অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ | ১০ই অগ্রহায়ণ ১৪৩৩


হাবিবুর রহমান যে চরিত্রের মৃত্যু নেই


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৯

remove_red_eye

১৯

মান্নান জাহাঙ্গীর : বহু বছর পর আজ আবার লিখতে বসতে হলো। তা-ও আবার এমন একজন মানুষের ব্যাপারে লিখতে হবে ভাবিনি। আমি ক্ষুদ্র একজন মানুষ। এমন মহান মানুষ সম্পর্কে লিখতে সত্যিকার অর্থে সাহস পাচ্ছি না। স্মরণ করছি তেমনই একজন মানুষকে, একজন সাংবাদিককে; যিনি তাঁর কর্ম, ব্যক্তিত্ব, চিন্তা ও লেখনীর মধ্য দিয়ে মানুষের হৃদয়ে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। বলছি প্রখ্যাত সাংবাদিক প্রয়াত এম. হাবিবুর রহমান এর কথা। 
তাঁর সম্পাদনায় ১৯৯৪ সালে “দৈনিক বাংলার কণ্ঠ” পত্রিকার আত্মপ্রকাশ। তিনি ছিলেন প্রকাশক ও সম্পাদক। নির্বাহী সম্পাদক হিসেবে ছিলেন প্রয়াত সাংবাদিক ফরিদ হোসেন বাবুল ভাই। আমি তখন ভোলা সরকারি কলেজের ছাত্র। প্রখ্যাত সাংবাদিক আবু তাহের ভাইয়ের সম্পাদনায় প্রকাশিত সাপ্তাহিক দ্বীপবাণী পত্রিকায় টুকটাক লিখি। সেই সুবাদে সিনিয়র সাংবাদিকদের অনেকের সাথে পরিচয় হয়। সেভাবেই হাবিব ভাইয়ের সাথেও।
তখন নতুন বাজারে ছোট্ট একটা রুমে থাকতাম। একদিন হাবিব ভাই এসে আমাকে নিয়ে গেলেন বাংলার কণ্ঠ অফিসে। যেতে যেতে বললেন ফরিদ হোসেন বলেছে তোমাকে ধরে নিয়ে যেতে, বাংলার কণ্ঠে কাজ করতে হবে। শুরু করার দুই মাসের মাথায় ফরিদ ভাই অফিস ছেড়ে দিলেন। বিব্রত হলাম। আসলে ভয় পেয়েছিলাম। ফরিদ ভাই সব সামলাতেন। হাবিব ভাই কোনও কিছুতে হস্তক্ষেপ করতেন না। ভয় পেয়েছিলাম এ কারণে কীভাবে চলবে পত্রিকা। ঠিকই হাবিব ভাই সামলে নিলেন। সাথে ছিলেন মোকাম্মেল হক মিলন ভাই। অসুবিধা হয়নি। ছোট একটা অফিস রুম। গাদাগাদি করে এক রুমে পাঁচ-ছয় জন কাজ করেছি। এক পাশে হাবিব ভাই বসতেন। হাসি গল্প আর গভীর রাতে ঝাল-মুড়ির আড্ডা চলতো নিয়মিত। আমি ছিলাম সর্বকনিষ্ঠ। তবু বয়সের তফাত আড্ডার বিষয় বাধা হয়নি কখনও। হয়তো এ কারণেই তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছিলাম। আজকে যা অর্জন তার গোড়াপত্তন বাংলার কণ্ঠে। এরপর প্রায় ২২ বছর ধরে বাংলাভিশনে যে আছি, তার ভীতটা হাবিব ভাইয়ের কাছ থেকেই হয়েছে। রিপোর্টিংয়ে হাতেখড়ি অবশ্য কামাল উদ্দিন সুলতান ভাইয়ের কাছে।
অন্য দশজনের মত হাবিব ভাইও একটা রাজনৈতিক আদর্শ ধারণ করতেন। ছিলেন মুক্তিযোদ্ধা। কাজ করেছেন বাংলাদেশ বেতারে। কিন্তু সম্পাদকীয় নীতিতে তার ব্যক্তিগত বিশ্বাসের প্রভাব পড়তে দেননি কখনও। সত্যতা থাকলেই স্পর্শকাতর রিপোর্টও নির্দ্বিধায় প্রকাশ করে দিতেন। ওই সময় ক্ষমতাসীন এমনকি বিরোধী পক্ষের রোষাণলেও পড়তে হয়েছিল এ কারণে। একবার ‘অতি’ ডানপন্থীদের রোষানলে পত্রিকার অস্তিত্বই হুমকির মুখে পড়ে যায়। সিনিয়র সাংবাদিক, শহরের শীর্ষ রাজনৈতিক নেতা, বিশিষ্ট মানুষের এবং প্রশাসনের প্রত্যক্ষ হস্তক্ষেপ না পেলে বাংলার কণ্ঠ হয়তো আতুরঘরে মরে যেত। নীরবে প্রশাসন সহযোগিতা করেছিল। হাবিব ভাইর ছিল এক অসাধারণ গুণ। শহরের গণ্যমান্য ও সাধারণ মানুষের সাথে ছিল নিবিড় যোগাযোগ; মস্তিষ্কের নয়, হৃদয়ের যোগাযোগ। নতুন বাজার থেকে পুরানো থাক-থাক পোল পেরিয়ে ঘোষপট্টি দিয়ে প্রায়ই হেটে অফিসে আসা যাওয়া করতেন। দশ মিনিটের পথ আসতে আধাঘণ্টা লেগে যেত। কুশলাদি বিনিময় করত গিয়ে ‘পথে হল দেরি অবস্থা’!
একটা বিষয় বলতেই হবে, ওই সময় অধ্যক্ষ এম. ফারুকুর রহমান স্যার ভোলা জেলা প্রেসক্লাবের সভাপতি। হুমায়ুন কবীর ভাই সেক্রেটারি। তাঁদের নেতৃত্বে প্রেসক্লাব পরিচালিত হলেও জেলার সিনিয়র সাংবাদিক আবু তাহের, হাবিবুর রহমান, ফরিদ হোসেন, আফসার উদ্দিন বাবুল, মোবাশ্বর উল্ল্যাহ চৌধুরী, আহাদ চৌধুরী তুহিন ভাইসহ তরুণ, যুবক বা প্রবীণ সাংবাদিকদের মিলনমেলা ছিল প্রেসক্লাব। সবার মধ্যে ছিল সৌহার্দপূর্ণ সম্পর্ক। প্রেসক্লাব ছিল সভ্যতা সংস্কৃতির মিলন মেলা। জেলার সিনিয়র রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তি ও সাংস্কৃতিক অঙনের অনেকেই তখন প্রেসক্লাবে আড্ডা দিতে আসতেন। সিনিয়র সাংবাদিকদের কারণেই সবার কাছে সব বয়সের সাংবাদিক ছিলেন স্নেহ-শ্রদ্ধা ও সম্মানের মূর্ত প্রতীক। আড্ডা ছিল প্রাণবন্ত এবং শিক্ষণীয়। পেশাগত প্রতিযোগিতা ছিল ঠিকই। রেষারেষি, কাদা ছোঁড়াছুঁড়ি বা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে নির্লজ্জ লড়াই ছিল অকল্পনীয়। যার ফলাফল অন্যদের মত তাঁকেও ভোলাবাসীর কাছে হাবিব রিপোর্টার করে তুলেছিল। অত্যন্ত শ্রদ্ধার সাথে বলতে শুনেছি, ওই যে হাবিব রিপোর্টার যাচ্ছেন। ওই সময় শিক্ষা ও যোগাযোগে তলানিতে থাকা, কুসংস্কারে জর্জরিত একটা বিচ্ছিন্ন দ্বীপ জেলায় একজন হাবিব রিপোর্টার হওয়া অত সহজ ছিল না।
উত্তাল নদীর তীরে দাঁড়ালে মনে হয় পানি দৌড়ে আসছে, আসলে আসে না। নদী নিজের জায়গায় স্থির থাকে। শুধু পানির শক্তি ওঠে আর নামে। এমন কি এক ফোটা পানিও তীরে আসে না। শুধু আসে পানির গতি। মনে হবে চলে গেছে। পানি চলে যায়। গতি থেকে যায়। হাবিব ভাই আসলে পানির গতির মত ছিলেন। নিজের বিশ্বাসের উপর স্থির ছিলেন। সমস্ত জীবন। এক ধ্যানে, এক বিশ্বাসে। আশপাশের মানুষকে ওই ধ্যান-বিশ্বাস বিলিয়ে গেছেন নিস্বার্থে।
একদিন শুনলাম হাবিব ভাই হাসপাতালে ভর্তি। দেখতে গেলাম বিএমইউতে(পিজি)। কথা বলতে পারিনি। ঘুমে ছিলেন। ক’দিন পর জানতে পারি তিনি চির ঘুমে চলে গেছেন। কথা বলতে না পারার বেদনা এখন তাড়া করে আমায়।
কার যেন একটা লেখা পড়েছিলাম- ‘হয়তো জানবে অথবা কোনও দিন জানবে না আমি আর বেঁচে নেই...।’ প্রতিদিন এভাবে অসংখ্য মানুষ চলে যায়। কেউ জানে অথবা কেউ জানতেই পারে না। অনেকে আছেন পৃথিবীতে আসার সময় জানান দিয়ে আসেন। চলে যাওয়ার সময়ও জানান দিয়ে যান। এম. হাবিবুর রহমান তেমনই একজন। এসেছেন। মন খুলে লিখেছেন। বিশ্বাসের সাথে লিখেছেন। লিখে মানুষের মন জয় করেছেন এবং নীরবে নয়, জানিয়ে গেছেন চললাম। এ এক অনন্ত পথচলা...। পরপারে ভাল থাকবেন শ্রদ্ধাভাজন হাবিব ভাই।

[ লেখক : সংবাদ কর্মী ]