অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ | ১০ই অগ্রহায়ণ ১৪৩৩


হাবিব কাকা নেই, রয়ে গেছে তাঁর ভালোবাসা ও পথচলার স্মৃতি


এইচ আর সুমন

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৪

remove_red_eye

৫

এইচ আর সুমন : মানুষের জীবন ক্ষণস্থায়ী। কিন্তু কিছু মানুষ তাঁর কর্ম, আদর্শ, ভালোবাসা ও মানবিকতার মধ্য দিয়ে মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। এ ধরণের মানুষদের চলে যাওয়া শুধু একটি জীবনের অবসান নয়, একটি সময়ের সমাপ্তি; হারিয়ে যাওয়া একটি জনপদের স্মৃতি, ইতিহাসের অনেক অজানা অধ্যায় এবং প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত অভিজ্ঞতার বিশাল ভাণ্ডার। ভোলাসহ দক্ষিণাঞ্চলের সাংবাদিকতার কিংবদন্তি, বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার সম্পাদক এম. হাবিবুর রহমান ছিলেন তেমনই একজন চিরস্মরণীয়  মানুষ।
হাবিব কাকার সঙ্গে আমার সম্পর্কটি শুধু সাংবাদিকতা কিংবা কর্মক্ষেত্রের ছিল না। তিনি ছিলেন আমার অভিভাবক, শিক্ষক, পথপ্রদর্শক এবং পরম স্নেহের একজন মানুষ।
২০১২ সালে শ্রদ্ধেয় বড় ভাই, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ভাই আমাকে দৈনিক বাংলার কণ্ঠের কার্যালয়ে নিয়ে যান। তাঁর উদ্দেশ্য ছিল আমাকে সাংবাদিকতায় যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়া। সেখানে পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. হাবিবুর রহমানের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তখন কাকা ভোলা প্রেসক্লাবের সভাপতি ছিলেন।
প্রথম পরিচয়েই তাঁর আন্তরিকতা ও আপন করে নেওয়ার মানসিকতা আমাকে মুগ্ধ করেছিল। তিনি বার্তা সম্পাদক জুন্নু রায়হান (রাজা) ভাইকে ডেকে বলেছিলেন, সুমন অত্যন্ত ভাল ছেলে। তাকে আপনার সাথে সাথে রাখবেন। আপনার নিজের মত করে হাতে-কলমে তাকে সাংবাদিকতা শিখিয়ে দিবেন। রাজা ভাইও আমাকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন। তাঁর কাছ থেকে সাংবাদিকতার অনেক কিছু শেখার সুযোগ হয়। তাঁকে আমি গুরু, শিক্ষক ও ওস্তাদ হিসেবে সম্মান করি। হাবিব কাকা ও রাজা ভাই—দুজনের স্নেহ ও সহযোগিতায় সাংবাদিকতার পথচলা শুরু হয় আমার।
হাবিব কাকা আমাকে বাংলার কণ্ঠ এর বিএনপি বিটের সংবাদ সংগ্রহের দায়িত্ব দিয়েছিলেন। প্রায়ই বলতেন, “বিএনপির ছোট বড় যেকোনো অনুষ্ঠানই হোক না কেন, কোনো খবর যেন বাদ না যায়। সুমন এটা তোমার দায়িত্ব। তুমি খেয়াল রেখে অবশ্যই বিএনপির নিউজগুলো দিবা।  
প্রতিদিনই হাবিব কাকা আমার খোঁজ নিতেন। বিশেষ করে বিএনপির কোনো প্রোগ্রাম ছিল কি না ? আজকে কী হয়েছে? কাকা সব সময় মনে করিয়ে দিতেন, ‘বিএনপির কোনো প্রোগ্রাম হলে নিউজ দিও, কোনো নিউজ যেন বাদ না যায়।’
তাঁর এসব কথার মধ্যে শুধু দায়িত্ব দেওয়াই ছিল না, ছিল একজন সংবাদকর্মীকে তৈরি করার চেষ্টা, পেশার প্রতি নিষ্ঠা এবং দায়িত্ববোধের শিক্ষা।
তিনি সব সময় চাইতেন আমি জীবনে ভালো কিছু করি, নিজেকে প্রতিষ্ঠিত করি। একাধিকবার আইন কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু নিজের অলসতার কারণে ভর্তি হওয়া হয়নি। এ নিয়ে তিনি রাগও করতেন। বলতেন, তুমি ল’ নিয়ে পড়লে জীবনে অনেক উন্নতি করতে পারতে। কাকা বলতেন, সাংবাদিকতা দিয়ে সংসার চলে না। উকিল হলে পাশাপাশি সাংবাদিকতাটা চালিয়ে যেতে পারবা।’
আজ বুঝতে পারি, তাঁর সেই কথাগুলো ছিল আমার ভবিষ্যৎ নিয়ে একজন অভিভাবকের গভীর চিন্তা ও ভালোবাসা।
কাকা শুধু সাংবাদিকতার অভিভাবক ছিলেন না, জীবনের নানা ক্ষেত্রেও ছিলেন আমার স্নেহময় ছায়া। সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা বিভিন্ন কর্মসূচিতে তিনি আমাকে সব সময় সঙ্গে রাখতেন। কোনো অনুষ্ঠান থাকলে সবার আগে আমাকে ফোন দিতেন। মমতাভরা কণ্ঠে বলতেন, ‘ বাবা, তুমি কোথায় ?’ আমি বাসায় আছি বললে তিনি তাড়া দিয়ে বলতেন, ‘বাবা, দ্রুত চলে এসো, আমাদের প্রোগ্রামে যাওয়ার সময় হয়ে গেছে। তুমি আগে আমার বাসায় আসো, তারপর আমরা দুজন একসঙ্গে যাব।’
তাঁর এই ছোট ছোট কথার মধ্যে কতটা ভালোবাসা, গুরুত্ব আর আপন করে নেওয়ার মানসিকতা ছিল, তা ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি চাইতেন আমি তাঁর পাশে থাকি, মানুষের সঙ্গে মিশি এবং নতুন কিছু শিখি। তাঁর সেই আহ্বান ও একসঙ্গে পথচলার স্মৃতিগুলো আজও হৃদয়ে অমলিন।
হাবিব কাকা ছিলেন অত্যন্ত দক্ষ ফুটবলার। তাঁর সঙ্গে একই মাঠে খেলার সৌভাগ্যও আমার হয়েছিল। ২০১৫ সালে ভোলা প্রেসক্লাবের আয়োজনে ‘প্রিন্ট মিডিয়া বনাম ইলেকট্রনিক মিডিয়া’ প্রীতি ফুটবল ম্যাচে আমরা একই দল, প্রিন্ট মিডিয়ার হয়ে মাঠে নেমেছিলাম। সাংবাদিকতার বাইরেও ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা, প্রাণবন্ত উপস্থিতি ও দলগত মনোভাব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। সেই স্মৃতি আজও বিশেষ হয়ে আছে।
আমার ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক ও দায়িত্বশীল অভিভাবক। আমার বিয়ের সম্বন্ধের খোঁজখবর নিতে তিনি দৈনিক বাংলার কণ্ঠের প্রয়াত উপদেষ্টা সম্পাদক, সাবেক কমিশনার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর কাকার বাসায় পর্যন্ত গিয়েছিলেন। তিনি অসুস্থ থাকাকালেও একাধিকবার আমাকে সঙ্গে নিয়ে জাহাঙ্গীর কাকাকে দেখতে যান।
এক সময় আমার বিয়ের সম্বন্ধ আসে ধনিয়া ইলিয়াস মাস্টার বাড়ি থেকে। আমি কাকার কাছে পরামর্শ চাইলে তিনি বলেছিলেন, ‘ইলিয়াস মাস্টার বাড়ির লোকজন সামাজিক ভদ্র। তারা মানুষকে সম্মান করতে জানে। ওই বাড়ির  লোকজন ভালো মানুষ। ওই বাড়ির সিদ্দিক মৃধা আমার সঙ্গে লেখাপড়া করেছেন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে। আমরা একই সঙ্গে ছিলাম। তাঁদের পরিবারও ভালো। তুমি সেখানে সম্বন্ধ করতে পারো।’
বিয়ের দাওয়াত দিতে গেলে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। বলেছিলেন, ‘ তোমার শ্বশুরবাড়িতে কতজন বরযাত্রী যাবে বলে জানিয়েছ? তুমি যতজন লোক নিয়ে যাবে, তার চেয়ে পাঁচ-দশজন বাড়িয়ে বলবে। কিন্তু যাওয়ার সময় কম লোক নিয়ে যাবে। যতজন বলবা তার চেয়ে একজন লোকও যেন বেশি না হয়।’
শুধু পরামর্শই দেননি, আমার বিয়ের দিন নিজেও আমার সঙ্গে বরযাত্রী হয়েছিলেন। জীবনের গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে তাঁর এই উপস্থিতি আমাকে ভীষণ আনন্দিত ও সম্মানিত করেছিল।
হাবিব কাকার সঙ্গে বাংলাদেশ বেতারের বরিশাল অফিসে দুইবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। একবার কাকা ও হাসিব ভাইয়ের সঙ্গে বরিশাল সেটেলমেন্ট অফিসেও গিয়েছিলাম। সেদিন তিনি আমাকে বরিশাল প্রেসক্লাবেও নিয়ে যান।
কাকার ছোট মেয়ে শান্তা আপুর বিয়ের সময় ভোলা শহরের বিশিষ্ট ব্যক্তিদের দাওয়াত দিতে তিনি আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এমনকি তৎকালীন জেলা প্রশাসকের বাসায়ও বিয়ের কার্ড দিতে গিয়েছিলাম। সেই সময় ভোলা জেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক ফারুক মিয়াকে দাওয়াত দেওয়ার পর তিনি কাকাকে বলেছিলেন, ‘ হাবিব ভাই। আপনাদের প্রতি আমাদের একটা ভুল ধারণা ছিল। বিএনপির খবর আপনারাই গুরুত্ব দিয়ে করেন এবং আপনাদের পত্রিকায়ই তা বেশি ছাপা হয়। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ।’ এ ঘটনাটি আমার কাছে সাংবাদিকতার নিরপেক্ষতা, দায়িত্ববোধ ও মানুষের আস্থা অর্জনের একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে আছে। 
২০২১ সালের নভেম্বর মাসে আন্তঃজেলা প্রেসক্লাব ক্রীড়া লীগে অংশ নিতে লালমোহন উপজেলার কলেজ মাঠে যাওয়ার পথে কাকা ও আমি একই গাড়িতে ছিলাম। তিনি নিজেই চেয়েছিলেন আমি তাঁর সঙ্গে যাই। সেবার ভোলা প্রেসক্লাবের হয়ে মূল একাদশে খেলার সুযোগও তিনি আমাকে করে দিয়েছিলেন। তাঁর এই স্নেহ ও উৎসাহ আমার কাছে শুধু খেলার সুযোগ নয়, একজন অভিভাবকের কাছে গুরুত্ব পাওয়ার আনন্দ ছিল।
চোখের চিকিৎসার জন্য কাকা আমাকে সঙ্গে নিয়ে তিনবার ঢাকায় গিয়েছিলেন। ঢাকায় সাধারণত আমরা গুলিস্থানের পীর ইয়ামেনী হোটেলে থাকতাম। একবার চিকিৎসা শেষে ধানমন্ডি কাবাব ঘরে বর্তমান ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-শিল্পবিষয়ক সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া সাগরসহ অনেক গল্প ও আড্ডা হয়েছিল। আরেকবার আমি, হাসিব ভাই ও কাকিসহ তাঁর সঙ্গে ঢাকায় গিয়েছিলাম। এসব সফর ছিল চিকিৎসার পাশাপাশি একসঙ্গে সময় কাটানো, গল্প করা এবং তাঁর কাছ থেকে আরও অনেক কিছু শেখার সুযোগ।
একদিন কাকার পারিবারিক কাজে তাঁর সঙ্গে চরফ্যাশন উপজেলায় গিয়েছিলাম। চরফ্যাশন প্রেসক্লাবে গেলে স্থানীয় সাংবাদিকরা তাঁকে অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে গ্রহণ করেন। তাঁদের আন্তরিকতা দেখে উপলব্ধি করেছিলাম, একজন মানুষের কর্ম ও আচরণ কীভাবে তাঁকে মানুষের হৃদয়ে জায়গা করে দেয়।
হাবিব কাকা ছিলেন অতিথিপরায়ণ ও আপ্যায়ন প্রিয় মানুষ। অফিসে গেলে তিনি ইয়ামিনকে ডেকে বলতেন, ইয়ামিন, সুমন এসেছে, সুমনের জন্য নাস্তা আনো, জিজ্ঞেস করো ও কী খাবে। শুধু আমার জন্য নয়, অফিসে যেকোনো মানুষ এলে আন্তরিকতার সঙ্গে আপ্যায়ন করাতেন। তাঁর কাছে অতিথি আপ্যায়ন ছিল ভালোবাসারই একটি অংশ।
মৃত্যুর মাত্র পাঁচ দিন আগেও তিনি অফিসের ইয়ামিনকে বিশেষভাবে বলে গিয়েছিলেন, সুমনের সব কাজের প্রতি বিশেষ গুরুত্ব দিবে।
এই কথাটি মনে পড়লে আজও বুকটা ভার হয়ে আসে। শেষ দিনগুলোতেও তিনি আমার কথা মনে রেখেছিলেন, আমার কাজের খোঁজ নিয়েছিলেন। একজন মানুষ কতটা আপন করে নিলে এমনভাবে মনে রাখেন, তা ভাবলে তাঁর প্রতি ভালোবাসা আরও গভীর হয়।
কাকা যেখানেই যেতেন, যে প্রতিষ্ঠানেই পা রাখতেন, সবাই তাঁকে শ্রদ্ধার সঙ্গে বরণ করে নিতেন। তিনিও বিনয় ও আন্তরিকতার সঙ্গে সবার সঙ্গে কথা বলতেন। তাঁর মুখে সব সময় স্নিগ্ধ মুচকি হাসি লেগে থাকত।
বৈশাখী মেলার এক সন্ধ্যায় বিশিষ্ট সমাজসেবক নিজাম উদ্দিন আহমেদ কাকাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য তিনি আমাকে তাঁর সঙ্গে পাঠিয়েছিলেন। নিজাম উদ্দিন কাকাকে বলেছিলেন, সুমন ভালো ছেলে, আপনি ওর সঙ্গে নিরাপদে বাসায় যেতে পারেন।
তাঁর এই বিশ্বাস আমার জীবনের অনেক বড় প্রাপ্তি। একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে এমন আস্থা পাওয়া আমার কাছে অনেক বড় সম্মান।
একদিন সন্ধ্যায় পত্রিকা অফিসে কাকা আমাকে বলেছিলেন, সুমন, তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, এই সম্পর্ক দিয়ে অন্য কেউ হলে আমার নাম ভাঙিয়ে অনেক কিছুই করত। কিন্তু তুমি সেরকম ছেলে নও, তুমি তা করো না। তুমি যথেষ্ট সহজ-সরল। কিন্তু জীবনে যা করবা, সৎ পথে করবা। দেখবা, একদিন ঠিক তুমি তোমার জীবনের গন্তব্যস্থলে পৌঁছে যাবা।
তাঁর এই কথাগুলো আজও আমার জীবনের অন্যতম মূল্যবান উপদেশ। তিনি আমাকে বিশ্বাস করতেন, ভালোবাসতেন এবং সৎ পথে চলার শিক্ষা দিতেন। তাঁর সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করাই আজ আমার কাছে সবচেয়ে বড় দায়িত্ব।
আজ কাকার কথা খুব মনে পড়ে। তাঁর সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি লিখে শেষ করা যাবে না। এখানে কেবল কিছু স্মৃতি তুলে ধরলাম। কত গল্প, কত কথা, কত পথচলা, কত স্নেহ আর ভালোবাসার মুহূর্ত—সবকিছু আজ স্মৃতির পাতায় জমা হয়ে আছে।
হাবিব কাকা আজ আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর স্নেহ, ভালোবাসা, বিশ্বাস ও স্মৃতি রয়ে গেছে আমার হৃদয়ে, তাঁর সহকর্মীদের মাঝে, প্রিয় ভোলা শহরে এবং অসংখ্য মানুষের জীবনে।
তিনি যে পথ দেখিয়ে গেছেন, যে আদর্শ রেখে গেছেন, তা চিরকাল আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে। তাঁর শূন্যতা হয়তো কোনোদিন পূরণ হওয়ার নয়, তবুও তাঁর কর্মের মাঝেই তিনি বেঁচে থাকবেন চিরকাল।
পরপারে তিনি যেন পরম শান্তিতে থাকেন। মহান সৃষ্টিকর্তা তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন—আজ কায়মনোবাক্যে এই প্রার্থনাই করি।
হাবিব কাকা, আপনি নেই— কিন্তু আপনার ভালোবাসা, আপনার বিশ্বাস আর আপনার শেখানো পথ আজও আমার সঙ্গে আছে। আপনি আমার স্মৃতিতে, আমার হৃদয়ে, আমার জীবনের প্রতিটি ভালো কাজের অনুপ্রেরণায় বেঁচে থাকবেন।

[ লেখক : সাংবাদিক ]


মো : ইয়ামিন