাবিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা
স্মৃতির পাতায় আলোকিত মানুষ এম হাবিবুর রহমান
‘মলয়, তুমি কোথায় ?’ আমাকে করা জীবনের শেষ ফোন কল
ছোট বেলায় মামার সাথে স্মৃতিতে গাথা সে কালের কিছু কথা
হাবিব কাকা নেই, রয়ে গেছে তাঁর ভালোবাসা ও পথচলার স্মৃতি
হাবিবুর রহমান ভোলা প্রেসক্লাবকে সম্মানিত করেছেন
দ্বীপের কান্না থেকে ইতিহাসের অক্ষরে অমর হয়ে থাকবেন হাবিব রিপোর্টার
আমার প্রিয় হাবিব ভাই
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত