মোঃ মহিউদ্দিন মহিন
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৫
৭
মোঃ মহিউদ্দিন মহিন : কিছু মানুষ সময়ের স্রোতে হারিয়ে যান না; বরং সময়ের বুকেই রেখে যান তাঁদের পদচিহ্ন। কিছু মানুষ কেবল নিজের জীবনকে আলোকিত করেন না, তাঁদের কর্ম, সাহস ও নিষ্ঠার আলোয় আলোকিত হয়ে ওঠে একটি জনপদ, একটি প্রজন্ম, এমনকি একটি ইতিহাস।
উপকূলীয় দ্বীপজেলা ভোলার সাংবাদিকতার ইতিহাসে তেমনই এক উজ্জ্বল নাম এম. হাবিবুর রহমান। তিনি শুধু একজন সংবাদকর্মী ছিলেন না ; তিনি ছিলেন ভোলার মানুষের সুখ-দুঃখ, বঞ্চনা, সংগ্রাম ও সম্ভাবনার বিশ্বস্ত ভাষ্যকার। মানুষের মুখের ভাষাকে যিনি সংবাদপত্রের অক্ষরে রূপ দিয়েছেন, নদীভাঙা জনপদের কান্নাকে যিনি জাতীয় বিবেকের দরজায় পৌঁছে দিয়েছেন, সেই মানুষটি আজ স্মৃতির পাতায়।
বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক, দৈনিক বাংলার কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং ‘হাবি রিপোর্টার’ নামে পরিচিত এম. হাবিবুর রহমান ছিলেন ভোলার সাংবাদিকতার এক অনন্য প্রতিষ্ঠান।
জন্ম, পরিবার ও শৈশবের দিনগুলো :
১৯৪৪ সালের ৩১ জানুয়ারি ভোলা সদরের ঐতিহ্যবাহী চরনোয়াবাদ সিকদার বাড়িতে জন্মগ্রহণ করেন এম. হাবিবুর রহমান। তাঁর বাবা সেকান্দার আলী সিকদার ছিলেন ভোলার অন্যতম পরিচিত মহাজনি ব্যবসায়ী। ধান, সুপারি, নারকেল ও মরিচসহ স্থানীয় কৃষিপণ্যের বৃহৎ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি সে সময় জেলার ব্যবসায়ী সমাজে বিশেষ পরিচিতি অর্জন করেছিলেন। মা সায়েদা খাতুন ছিলেন স্নেহময়ী, শৃঙ্খলাপরায়ণ ও আদর্শ গৃহিণী।
ছয় ভাই ও দুই বোনের সংসারে তিনি ছিলেন দ্বিতীয় সন্তান। ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। শৈশব থেকেই তাঁর মধ্যে ছিল মেধা, কৌতূহল, শান্ত স্বভাব এবং নেতৃত্বের সহজাত প্রবণতা। পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলায়ও ছিলেন অসাধারণ পারদর্শী। মাঠের খেলায় অর্জিত শৃঙ্খলা, সাহস ও দলগত চেতনা পরবর্তী জীবনে তাঁর কর্মজীবনেও প্রতিফলিত হয়েছিল।
শিক্ষার আলোয় আলোকিত জীবন :
জ্ঞানার্জনের প্রতি গভীর আগ্রহ তাঁকে উচ্চশিক্ষার পথে এগিয়ে নেয়। ভর্তি হন দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে অধ্যয়নকালে তিনি শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি; বরং সমাজ, রাষ্ট্র, রাজনীতি ও মানুষের জীবনসংগ্রামকে গভীরভাবে উপলব্ধি করার সুযোগ লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সুনামের সঙ্গে এম.এ. ডিগ্রি অর্জন করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা তাঁর চিন্তাজগৎকে প্রসারিত করেছিল। সমাজের অসংগতি, মানুষের অধিকার এবং রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়বদ্ধতা সম্পর্কে তাঁর উপলব্ধি আরও গভীর হয়েছিল। পরবর্তী সময়ে সাংবাদিকতার মধ্য দিয়ে সেই উপলব্ধিরই বাস্তব প্রতিফলন ঘটিয়েছেন তিনি।
সাংবাদিকতা— যেখানে পেশার চেয়ে বড় ছিল মানুষের প্রতি দায়বদ্ধতা : ১৯৬৭ সালে তৎকালীন স্বনামধন্য দৈনিক পূর্বদেশ পত্রিকায় যোগদানের মধ্য দিয়ে তাঁর সাংবাদিকতা জীবনের সূচনা। সেই সময় ভোলা ছিল যোগাযোগব্যবস্থার দিক থেকে অনেকটাই বিচ্ছিন্ন একটি দ্বীপাঞ্চল। নদীপথের অনিশ্চয়তা, সীমিত যোগাযোগ এবং সংবাদ পাঠানোর নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে ঢাকাকেন্দ্রিক সংবাদমাধ্যমে খবর পৌঁছে দেওয়া ছিল অত্যন্ত দুরূহ কাজ।
কিন্তু প্রতিকূলতা তাঁকে কখনো দমাতে পারেনি। সংবাদ সংগ্রহের জন্য তিনি ছুটে যেতেন মানুষের কাছে নদীর ঘাটে, হাটবাজারে, প্রত্যন্ত গ্রামের উঠোনে, চরাঞ্চলের অসহায় মানুষের পাশে। তাঁর সাংবাদিকতার মূল উপজীব্য ছিল মানুষ, মানুষের অধিকার এবং মানুষের বেঁচে থাকার সংগ্রাম।
এভাবেই তিনি হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের আস্থার প্রতীক। ‘হাবি রিপোর্টার’ নামটি কেবল তাঁর পরিচিতি ছিল না; এটি ছিল মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্কের এক অনন্য স্বাক্ষর।
১৯৭০-এর প্রলয়ংকরী ঘূর্ণিঝড়: একটি প্রতিবেদন, একটি ইতিহাস : ১৯৭০ সালের ১২ নভেম্বর। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মুহূর্তেই তছনছ করে দেয় উপকূলীয় জনপদ। ভোলা, মনপুরা, তজুমদ্দিনসহ বিস্তীর্ণ অঞ্চলে নেমে আসে মানবিক বিপর্যয়ের এক বিভীষিকাময় অধ্যায়। প্রকৃতির নির্মম আঘাতে অসংখ্য মানুষ প্রাণ হারান। জনপদের পর জনপদ পরিণত হয় লাশের স্তূপে, স্বজনহারা মানুষের আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ-বাতাস।
সেই ভয়াবহ বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে এম. হাবিবুর রহমান রচনা করেন সাংবাদিকতার ইতিহাসে স্মরণীয় এক প্রতিবেদন—
“বাংলার মানুষ কাঁদো, ভোলার গাছে গাছে ঝুলছে মানুষের লাশ।”
দৈনিক পূর্বদেশের প্রথম পাতায় আট কলামে প্রকাশিত সেই প্রতিবেদন ছিল নিছক সংবাদ নয়; ছিল একটি বিপর্যস্ত জনপদের বুকফাটা আর্তনাদ। ভোলার মানুষের অসহায়ত্ব, মৃত্যুর মিছিল ও মানবিক বিপর্যয়ের নির্মম চিত্র তিনি এমনভাবে তুলে ধরেছিলেন, যা দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছিল।
প্রতিবেদনটি দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পিআইবির আর্কাইভেও প্রতিবেদনটি সংরক্ষিত রয়েছে বলে জানা যায়। তাঁর এই সাহসী সংবাদ পরিবেশন ভোলার বিপর্যস্ত মানুষের দুর্দশাকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
একজন সাংবাদিকের কলম যে কখনো কখনো হাজারো মানুষের কান্নার ভাষা হয়ে উঠতে পারে, তাঁর সেই প্রতিবেদন তারই অনন্য দৃষ্টান্ত।
মুক্তিযুদ্ধের দিনগুলো: কলমের সাহস ও সত্যের প্রতি অঙ্গীকার : ১৯৭১ সাল। বাঙালির ইতিহাসে রক্ত, অশ্রু, প্রতিরোধ ও স্বাধীনতার অগ্নিঝরা অধ্যায়। পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা ও গণহত্যায় যখন বাংলার জনপদ ক্ষতবিক্ষত, তখন এম. হাবিবুর রহমানও তাঁর সাংবাদিকতার দায়িত্ব থেকে পিছিয়ে যাননি।
ভোলার ওয়াপদা কলোনিতে সংঘটিত হত্যাযজ্ঞের ভয়াবহ চিত্র তিনি তুলে ধরেছিলেন তাঁর প্রতিবেদনে। সেই প্রতিবেদনটির শিরোনাম ছিল—
“মরণপুরী ভোলা ওয়াপদা কলোনী।”
মুক্তিযুদ্ধের সেই উত্তাল সময়ে সত্য প্রকাশ করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। তবু তিনি ভয়কে জয় করে নির্মম বাস্তবতার সাক্ষ্য লিপিবদ্ধ করেছিলেন। তাঁর জীবন ও কর্মের সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতি ও সাহসিকতার এই অধ্যায় গভীরভাবে জড়িয়ে আছে। তিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিতি ও স্বীকৃতি লাভ করেন।
তাঁর কলমের প্রতিটি সাহসী উচ্চারণ যেন জানিয়ে দিয়েছিল—অত্যাচারের সামনে সত্যকে কখনো পরাজিত হতে দেওয়া যায় না।
ছয় দশকের সাংবাদিকতা: ভোলার ইতিহাসের এক নির্ভরযোগ্য দলিল :
প্রায় ছয় দশকের দীর্ঘ সাংবাদিকতা জীবনে এম. হাবিবুর রহমান নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন দায়িত্বশীল, সাহসী ও অনুসন্ধিৎসু সংবাদকর্মী হিসেবে। ভোলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে ১৮ বার এবং সাধারণ সম্পাদক হিসেবে আটবার দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন বাংলাদেশ বেতারের ভোলা জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন।
১৯৯৪ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক বাংলার কণ্ঠ। পরবর্তী সময়ে পত্রিকাটি ভোলার মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও স্থানীয় ইতিহাস তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমে পরিণত হয়। প্রায় ৩৫ বছর ধরে তিনি পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
একটি পত্রিকা প্রতিষ্ঠা করা যতটা কঠিন, প্রতিকূলতার মধ্যে সেটিকে দীর্ঘদিন টিকিয়ে রাখা তার চেয়েও কঠিন। আর্থিক সীমাবদ্ধতা, সংবাদমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা এবং নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে তিনি বাংলার কণ্ঠকে এগিয়ে নিয়েছেন নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে।
তাঁর সম্পাদনায় পত্রিকাটি হয়ে উঠেছিল প্রান্তিক মানুষের কণ্ঠস্বর। নদীভাঙনে নিঃস্ব পরিবার, অবহেলিত চরাঞ্চল, কৃষকের দুর্দশা, যোগাযোগের সংকট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাব—এসব বিষয় তিনি সংবাদপত্রের পাতায় তুলে ধরেছেন নিরলসভাবে।
পুরস্কার ও রাষ্ট্রীয় স্বীকৃতি :
সত্যনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতিও পেয়েছেন তিনি। ১৯৮৫ সালে ঢাকাগামী এমভি সামিয়া লঞ্চডুবির সংবাদ সর্বপ্রথম প্রকাশের জন্য রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন। ২০২২ সালে ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার সাহসী সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ লাভ করেন বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড।
তবে তাঁর জীবনের সবচেয়ে বড় পুরস্কার ছিল মানুষের ভালোবাসা ও আস্থা। কোনো পদক কিংবা সম্মাননার চেয়েও একজন সাংবাদিকের কাছে মানুষের বিশ্বাস অনেক বেশি মূল্যবান। এম. হাবিবুর রহমান সেই বিশ্বাস অর্জন করেছিলেন দীর্ঘ কর্মজীবনের সততা, সাহস ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে।
সম্পাদক নন, ছিলেন একটি প্রতিষ্ঠানের প্রাণপুরুষ :
দৈনিক বাংলার কণ্ঠ পরিবারের কাছে এম. হাবিবুর রহমান ছিলেন একজন সম্পাদক হওয়ার চেয়েও অনেক বেশি কিছু। তিনি ছিলেন অভিভাবক, পথপ্রদর্শক ও কর্মীদের নির্ভরতার আশ্রয়।
তরুণ সাংবাদিকদের সংবাদ লেখার কৌশল শেখানো, তথ্য যাচাইয়ের গুরুত্ব বোঝানো, ভুলত্রুটি সংশোধন করা এবং পেশাগত নৈতিকতার শিক্ষা দেওয়া ছিল তাঁর কর্মজীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর সাংবাদিকতার দর্শনে মানুষের প্রতি ভালোবাসা ও সত্যের প্রতি দায়বদ্ধতা ছিল মুখ্য।
তিনি বুঝতেন, সংবাদ কেবল কয়েকটি শব্দের সমষ্টি নয়; প্রতিটি সংবাদের পেছনে থাকে একজন মানুষের জীবন,একটি পরিবারের বাস্তবতা কিংবা একটি জনপদের দীর্ঘশ্বাস। তাই সংবাদ লেখার আগে মানুষের কথা শোনা এবং ঘটনার গভীরে প্রবেশ করাকে তিনি গুরুত্ব দিতেন।
যে মানুষটি সারাজীবন অন্যের দুঃখ-দুর্দশার সংবাদ লিখেছেন, তাঁর নিজের বিদায়ের সংবাদও একদিন প্রকাশিত হয়েছে তাঁরই প্রতিষ্ঠিত পত্রিকার পাতায়। জীবনের কী নির্মম পরিহাস! যে সংবাদপত্রকে তিনি নিজের শ্রম, মেধা ও ভালোবাসা দিয়ে গড়ে তুলেছিলেন,সেই সংবাদপত্রই একদিন তাঁর প্রয়াণের সংবাদ বহন করেছে।
শেষ বিদায়: থেমে গেল একটি পরিচিত কণ্ঠ :
২০২৫ সালের ২৪ নভেম্বর। ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এম. হাবিবুর রহমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু মহান সৃষ্টিকর্তার অমোঘ বিধানের কাছে শেষ পর্যন্ত সবাইকেই নত হতে হয়।
তাঁর মৃত্যুতে ভোলার সাংবাদিকতা অঙ্গনে নেমে আসে গভীর শোকের ছায়া। দৈনিক বাংলার কণ্ঠ পরিবার হারায় তাদেও দীর্ঘদিনের অভিভাবককে। ভোলার মানুষ হারায় এমন একজন সংবাদসৈনিককে, যিনি তাঁদেও সুখ-দুঃখের কথা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জীবনের দীর্ঘ সময় ব্যয় করেছেন।
আজ হয়তো কোনো চায়ের দোকানে তাঁর পরিচিত পদচারণা নেই, কোনো নদীর ঘাটে তাঁকে সংবাদ সংগ্রহ করতে দেখা যায় না, কোনো সম্পাদকের কক্ষে তাঁর নির্দেশনার অপেক্ষায় বসে নেই তরুণ সংবাদকর্মীরা। তবু তাঁর স্মৃতি রয়ে গেছে মানুষের হৃদয়ে, তাঁর প্রতিবেদন রয়ে গেছে ইতিহাসের পাতায়, তাঁর প্রতিষ্ঠিত সংবাদপত্র বহন কওে চলেছে তাঁর কর্মেও উত্তরাধিকার।
মানুষ চলে যান, ইতিহাস থেকে যায়:
এম. হাবিবুর রহমানের জীবন আমাদের শেখায়, সাংবাদিকতা কেবল জীবিকা অর্জনের পেশা নয়; এটি সত্যেও প্রতি দায়বদ্ধতা, মানুষের প্রতি ভালোবাসা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক সাহসী অঙ্গীকার।
তিনি ভোলার নদীভাঙন দেখেছেন, ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞ দেখেছেন, মানুষের স্বজন হারানোর কান্না শুনেছেন, মুক্তিযুদ্ধেও ভয়াবহতা প্রত্যক্ষ করেছেন। সেই অভিজ্ঞতাগুলোকে তিনি শব্দে শব্দে ধারণ করেছেন। তাঁর কলমে ভোলার ইতিহাস পেয়েছে এক অনন্য ভাষ্যকার।
একটি দ্বীপের ইতিহাস যখন জাতীয় সংবাদমাধ্যমের পাতায় জায়গা করে নিয়েছে, তখন তার পেছনে ছিল এই মানুষটির নিরলস শ্রম, অনুসন্ধিৎসু দৃষ্টি ও আপসহীন সাংবাদিকতা।
আজ তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর নাম উচ্চারিত হলে ভোলার সাংবাদিকতার একটি গৌরবোজ্জ্বল অধ্যায় ফিরে আসে। ফিরে আসে সেই ঐতিহাসিক প্রতিবেদন, ফিরে আসে ১৯৭০-এর ঘূর্ণিঝড়ের বেদনাবিধুর স্মৃতি, ফিরে আসে মুক্তিযুদ্ধের রক্তাক্ত দিনগুলোর কথা।
ভোলার নদী বয়ে যাবে আপন গতিতে, মেঘনা ও তেঁতুলিয়ার ঢেউ আছড়ে পড়বে চরাঞ্চলের তীরে। সময়ের আবর্তে বদলে যাবে জনপদ, বদলে যাবে সংবাদমাধ্যমের ভাষা ও প্রযুক্তি। কিন্তু মানুষের কথা বলার যে সাহস তিনি রেখে গেছেন, তা কখনো পুরোনো হবে না।
এম. হাবিবুর রহমান ছিলেন একটি দ্বীপের কণ্ঠস্বর, একটি জনপদের জীবন্ত অভিলেখ এবং সাংবাদিকতার নৈতিক সাহসের এক অনন্য প্রতীক। তাঁর মৃত্যু হয়েছে, কিন্তু তাঁর কর্মের মৃত্যু নেই।
পরিশেষে, মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁকে ক্ষমা করুন, কবরকে প্রশস্ত ও নূরান্বিত করুন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন।
তাঁর রেখে যাওয়া আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের সত্য, সাহস ও মানবিকতার পথে চলতে অনুপ্রাণিত করুক—এটাই হোক তাঁর স্মৃতির প্রতি আমাদেও গভীর শ্রদ্ধা ও ভালোবাসার অর্ঘ্য।
[লেখক: চিকিৎসক, কথা সাহিত্যিক, কবি ও সাংবাদিক ]
অগ্রজ প্রথিতযশা সাংবাদিক হাবিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা
স্মৃতির পাতায় আলোকিত মানুষ এম হাবিবুর রহমান
একজন অভিভাবক একজন পথপ্রদর্শক একজন নিরহংকার মানুষ হাবিব কাকা
‘মলয়, তুমি কোথায় ?’ আমাকে করা জীবনের শেষ ফোন কল
ছোট বেলায় মামার সাথে স্মৃতিতে গাথা সে কালের কিছু কথা
হাবিব কাকা নেই, রয়ে গেছে তাঁর ভালোবাসা ও পথচলার স্মৃতি
হাবিবুর রহমান ভোলা প্রেসক্লাবকে সম্মানিত করেছেন
আমার প্রিয় হাবিব ভাই
উপকূলের গণমুখি সাংবাদিকতার পথিকৃৎ : হাবিবুরর রহমান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত