নাসির আহমেদ
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০
১০
প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
॥ নাসির আহমেদ ॥
ভোলা জেলার সাংবাদিকতার ইতিহাসে এম হাবিবুর রহমান, আমার অগ্রজপ্রতিম প্রিয় হাবিব ভাই ছিলেন এক প্রতিষ্ঠানতুল্য ব্যক্তিত্ব। বিশেষ করে দেশের মূল ভূখণ্ড থেকে এককালের বিচ্ছিন্ন প্রায় জনপদ ভোলা দ্বীপের একজন তৃণমূলের সংবাদকর্মী হিসেবে তিনি অনেক অসাধ্য সাধন করে গেছেন। তাঁর দীর্ঘ ছয় দশকের সাংবাদিকতা জীবনের দিকে যদি আমরা ফিরে তাকাই, তাহলে বিস্মিত হতেই হবে। কারণ আজ থেকে প্রায় ৬০ বছর আগে অর্থাৎ স্বাধীনতা পূর্ববর্তী কালে তিনি ঢাকা থেকে প্রকাশিত দেশের মূল ধারার জাতীয় দৈনিক পূর্ব দেশে সাংবাদিকতা শুরু করেন। আজকের প্রেক্ষাপটে কল্পনাও করা যাবে না যে কী অসাধ্য সাধন করেছেন এম হাবিবুর রহমান! টেলিফোন ব্যবস্থাও ছিল অত্যন্ত সীমিত এবং প্রাচীন আমলের দুর্বল নেটওয়ার্কের। ফোন করতে হলে যেতে হতো ভোলা শহরের গাজীপুর রোডের টিএনটি অফিসে। হাতল ঘুরিয়ে ঘুরিয়ে করা সেই দুর্বল নেটওয়ার্কের টেলিফোনে কথাও ভালো মতো দুই প্রান্ত পরস্পরকে সমানভাবে শুনতেও পেত না। হাতের লেখা সংবাদ পোস্টাল ডাকে পাঠালেও যেতে লাগতো তিনচার দিন। ডাক ব্যবস্থাও তেমন ভালো ছিল না।
এরকম সর্বাঙ্গীণ প্রতিকূলতার মধ্যে কাজ করেছেন হাবিব ভাইদের মত সংবাদ কর্মীরা। রিপোর্ট সংশ্লিষ্ট ছবি এবং রিপোর্টটি ঢাকায় পাঠানো ছিল কঠিন কাজ। এই সীমাবদ্ধতা জেনে এবং মেনেই একজন রিপোর্টার হিসেবে নিজেকে তিনি পরিপূর্ণ নিবেদন করেছিলেন সাংবাদিকতা পেশায়। সাংবাদিকতায় তার অর্জন নিজ জেলায় এতটাই বিস্তৃত হয়েছিল যে নিজের পুরো নামটিও খন্ডিত হয়ে গিয়েছিল এই পেশার কারণে। এক ডাকে সবাই চিনতেন তাকে হাবিব রিপোর্টার নামে। তার পুরো নাম অনেকেই জানতেন না।
পাকিস্তানি ঔপনিবেশিক শাসনামলে আজকের মত দেশের প্রত্যন্ত অঞ্চলের গণমাধ্যম কর্মী তথা সংবাদকর্মীরা স্থানীয় প্রশাসনেরও তেমন সহযোগিতা পেতেন না। কারণ অধিকাংশ মহকুমা প্রশাসক এবং জেলা প্রশাসক ছিলেন পশ্চিম পাকিস্তানি অবাঙালি। এরকম বৈরী বাস্তবতার মধ্যেও প্রকৃত পেশাদার সাংবাদিক হিসেবে এম হাবিবুর রহমান আন্তরিক নিষ্ঠা এবং সাংবাদিকতাকে মানবসেবার ব্রত হিসেবে নেওয়ার ফলেই অনেক ক্ষেত্রে সাফল্য অর্জন করেছিলেন। বিশেষ করে ৬৯ এর গণঅভ্যুত্থানের আগে পরে পূর্ব বাংলার জনমানসে ছড়িয়ে পড়া দ্রোহের আগুন ভোলার মত দ্বীপাঞ্চলকেও উত্তপ্ত করেছে। সেসব সংবাদ যেমন তিনি পাঠিয়েছেন তেমনি পাকিস্তানি দুঃসাশন থেকে বাঙালির মুক্তির
সংগ্রামে সংগঠিত বিভিন্ন আন্দোলনেও ভূমিকা রেখেছেন তিনি।
তাঁর সাংবাদিকতার একটি স্মরণীয় ঘটনার উল্লেখ করতে চাই। যে ঘটনা তাকে সারাদেশে ব্যাপক পরিচিতি এনে দিয়েছিল এবং সেই রিপোর্ট কাঁদিয়েছে মানুষকে। ১৯৭০ সালের ১২ই নভেম্বর, রোজার মাস, কেউ ইফতার করেছেন কেউবা মাগরিবের নামাজে দাঁড়িয়েছেন। এমন সময় হুহু শব্দে বঙ্গোপসাগর থেকে ধেয়ে এসেছিল এক ভয়াল জলোচ্ছ্বাস। সন্ধ্যা গড়িয়ে রাত যত গভীর হয়েছে ততই তছনছ হয়েছে ভোলার বিস্তীর্ণ অঞ্চল। জলোচ্ছ্বাসের তাণ্ডবে লাখ লাখ মানুষ ভেসে গিয়েছিল চরাঞ্চলসহ ভোলার বিস্তীর্ণ জনপদ থেকে। বিশেষ করে মনপুরা, লালমোহন, চরফ্যাশন, বোরহানউদ্দিন, তজুমুদ্দিন দৌলতখান থানায় সবচেয়ে বেশি মানুষ জলোচ্ছ্বাসে ভেসে গেছে। এইসব থানার এমন কোন গ্রাম পাওয়া যাবে না যেখান থেকে কোন পরিবারের কেউ প্রাণ হারাননি। সারারাত ঝড় বৃষ্টির পর সকাল হতেই দেখা গেল গোটা মহকুমা জুড়ে ভাসছে লাশের পরে লাশ।
অগণিত লাশ।
সেদিন তরুণ সাংবাদিক এম হাবিবুর রহমান যোগাযোগ ব্যবস্থার চরম অচলাবস্থা আর প্রাকৃতিক বিপর্যয়ে প্লাবিত ভূখণ্ডের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে ঘুরে ১২ই নভেম্বরের বিপুল প্রাণহানি লন্ডভন্ড ঘরবাড়ি জনপদ আর লাশের পরে লাশের মর্মস্পর্শী ছবি তুলেছিলেন তার নিজস্ব ক্যামেরায়। সচিত্র সংবাদ ঢাকায় পাঠাবার কোনো ব্যবস্থা নেই। জেলে নৌকার মাঝিদের দিয়ে ঢাকায় পাঠিয়েছিলেন তিনি সেই সচিত্র সংবাদ পূর্বদেশে প্রকাশের জন্য। সেই রিপোর্ট প্রকাশের মধ্য দিয়ে বাংলার মানুষকে শুধু স্পর্শ করেননি,পাকিস্তানের কেন্দ্রীয় শাসকদেরকেও নাড়িয়ে দিয়েছিলেন তিনি। দৈনিক পূর্বদেশের তৎকালীন ফিচার সম্পাদক (প্রয়াত) প্রখ্যাত শিশু সাহিত্যিক ছড়াকার রফিকুল হক দাদুভাই একবার আমাকে বলেছিলে যে, তোমাদের ভোলা দ্বীপের যে লন্ডভন্ড হয়ে যাওয়া হাজার হাজার লাশের ছবি পাঠিয়েছিলেন আমাদের ভোলা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান। পূর্বদেশ আট কলামের ছবি
ছেপেছিল। মৃত মায়ের বুকের উপর শিশুর লাশের। সেই ছবির নিচে আমি ক্যাপশন লিখে দিয়েছিলাম —
ঘুমো বাছা ঘুমো রে /সাগর দিল চুমো রে...
অনেকের লেখায় হাবিব ভাইয়ের সেই রিপোর্টের কথা পরবর্তীকালে উল্লেখ করা হয়েছে। সেই রিপোর্ট এবং ছবি দেখে সারা দুনিয়া জেনে ছিল ভোলা দ্বীপে মানব সভ্যতার চরম বিপর্যয়ের সেই খবর।
শত সীমাবদ্ধতা সত্বেও নিষ্ঠা আর সাধনার মধ্য দিয়ে দিয়েই মানুষ তার সীমাবদ্ধতা অতিক্রম করতে পারে। বাংলাদেশের জাতীয় পর্যায়ের তথা ঢাকাকেন্দ্রিক প্রধান কাগজগুলোতে কাজ করা সাংবাদিকতার পাশাপাশি গ্রামবাংলার তৃণমূল মানুষের সঙ্গে থেকে সাংবাদিকতার ক্ষেত্রে একটা বিভাজন রেখা টানা হলেও অনেকেই তৃণমূল মানুষের সঙ্গে থেকেও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার জ্বলন্ত দৃষ্টান্ত দৈনিক পাকিস্তানের মুন্সিগঞ্জ সংবাদদাতা (পরবর্তীকালে দৈনিক বাংলারও) শফিউদ্দিন সাহেব, সংবাদের উত্তর জনপদের প্রতিনিধি মোনাজাত উদ্দিন আহমদ, যশোরের দৈনিক বাংলা প্রতিনিধি (পরবর্তীকালে জনকণ্ঠের বিশেষ সংবাদদাতা) ঘাতকের গুলিতে নিহত শামছুর রহমান কেবল-এর পাশাপাশি আমি এম হাবিবুর রহমানের ও তৃণমূল সংলগ্নতা উপলব্ধি করি আন্তরিকভাবেই। যে স্বনামখ্যাত তিনজনের কথা উল্লেখ করলাম সৌভাগ্যক্রমে তাদের তিনজনের সঙ্গেই দৈনিক বাংলা এবং জনকণ্ঠে কাজ করার স্মৃতি এবং অভিজ্ঞতা আমার আছে। আমি অগ্রজপ্রতিম আমাদের হাবিব ভাইকে ভোলার সাংবাদিকতা অঙ্গনের বাতিঘর বলে মনে করি। বহুকাল তিনি ভোলা জেলার গণমাধ্যম অঙ্গনকে আলোকিত করে রেখেছিলেন। অগ্রজপ্রতিম এই সাংবাদিক ব্যক্তিত্ব ভোলার সাংবাদিকতার ক্ষেত্রে নেতৃত্ব যেমন দিয়েছেন, তার সম্পাদিত ও প্রকাশিত দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার মধ্য দিয়ে বহু সাংবাদিক সৃষ্টি করেছেন। ভোলার বর্তমান সাংবাদিকদের অনেকেই তার সৃষ্টি এবং তার কাছে ঋণী। ভোলা জেলা পর্যায়ের আজকের প্রতিষ্ঠিত অনেকেই তার পত্রিকায় কাজের মধ্য দিয়ে সাংবাদিকতার প্রথম পাঠ নিয়েছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন এবং পরবর্তীকালে জাতীয় গণমাধ্যমে কাজের সুযোগ পেয়েছেন। জনকল্যাণে সংবাদকর্মী হিসেবে আমৃত্যু নিবেদিত সাংবাদিক হিসেবে তার অবদানের জন্য তিনি যেমন উল্লেখযোগ্য ভূমিকা-অধিকারী তেমনি তৃণমূল পর্যায়ে সাংবাদিক সৃষ্টির কারিগর হিসেবেও বহু কাল স্মরণীয় হয়ে থাকবেন ভালোবাসির কাছে।
ব্যক্তিগত জীবনে হাবিব ভাইয়ের সঙ্গে আমার পরিচয় প্রায় ৫০ বছরের। ১৯৭৬ সালে আমি ঢাকার ৯১ নবাবপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক গণমুক্তিতে কাজ শুরু করেছিলাম অনার্সের ছাত্র থাকাকালীন। সেই সময় থেকে হাবিব ভাইকে আমি অগ্রজ হিসেবে জেনে এসেছি।
বাবা মা মারা যাওয়ার পর গ্রামের বাড়িতে যাওয়া আসা কমে গেছে। ভোলায় যখন নিয়মিত যেতাম তখন প্রায়ই তার সঙ্গে দেখা হতো, কথা হতো। একসঙ্গে কত চা খেয়েছি। বয়োকনিষ্ঠ সত্বেও আমি অনুরোধ করে তাকে তুমি সম্বোধন করাতে পারিনি। আমি তাকে জেনেছি একজন বিনয়ী, সজ্জন, অনুসন্ধিৎসু সাংবাদিক এবং ভদ্রলোক হিসেবে। বিপুল কৌতূহল ছিল তার সমাজ, সংস্কৃতি ও রাজনীতির সম্বন্ধে। ২০১০ সালের বাংলা একাডেমী পুরস্কার অর্জনের পর ভোলা জেলা প্রশাসন ২০১১ সালের ফেব্রুয়ারিতে আমাকে সংবর্ধনা দিয়েছিল ওবায়দুল হক কলেজ প্রাঙ্গনে আয়োজিত বইমেলায়। সে ছিল বিরাট আয়োজন। সেদিন হাবিব ভাই আমার প্রতি যে ভালোবাসা এবং আবেগ প্রকাশ করেছিলেন, আমাকে নিয়ে অহংকার প্রকাশ করেছিলেন —তা আমাকে অভিভূত করেছিল। অনুজের প্রতি অগ্রজের স্বীকৃতি এবং শ্রদ্ধাবোধ আমি সেদিন মর্মে মর্মে উপলব্ধি করেছি। সেজন্যে তার আত্মার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি আজও।
হাবিব ভাইয়ের গণমুখী সাংবাদিকতা প্রসঙ্গে একটি স্মরণীয় মন্তব্যের উল্লেখ করে এ আলোচনা শেষ করতে চাই। প্রায় ৪০ বছর আগে দৈনিক বাংলায় কর্মরত অবস্থায় সম্পাদক আহমেদ হুমায়ুন একদিন বলেছিলেন যে, তোমার লেখনীর দ্বারা যদি দূর মফস্বলের কোনো অজপাড়াগাঁয়ে একটি হাতল ভাঙা টিউবওয়েলের হাতল বদল হয় আর জনসাধারণ বিশুদ্ধ পানি পানের সুযোগ পায় ,তাহলেই মনে করতে পারো সেদিন তোমার সাংবাদিকতা সার্থক হলো। হাবিব ভাই ছিলেন তেমনি একজন গণমানুষের কল্যাণকামী সাংবাদিক —যিনি আজীবন জনকল্যাণে তার কলমটিকে ব্যবহার করে গেছেন। যে কারণে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চরম দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়েও তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষে তার কলম এবং ব্যক্তিগত জীবন বাজি রেখেছিলেন। প্রয়াণ বার্ষিকীর এই বিয়োগান্ত মুহূর্তে আমি গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করি এবং তার বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করি।
[ লেখক : উপদেষ্টা সম্পাদক দৈনিক দেশের কন্ঠ ও দি ডেইলি এক্সপ্রেস, পুরানা পল্টন ঢাকা। সাবেক পরিচালক (বার্তা) বাংলাদেশ টেলিভিশন। ]
ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার
হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার
বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা
ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক
হাবিবুর রহমান ছিলেন দেশ প্রেমিক নিষ্ঠাবান সাংবাদিক
সাংবাদিক হাবিবুর রহমান কালজয়ী একটি অধ্যায়
দৈনিক বাংলার কণ্ঠ প্রজন্মের আলো ছড়ানো এক প্রদীপ
আমার দেখা শ্রদ্ধেয় এম হাবিবুর রহমান
হাবিবুর রহমান যে চরিত্রের মৃত্যু নেই
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত