এস. এম. বাহাউদ্দিন
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২২
১৫
এস. এম. বাহাউদ্দিন : ভোলা শহরের সাংবাদিকতা ইতিহাসে ‘দৈনিক বাংলার কণ্ঠ’ একটি আবেগের নাম, এক প্রজন্মে আলো ছড়ানো এক প্রদীপ। আর এই কাগজের প্রাণপুরুষ, শ্রদ্ধেয় সম্পাদক এম. হাবিবুর রহমান আজ আমাদের মাঝে নেই। তিনি মহান আল্লাহর জিম্মায় চিরকালের মতো শান্তিতে শায়িত আছেন। তাঁর মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে যখন এই বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে, তখন অবলীলায় ভেসে উঠছে সেই আশির দশকের শেষ ও নব্বইয়ের দশকের শুরুর উত্তাল ও সৃষ্টিশীল দিনগুলো।
১৯৯৩-৯৪ সালের দিকে আমি সবেমাত্র কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক তরুণ সংবাদকর্মী। ভোলায় প্রথম লেটার টাইপ ফ্ল্যাট বেড ছাপার মেশিনটি এসেছিল এই ‘বাংলার কণ্ঠ’ পত্রিকার হাত ধরেই। সেই ঘূর্ণায়মান মেশিনের শব্দ আর কালির সুবাস ছিল আমাদের কাছে কোনো রূপকথার চেয়েও কম কিছু নয়।
তৎকালীন সময়ে আমাদের কাজ শুধু সংবাদ সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আমি মূলত ভোলা সরকারি কলেজ ক্যাম্পাস, বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গন এবং পাড়া-মহল্লার নানা অসংগতি, সম্ভাবনা ও জনজীবনের চিত্র তুলে ধরে নিউজ করতাম। একজন সংবাদকর্মী হিসেবে সেদিনের সেই কাজগুলো আমাকে সমাজকে ভেতর থেকে বুঝতে শিখিয়েছিল।
একটি জেলা শহরের পত্রিকা অফিস হওয়া সত্ত্বেও ‘বাংলার কণ্ঠ’র অফিসটি ছিল জমজমাট, প্রাণবন্ত এক আড্ডার কেন্দ্র। সন্ধ্যার মুখেই অফিসের টেবিলে লাল চা, গরম পিয়াজু আর ছোলা আসত যা ছিল একরকম অবধারিত বা বাধ্যতামূলক। আর সৌভাগ্যের দিনগুলোতে কখনো কখনো গরম পুরিও যোগ হতো সেই আড্ডায়। তবে এই আনন্দের আড্ডার পাশাপাশি কাজের চাপও ছিল ঠিক ততটাই পাহাড়সম। সে যুগে আজকের মতো আধুনিক কম্পিউটার বা ডিজিটাল মেকআপের সুযোগ ছিল না। খবরের কাগজ সাজানো, নিখুঁত মেকআপ- গেটাপ দেওয়া ছিল অত্যন্ত কঠিন ও ধৈর্যের কাজ। বার্তা সম্পাদক মোকাম্মেল হক মিলন ভাই এবং স্বয়ং সম্পাদক এম. হাবিবুর রহমান গভীর মনোযোগ ও নিখুঁত হাতে সেই কাজ করতেন। কখনো কখনো পুরো পত্রিকা সাজাতে এবং প্রেসের কাজ শেষ করতে আমাদের ঘাম ছুটে যেত।
আজ পেছনে ফিরে তাকালে মনে এক অদ্ভুত নস্টালজিয়া কাজ করে। তখন আমার বয়স অনেক কম ছিল, কিন্তু সম্পাদক এম. হাবিবুর রহমান, বার্তা সম্পাদক মোকাম্মেল হক মিলন, অমিতাভ অপু, শাহ মতিন টিপু ভাইদের মতো সেই সময়ের সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র ও হিরোদের সান্নিধ্যে কাজ করতে পেরে নিজেকে তাদেরই দলের একজন মনে হতো। সেই আনন্দ আর প্রাপ্তির অনুভূতি ছিল সম্পূর্ণ অন্যরকম। পত্রিকা অফিসের সেই কোলাহল, প্রাণখোলা আনন্দ-আড্ডা, আর কলম ধরে লিখন-শিখনের সেই হাতেখড়ি আজকের ডিজিটাল যুগে এসে তা যেন এক রূপকথার মতো মনে হয়।
আজকের এই পথচলায় বিজ্ঞজনদের সাথে মেশা, তাদের কাছ থেকে জ্ঞান আহরণ এবং লেখনীর সাথে সখ্য সবকিছুর পেছনেই রয়েছে এম. হাবিবুর রহমান এবং তাঁর ‘বাংলার কণ্ঠ’ পত্রিকার অবদান। তিনি আমাদের শুধু সংবাদকর্মী বানাননি, মানুষ হিসেবেও ঋণী করে গেছেন।
মহান আল্লাহর দরবারে বিনীত প্রার্থনা, শ্রদ্ধেয় এম. হাবিবুর রহমান ওপারে ভালো থাকুন, শান্তিতে থাকুন। আর তাঁর হাতে গড়া ‘বাংলার কণ্ঠ’ সত্য ও সাহসের আলো নিয়ে মানুষের কল্যাণে এগিয়ে যাক এটাই আন্তরিক প্রত্যাশা।
[ লেখক: সাংবাদিক ও সমাজকর্মী ]
ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার
হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার
হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান
বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা
ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক
হাবিবুর রহমান ছিলেন দেশ প্রেমিক নিষ্ঠাবান সাংবাদিক
সাংবাদিক হাবিবুর রহমান কালজয়ী একটি অধ্যায়
আমার দেখা শ্রদ্ধেয় এম হাবিবুর রহমান
হাবিবুর রহমান যে চরিত্রের মৃত্যু নেই
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত