অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ | ১০ই অগ্রহায়ণ ১৪৩৩


সাংবাদিক হাবিবুর রহমান কালজয়ী একটি অধ্যায়


অমিতাভ অপু

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৬

remove_red_eye

১৩

॥ অমিতাভ অপু ॥
সময় থেমে থাকে না। পরিক্রমায় ২৪ নভেম্বর । যে বার্তা ছিল থমকে যাওয়ার। একজন অভিভাবক হারানোর। না ফেরার দেশে চলে যাওয়া একজন বীর মুক্তিযোদ্ধার, একজন গুণীজনের। এক অধ্যায়ের পরিক্রমায় কালজয়ী একটি নাম এম. হাবিববুর রহমান।
ভোলাসহ দক্ষিণাঞ্চলের সাংবাদিকতার কিংবদন্তিতুল্য ছিলেন তিনি। ভোলা প্রেসক্লাবের ১৮ বার নির্বাচিত সভাপতি, ৮ বার সম্পাদকসহ ৩৫ বছর দায়িত্বে থাকার গৌরবের অধ্যায়। দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ছিলেন। শুরু ছিল পূর্বদেশ পত্রিকা দিয়ে। টানা ৬০ বছরের সাংবাদিকতার এক বটবৃক্ষকের নাম হাবিবুর রহমান। কোন অপ-সাংবাদিকতা,  কোন অতি-সাংবাদিকতা, কোনকালিমা ছিলনা সেখানে। 
দেশ স্বাধীকার আন্দোলনের অংশ ছিলেন। জীবন বাজি রেখে পাকহানাদার বাহিনীর নির্মম টর্চারসেলের ছবি ধারণ করে তা সংবাদসহ পত্রিকায় ছাপানোর সাহসিকতার জন্য তিনি বীর মুক্তিযোদ্ধা সনদে সম্মাানিত হন। এই মানুষটি গেল বছর এই দিনে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন।   মৃত্যুকালে তার বয়স এনআইডি সনদ অনুযায়ী  ৮১।  প্রকৃত বয়স ছিল ৮৫ বছর। 

 শৈশব ও শিক্ষা জীবন:  জেলা শহরের পৌর ৪ নং ওয়ার্ডের  বনেদি পরিববার সিকদার বাড়িতে তার জন্ম। বাবা সেকান্দর আলী সিকদার। মা সাহেরা খাতুন। ছয় ভাই দুই বোনের  মধ্যে হাবিবুর রহমান ছিলেন মেঝ। জানা যায় তৃতীয় শ্রেনিতে ভর্তি হন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে। এই স্কুল থেকেই ১৯৫৯ সালে মেট্রিক ( এসএসসি)  পাশ করেন।  ইন্টারমিডিয়েট ( এইচএসসি)  পাশ করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে। এরপর দক্ষিণাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ বাংলার অক্সফোট খ্যাত বিএম কলেজে ভর্তি হয়ে কিছুদিন পড়ার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বলা যায় ওই সময় থেকেই তৎকালীন প্রথম শ্রেণির পত্রিকা  দৈনিক পূর্বদেশে সাংবাদিকতা শুরু করেন। ৬৯ এর গণঅভ্যুত্থান আন্দোলনে যোগ দেন। 

কর্মজীবন :  স্কুল জীবন থেকে ফুটবল খেলোয়াড় হিসাবে স্বীকৃতি পান। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে ফুটবল টিমের সেরা খেলোয়াড় ছিলেন। বলা যায় ওই সুবাদে ওয়াবদা ( পানি উন্নয়ন বোর্ড) এ খেলোয়ার হিসেবে নিয়োগ পান। ওই বিভাগের ফুটবল টিমে তিনি খেলতেন। একই সঙ্গে নিজ জেলায় ফিরে সাংবাদিকতা শুরু করেন। ১৯৭০ সালের ১২ নভেম্বর  জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় গোর্কীর তাণ্ডবে নিশ্চিহ্ন জনপদের সংবাদ তার মাধ্যমে প্রথম প্রকাশিত হয় তৎকালীন পূর্বদেশ পত্রিকায়। কাঁদো বাঙালী কাঁদো, ভোলার গাছে গাছে ঝুলছে লাশ’ ওই শিরো নামের সংবাদটি পিআইবি’তে আজও সংরক্ষিত রয়েছে। তার সংবাদ প্রকাশের পরই ঘটনার চার পাঁচ দিন পর রাজধানীর মানুষ জানতে পারে নিশ্চিহ্ন জনপদের খবর। 
এমভি সামিয়া লঞ্চ ডুবির নিউজ সর্ব প্রথম রেডিওতে প্রকাশ হওয়ায় তিনি রাষ্ট্রপতির পুরস্কার পান। মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে পাকহানাদের টর্চার সেলের সচিত্র প্রতিবেদন প্রকাশ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাংবাদিকতা করে গেছেন। ১৯৮৬ থেকে ৯০ সাল পর্যন্ত ঠিকাদারি ব্যবসায় যুক্ত ছিলেন। সরকার পরিবর্তনে তার একটি কাজের বিল ১২ লাখ টাকা তিনি না পাওয়ায় তাকে ব্যাপক লোকসান গুণতে হয়েছে। কিছুকাল তিনি খাদ্য বিভাগে ডিলার হিসেবে নিয়োগ পান। বলা যায় মৃত্যুর আগের ৩৫ বছর সব কিছু ছেড়ে দিয়ে তিনি কেবল সাংবাদিকতার সঙ্গেই যুক্ত ছিলেন। তিনি এলাকায় হাবিব রিপোর্টার হিসেবে পরিচিতিলাভ করেন। 
১৯৯৪ সাল থেকে মৃত্যুকাল পর্যন্ত নিজের সম্পাদনায় প্রকাশ করে যান দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকা। অনেক চড়াই-উতরাই পেরিয়ে বাংলার কন্ঠ গণমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়। রাজনৈতিক উত্তেজনা, ঝড় বৃষ্টি ও অতিগরম সব পরিবেশ মোকাবিলা করেই হাবিবুর রহমান তার পত্রিকা অফিসে সময় দিতেন। তার মৃত্যুতে সম্পাদকের ভূমিকায় আসিন হয়েছেন ছেলে হামিদুর রহমান হাসিব। বলা যায় হাসিব গেল এক বছর শারিরীক অসুস্থ্যার মধ্যেও  বাবার আদর্শে পত্রিকাটি প্রকাশ করে গেছেন। 

অভিনেতা হাবিবুর রহমান : পঞ্চাশ ও ষাট দশকে ভোলার নাট্যাঙ্গনে হাবিবুর রহমানের নাম আজও স্মরণীয়। বাংলার শেষ নবাব সিরাজ উদৌলাসহ বিভিন্ন ঐতিহাসিক নাটকে এম ফারুকুর রহমান,  আনোয়ার হোসেন, হাসান মাসুদ, যেমন ছিলেন নবাবের ভূমিকায় অনন্য। তেমনি হাবিবুর রহমান ছিলেন রবার্ট ক্লাইভ এর ভূমিকায়।  কথিত রয়েছে  প্রকৃত রবার্ট ক্লাইভকে অনুকরণ করতে গিয়ে হাবিবুর রহমান তার মাথার চুল একইভাবে গড়ে তোলেন। বলা যায় ওই থেকেই কিছুটা বাঁকা কোকরানো ছিল চুল। যা মৃত্যুর আগ পর্যন্ত ছিল। তিনি নিখুঁত অভিনয়ের জন্য পুরস্কারও পেয়েছেন।  ওই সময় তাদের নাট্যদল ভোলার বিভিন্ন উপজেলা (তৎকালীন থানা এলাকা) নাটক মঞ্চায়নে যেতেন। ভোলা মহকুমার বাইরেও অভিনয় করে সুখ্যাতি অর্জন করেন।
মুক্তিযুদ্ধে অবদান :  মুক্তিযুদ্ধে হাবিবুর রহমানের অবদান আজও স্মরণ করেণ বিভিন্ন পেশার মানুষ। পানি উন্নয়ন বোর্ডের খেলোয়াড় হিসেবে ও চাকুরির সুবাধে ওই দফতরে যাতায়াত ছিল অবাধ। পানি উন্নয়ন বোর্ড অফিসের ভেতর ছিল পাক হানাদার বাহিনীর জেলার প্রধান ক্যাম্প।  সেখানেই ছিল টর্চার সেল।  মুত্তিকামী মানুষদের ধরে এনে নির্যাতন চালানোন হতো। তাই ওই স্থানে প্রবেশ করা কঠিন বিষয় ছিল। হাবিবুর রহমান মাথা সমান জঙ্গলের ভেতর অবস্থান করে নির্মম দৃশ্যের ছবি তোলেন। সঙ্গে ছিলেন, অনুজ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা ফরিদ হোসেন বাবুল। যাও সচিত্র প্রতিবেদন ছাপা  হয় দৈনিক পূর্বদেশে। এ কারণে মুক্তিযোদ্ধা সাংবাদিকদের একজন ছিলেন হাবিবুর রহমান।

অপর ঘটনা :  ১৯৭০ সালে ভয়াল গোর্কির জলোচ্ছ্বাসের আঘাতে যখন ভোলার জনপদ নিশ্চিহ্ন।  পাঁচ লাখ মানুষের মৃত্যুর খবরটি জেলার বাইরে (তখন মহকুমা)  পাঠানোর সুযোগ ছিল না। ছিলনা আজকের মত ই-মেইল,  হোয়াটসঅ্যাপ কিংবা অন্য কোন ই-নেট ভিত্তিক নেটওয়ার্ক। তখন দৈনিক পূর্বদেশ পত্রিকায় ছাপা হয় হাবিবুল রহমানের বাই নেইমে -” কাঁদো বাঙালি কাদোঁ,  বাংলার গাছে গাছে ঝুলছে লাশ”।  ঘটনার ৬ দিন পর এই সংবাদের প্রেক্ষিতে  টনক নড়ে পাক সরকারের।৷ 
যখন প্রশাসন তথ্য পাঠাতে ব্যর্থ। তখন বিচ্ছিন্ন জনপদের সচিত্র প্রতিবেদন তুলে ধরে একজন সাংবাদিকই পেরেছিলেন, সরকারের দৃষ্টি ফেরাতে। সেটি ছিল, দৈনিক পূর্বদেশে হাবিবুর রহমান লেখা। ওই সময় ছবি তুলে ফ্লিমসহ নিউজ ঢাকায় পাঠানোর কাহীনি আজ ইতিহাসের অংশ। প্রতি বছর ১২ নভেম্বর স্মরণকালে সাংবাদিক হাবিবুর রহমানের প্রকাশনার কথা উঠে আসে। 

বেঁচে থাকবেন চিরকাল : এমন অন্যন্য সাংবাদিকতার জন্যই অনন্তকাল বেঁচে থাকবেন তিনি। ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. ফারুকুর রহমানের দৃষ্টিতে হাবিব অন্তর্মুখি কাজ করে যেতো। আর এর মধ্য দিয়েই সে সাংঘাতিক সাহসিকতার সাংবাদিকতা করে আলোড়ন সৃষ্টি করে গেছে। ফারুকুর রহমান জানান, হাবিবুর রহমানদের পরে সাংবাদিকতা শুরু করেন তিনি। তিনিও ২৮ বছর ভোলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। কিন্তু কখনও জমকালো সংবর্ধনা পান নি।  ২০২২ সালে বসুন্ধরা গ্রুপের অ্যাওয়ার্ড-২০২১ হাবিবুর রহমান অর্জন করার পর সবচেয়ে খুশি হয়েছেন বলে জানান এম ফারুকুর রহমান। ওই বছর তার দাবি ও নির্দেশনায় হাবিবুর রহমানকে ভোলা প্রেসক্লাবের পক্ষ থেকে স্বর্ণপদক ও জমকালো সংবর্ধনা দেওয়া হয়। 

সাংবাদিকতায় সহকর্মী : সাংবাদিকতায় হাবিবুর রহমানের সহযোদ্ধা ছিলেন যারা এরা হচ্ছেন স্বাধীনতা পূর্ব ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক  মোঃ আবু তাহের, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. ফারুকুর রহমান, মরহুম ছিদ্দিকুর রহমান, সাবেক সহ-সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, সাবেক সহ-সভাপতি ,  অধ্যক্ষ মরহুম সামসুল আলম সেলিম চৌধুরী, সাবেক সম্পাদক মরহুম ফরিদ হোসেন বাবুল,  সাবেক সম্পাদক মরহুম আফসার উদ্দিন বাবুল, সাবেক সম্পাদক মরহুম মো: হুমায়ূন কবির, সাবেক সম্পাদক মোকতাদির বিল্লাহ বাচ্চু, সাবেক সম্পাদক মোবাশ্বির উল্লাহ চৌধুরী,  এইচএম বজলুর রহমান, নুরনবী মনা, জহুরুল ইসলাম মঞ্জু, সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন সুলতান,  আহাদ চৌধুরী তুহিন, সাবেক সম্পাদক অমিতাভ অপু, সাবেক অর্থ সম্পাদক মোকাম্মেল হক মিলন, প্রেসক্লাবের সাবেক সম্পাদক সামসুল আলম মিঠু, সাবেক সহ-সভাপতি জুন্নু রায়হান,  সাবেক অর্থ সম্পাদক আফজাল হোসেন,  বর্তমান কমিটির সম্পাদক নাসির উদ্দিন লিটন, ওই কমিটির নির্বাহী সদস্য মোতাছিন বিল্লাহ, যুগ্ম সম্পাদক মোঃ কামরুল ইসলাম, অর্থ সম্পাদক নূরে আলম ফয়েজ, সাবেক কমিটির যুগ্ম সম্পাদক হোসাইন সাদী, ওই কমিটির  সদস্য মেজবাহ উদ্দিন শিপু, মোঃ মনিরুল ইসলাম, হেলাল উদ্দিন, হাসনাই মুন্না, তৈয়বুর রহমান। জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে যেমন ছিল পথচলা, তেমনি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রজন্মের সাংবাদিকদের সঙ্গেও হাবিবুর রহমানের ছিল পেশাগত বন্ধুত্ব। তার ৬০ দশক সাংবাদিকতার জীবনের  উজ্জ্বল দিক ছিল সততা।  

সম্মাননা : এম.হাবিবুর রহমান ১৯৬৬ সালে ঢাকায় পূর্বদেশ পত্রিকায় সাংবাদিকতা দিয়ে তার পেশাগত জীবন শুরু করেন। পরবর্তীতে ভোলায় ফিরে এসে ওই পত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন।  দীর্ঘকাল বাংলাদেশ বেতারে সংবাদদাতা হিসেবে কাজ করেন। ১৯৮৭ সালে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমভি সামিয়া ডুবে যায়। ওই সংবাদটি অতি অল্প সময়ের মধ্যে সবার আগে তিনি বাংলাদেশ রেডিওতে পাঠিয়েছিলেন। ওই সংবাদের জন্য রাষ্ট্রপতি পদক পেয়েছেন হাবিবুর রহমান। ১৯৯৪ সাল থেকে তার সম্পাদনায় দৈনিক বাংলার কন্ঠ পত্রিকা প্রকাশিত হয়ে আসছে। ২০২২ সালে তিনি ৭০ এর জলোচ্ছ্বাস ও ৭১ এর মুক্তিযুদ্ধ রিপোর্টিং এর জন্য বসুন্ধারা মিডিয়া অ্যাওয়ার্ড পান। সাংবাদিক হাবিবুর রহমান আজ বেঁচে নেই। কিন্তু নতুন প্রজন্মের জন্য হাবিবুর রহমান উদাহরণ ও অনুস্মরণীয় থাকবেন। 


লেখক:  নির্বাাহী সম্পাদক,দৈনিক বাংলার কণ্ঠ।


মো : ইয়ামিন