অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ | ১০ই অগ্রহায়ণ ১৪৩৩


বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৮

remove_red_eye

১২

॥ হাসিব রহমান ॥
তিনি ছিলেন অত্যান্ত বিনয়ী। ছোট বড় সকলকে সম্মান দিয়ে কথা বলতেন। তার ছেলের বয়সের চেয়ে ছোট এমন কাউকেও সম্বোধন করতেন আপনি বলে। বয়স আশির উপরে হলেও তার সাহস ও মন মানসিকতা ছিলো তরুণের মতো। খেলাধুলা. সাংস্কৃতিক অঙ্গন, সাংবাদিকতা, দেশের জন্য মুক্তিযুদ্ধ, ধর্মভীরুতা, বিপদে মানুষের পাশে দাঁড়ানো- এমন সব কিছুতেই তার ছিলো অগ্রনী ভুমিকা। কিন্তু তিনি ছিলেন নিজের জন্য অনেকটা প্রচার বিমুখ মানুষ। শত দু:খ কষ্ট, বেদনা, চাওয়া পাওয়া নিয়ে ছিলো না তার প্রকাশ। অর্থ বৃত্তের চাইতে আত্ন মর্যাদা ছিলো কাম্য।  ভালোবাসতেন মা, মাটি, জন্ম ভূমি দ্বীপজেলা ভোলাকে। যে কারনে ৭০ দশকে তৎকালীন সময়ে একটি দুর্গম এলাকা থেকে উঠে এসেও কুমিল্লা, বরিশাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করেও নিজ জেলায় ছুটে এসে সাংবাদিকতার মতো পেশায় নিজেকে নিবেদিত করেছেন । অসহায়, অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর কথা তুলে ধরেছেন। জীবন প্রদীপ নিভে যাওয়ার ৫ দিন আগেও তার প্রতিষ্ঠিত দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকায় অফিস করে সহকর্মীদের পরামর্শ দিয়ে উৎসাহ দিয়েছেন। বলছিলাম নানা গুণের অধিকারী এমন একজন মানুষ ভোলা জেলাসহ দক্ষিণাঞ্চলের কিংবদন্তি সাংবাদিক এম হাবিবুর রহমানের কথা। তিনি ভোলার মানুষের কাছে পরিচিত ছিলেন হাবিব রির্পোটার হিসেবে। আর আমার ছিলেন পরম শ্রদ্ধাভাজন পিতা। আমার বাবা। আমি ও আমার ছোট দুই বোন সব সময় আদর করে ডাকতাম ‘আব্বু’ বলে। ২০২৫ সালের ২৪ নভেম্বর চিরতরে তাঁকে আমরা হারিয়ে ফেলেছি।  এক বছর বাবাকে দেখি না, বাবার কন্ঠ শুনিনা।  এখন আর রাত ১০ টা হলেই তার ফোন আসে না। আমি অফিস থেকে কোন সময় বাসায় ফিরবো তার জন্য প্রায় প্রতিদিনই ফোন দিতেন। দ্রুত বাসায় চলে আয়। তোর মা সহ সকলে বসে আছে। এক সাথে খাব। সেই কণ্ঠ আজো যেন কানে শুনতে পাই!
২১ নভেম্বর ২০২৫। বাবা যে কোন অনুষ্ঠন, সভা বা মসজিদে নামাজ পড়তে গেলে সব সময় নির্ধারিত সময়ের বহু আগেই পরিপাটি হয়ে প্রস্তুতি নিতেন। আমি একটু অলস প্রকৃতির হওয়ায় আমি যেতাম ঘড়ির কাটায় কাটা ধরে। যার জন্য আমাকে সব সময় উপদেশ দিতেন। মাঝে মাঝে বকা দিতেন। আশি উর্ধ্বো মানুষটি ছিলেন, যেন আমার চেয়েও যুবক। দেরি হলে তিনি কোন অনুষ্ঠানে যেতেন না। মৃত্যুর তিন দিন আগে শুক্রবার ছিলো তার শেষ জুমার নামাজ পরার দিন। বাবার শরীরটা বেশি ভালো ছিলো না। তার পরও পায়জামা পাঞ্জাবি পরে জুমার নামাজ আদায়ের জন্য প্রস্তুত হলেন। আমার সাথে ১২ টার দিকে মটর সাইকেলে নতুন বাজার বডিং মসজিদে গেলেন। আমি তাকে নামিয়ে দিয়ে বাংলা বাজার একটি জানাজায় চলে গেলাম। একবার সেখানেও যেতে চাইলেন। কিন্তু তার অসুস্থার জন্য তাকে না নিয়ে আমি চলে গেলাম একা। ওই দিন রাত ১২ টার দিকে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। আমরা তাকে দ্রুত ভোলা ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলাম। বাবার হার্টে সমস্যা। এর আগেও একবার হার্ট এ্যাটাক হয়েছে। কিন্তু হাসপাতালে উপযুক্ত চিকিৎসার অভাব। পরিস্থিতি এমন যে একটা খালি বেডও নেই। হাসপাতালের তত্ত্বাবধায়ক চেষ্টা করেও দিতে পারেননি। তাই বাধ্য হয়ে প্রাথমিক চিকিৎসা, ইনজেকশন নিয়ে বাধ্য হয়ে হাসপাতালের পাশেই ছোট বোন শান্তুর বাসায় রাত কাটাই। শনিবার সকালে আবার হাসপাতালে তাকে নিয়ে ছুটে যাই। ডাক্তার দেখে প্রয়োজনীয় ঔষধ নিয়ে বাসায় যাওয়ার অনুমোতি দেন। বাবাকে বাসায় নিয়ে আসি। বাবাকে উন্নত চিকিৎসা করাতে ভারতের বেঙ্গালুরে নেওয়ার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করে আসছিলাম। তাই ভিসার জন্য পাসপোর্ট আনতে বাবাকে অসুস্থ্য অবস্থায় বাসায় রেখে ওইদিনই দুপুরে ঢাকার উদ্দ্যেশে রওয়ানা দেই। ওই দিনই ছিলো বাসা থেকে বাবার সাথে সুস্থ্য অবস্থায় আমার শেষ বিদায়। আমি ঢাকায় গেলে বাসায় বা হোটেলে না পৌঁছানো পর্যন্ত অসংখ্য বার ফোন দিতে থাকতেন। বলতেন কখনো যেনো ভাড়া মটরসাইকেলে না উঠি। সেই দিনও ফোন করে ঠিক একই কথা বলেন। এটাই ছিলো তার শেষ কথা। ওই দিন রাতে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। রাত ১২ টার পর আবার ভোলায় আব্বু বাসায় অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু আমাকে তিনি ফোন দিতে নিষেধ করেন। আমি দু:চিন্তা করবো। তাই আমাকে জানানো হয়নি। সকালে জানতে পারি বাবা খুব অসুস্থ। রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৩ নভেম্বর রবিবার শীতের সকালে হেলিকপ্টার ম্যানেজ করা সম্ভব হয়নি। তাই বিচ্ছিন্ন দ্বীপজেলা ভোলা থেকে এ্যাম্বুলেন্স যোগে আমার ছোট ভগ্নিপতি নোমান হোসেন ও  জুয়েল ভাই (চাচাতো ভাই)  বাবাকে ঢাকায় নিয়ে যায়। আমি দুপুর ২ টায় ঢাকা পিজি হাসপাতালে লেলিন ভাই, মুকুল আপার চেষ্টায়  দ্রুত সিসিইউতে ভর্তি করি। বাবার মনে হচ্ছিলো তার গলা শুকিয়ে যায়, কমলা খেতে চাইলো। দ্রুত এনে খাওয়ালাম। চোখের সামনে আব্বুর সে কি যন্ত্রনা। তা ছেলে হয়ে সহ্য করা ছিলো এক কঠিন পরীক্ষা। শুধু আল্লাহকে মনে মনে ডাকতাম। আর যথা সম্ভব সাধ্যমতো ডাক্তারদের পরামর্শে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। সারা রাত বাবার কষ্টগুলো নিতে পারছিলাম না। মাঝে মাঝে বলে উঠে আমি এখানে থাকবো না। আমাকে বাসায় নিয়ে চলো। কিন্তু তখনও বুঝতাম না - কেন বলছেন এ কথা। খুব ভোরে খেতে চাইলো। ভগ্নিপিত নোমানের ছোট ভাই সুমন সিদ্ধডিম ও স্যুপ নিয়ে আসে। আর তা আমার হাতে খেলেন।  এই ছিলো তার শেষ খাবার। সকাল ৯ টার দিকে হঠাৎ দেখি আব্বু চুপচাপ। মনে হচ্ছে ঘুমাচ্ছে। তাকে ডাক দিলে চোখ না খুললেও সারা দিতেন। ভোলার লালমোহন বাড়ি ডা: আল আমিন বাবাকে দেখে বললেন, আবস্থা বেশি ভালো না। তাকে দ্রুত আইসিইউতে পাঠানোর ব্যবস্থা করেন। এ কথা শোনার পর পাগলের মতো হয়ে গেলাম আইসিইউ’র জন্য। যথা সম্ভব শুভাকাঙ্খী , রাজনীতিবিদেরকে ফোনে আইসিইউ পাওয়ার জন্য সাহায্য চাইলাম। পেলাম না। কিন্তু অত্যন্ত মানবিক হৃদয়ের অধিকারী মাছরাঙা টিভির সাংবাদিক মুজাহিদ সাকিব ভাইয়ের চেষ্টা ও আমার স্ত্রীর বড় বোন মুকুল আপার সহযোগিতায় পিজি হাসপাতালেই আইসিইউতে ভর্তি করানোর সুযোগ পাই। বাবাকে দ্রুত সিসিইউ থেকে আইসিইউতে ভর্তি করি। তাকে আইসিইউর ভিতরে পাঠিয়ে দেই। আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর খবর পেলাম আইসিইউর ভিতরের পাষণ্ড ডাক্তার বাবাকে না দেখে ফেলে রেখেছে। খবর পেয়ে দ্রুত ভিতরে গিয়ে দেখি তাকে আইসিইউসির বেডে পর্যন্ত তারা তোলেনি। বাবা নিস্তেজ হয়ে যাচ্ছেন। প্রতিবাদ করে কান্নায় ভেঙ্গে পড়লাম। তার কিছু সময় পরে বুঝতে পাড়লাম বাবা আর নেই। এভাবে চিকিৎসকের অবহেলায় বাবাকে বিনা চিকিৎসায় চলে যেতে হবে তা মেনে নিতে পারিনি। আমার আর্তনাদে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠে। এক পর্যায়ে আমি অসুস্থ হয়ে পড়ি। মুহুর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমার কর্মস্থল মাছরাঙা টিভির সহকর্মীরা ছুটে আসেন। বারবার বার্তা প্রধান রেজানুল হক রাজা ভাই ফোন দিয়ে খোঁজ নেন। সহকর্মী সাংবাদিকরা রির্পোট করার জন্য অভিযুক্ত ডাক্তার গা ঢাকা দিলেও তাকে খুঁজে বের করেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।  রাজা ভাই, নাদিয়া আপাসহ মাছরাঙা টিভি পরিবার সর্বত্নক সহযোগিতা করেন। রাতেই বাবার মরদেহ নিয়ে সড়ক পথে বাড়িতে ফিরলাম। মধ্য রাতেও বাড়ি ভর্তি অসংখ্য মানুষ। সারা রাত ফ্রিজিং গাড়িতে বাবা পড়ে আছেন। যে মানুষটির শীত এলেই ঠান্ডার সমস্য ছিলো,  সেই বাবা হিমশীতল গাড়িতে! মেনে নিতে পারিনা। কিন্তু এটাই বাস্তবতা। সবাইকে মেনে নিতে হয়। সকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দল মত নির্বিশেষে তার জানাজায় অংশ নেন। রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা শেষে তার ইচ্ছায় মহাজনপট্টি বড় মসজিদের গোরস্থানে আমার দাদার কবরের কাছে তাকে দাফন করা হয়।
বাবা চলে গেছেন। কিন্তু রেখে গেছেন স্মৃতিগুলো। আর সেই স্মৃতির ভার বহন করেই চলছি। চলতে হচ্ছে। তার নীতি আদর্শ, আর দেখানো পথেই চলার চেষ্টা করছি। তিনি ছিলেন জ্ঞানের ভাণ্ডার। জ্ঞানের আলো ছড়ানো বাতিঘর। স্বাধীনতার পূর্বে ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে পড়াশুনা করে তার জন্ম স্থান ভোলায় সাংবাদিকতা শুরু করেন। পাশাপাশি নিজস্ব  ব্যবসা বাণিজ্য ও  সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করেন। ছাত্র জীবনে শুধু ভোলাই নয়, দক্ষিণাঞ্চালের আশেপাশে জেলার মধ্যে নাম করা খেলোয়াড় ছিলেন। শুধু খেলাধুলাই নয়, সাংস্কৃতিক অঙ্গনেও ছিলো তার পদাচরণা। নাট্যমঞ্চে নাটক করে মঞ্চ কাঁপাতেন। তিনি শুধু সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেই যুক্ত ছিলেন না। তিনি ধর্মভীরু ছিলেন। তিনি ভোলা স্টেডিয়াম জামে মসজিদের প্রতিষ্ঠালঘ্ন থেকে যুক্ত ছিলেন। এই মসজিদের সভাপতি হিসাবে র্দীঘ দিন দায়িত্ব পালন করে মসজিদের নানান উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন মাদ্রাসার উন্নয়নে নিজেকে নিয়োজিত করেছেন। 
তখন সাংবাদিকতা বর্তমান সময়ের মতো ছিলো না, ছিলো শখ বা সমাজ সেবার মতো। তবে ছিলো ঝুঁকি ও নানা প্রতিবন্ধকতা। আজকের যুগের মতো, ইমেইল, মোবাইল, ডিজিটাল ক্যামেরা, ইন্টারনেট, মোবাইল, ল্যান্ড ফোনসহ আধুনিক যোগাযোগের কিছুই ছিলো না। জরুরি প্রয়োজনে সরকারি যোগাযোগ পুলিশের ওয়ারলেস ছিলো ভরসা। এছাড়াও ডাকের মাধ্যমে বা বাহক মারফত সংবাদ বা ছবি পাঠাতে হতো।  ষাটের দশকের শেষ দিকে তৎকালীন পূর্বদেশ পত্রিকার সাথে যুক্ত হন তিনি। পরবর্তীতে দ্বীপ মহকুমা ভোলার সংবাদদাতা হিসেবে এম হাবিবুর রহমান কাজ শুরু করেন। পূর্বদেশ পত্রিকায় ৭০ সালের সেই ভয়াল ১২ নভেম্বের জলোচ্ছ্বাসের পর “কাঁদো বাঙালি কাঁদো। ভোলার গাছে গাছে ঝুলছে মানুষের লাশ” শিরনামে প্রকাশিত সচিত্র প্রতিবেদনটি হাবিবুর রহমানকে দেশব্যাপী ব্যপক পরিচিতি এনে দেয়। কিন্তু এই সংবাদ তখন পাঠানো ছিলো এক দু:সাহসিক কাজ। ঝড়ের পরে দুর্গম এলাকায় সরেজমিনে গিয়ে সচিত্র সংবাদ সংগ্রহ করেন। কিন্তু কিভাবে পাঠাবেন সেই খবর ঢাকা পূর্বদেশ পত্রিকা অফিসে। কোন টেলিযোগাযোগ নেই। এক মাত্র ভরসা পুলিশের ওয়ারলেস। কিন্তু তখন প্রথমে মহাকুমার প্রশাসন ওই সংবাদ পাঠাতে অনুমতি দিচ্ছিলো না।  অনেক অনুরোধের পর যখন দিলেন অনুমতি তখন তিনি পুলিশের ওয়ারলেসে সেই খবর পাঠানো চেষ্টা শুরু করলেন। কিন্তু ওয়ারলেসেও লাইন পাচ্ছিলোনা। দিন পেরিয়ে রাতে অনেক কষ্টের পর ঢাকা মগবাজার পুলিশ কন্ট্রোল রুমকে পাওয়া গেলো। সেখানে সংবাদ দেওয়ার পর তা পরবর্তীতে পত্রিকা অফিসে পাঠনো হয়। আর ছবিসহ রিল  ট্রলার যোগে আগেই ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। ছবি ও সংবাদ পৌছলে ঘটনার ৪ দিন পর প্রকাশিত হয় দেশব্যাপী সাড়া জাগানো সেই প্রতিবেদন ভোলার গাছে গাছে এখনো ঝুলছে মানুষের লাশ। এভাবেই কঠিন চ্যালেঞ্জ ও নানা বাধা বিপত্তি উপেক্ষা করে সাংবাদিকতা করেছেন। এছাড়াও মহান স্বাধীনতা যুদ্ধের সময়ে দেশ মাতৃকার টানে জীবন বাজী রেখে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক হিসাবে অবদান রেখেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় ভোলার ওয়াব দ্যা কলোনি সংলগ্ন বদ্ধভূমিতে হত্যাকান্ডের শহীদরে মৃতদেহের স্তুপের ছবি তুলে সচিত্র প্রতিবেদনসহ যুদ্ধকালীন বিভিন্ন সংবাদ পরিবেশন করে হাবিবুর রহমান দেশ প্রেমিক ও সাহসী সাংবাদিক হিসেবে খ্যাতি অর্জন করেন। সেই সব দিনের তৎকালিন পূর্বদেশ পত্রিকার সচিত্র প্রতিবেদন  আজো যাদুঘরসহ পিআইবিতে প্রর্দশিত হচ্ছে। স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের সপ্তম খন্ডে ভোলার ওয়াব দ্যা কলোনি বদ্ধভূমি নিয়ে তার প্রকাশিত সংবাদ স্থান পেয়েছে। ১৯৭৩ সালে বাংলাদেশ সংবাদ সংস্থা ( বাসস)  এর তৎকালীন ভোলা মহকুমা প্রতিনিধি হিসাবে যোগদান করেন।  ১৯৮৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ বেতারের ভোলা জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে ৫ শতাধিক যাত্রী নিয়ে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এম.ভি সামিয়া নামের একটি লঞ্চ বরিশালের হিজলা এলাকায় ডুবে যায়। এই সংবাদটি ভোররাতেই বাংলাদেশ বেতারে পাঠিয়েছিলেন। যা সকাল ৭ টার সংবাদে রেডিওতে প্রচারিত হয়। এই সংবাদের জন্য রাষ্ট্রপতি পদক পেয়েছিলেন। ১৯৯৪ সালে প্রকাশক ও সম্পাদক হিসেবে ‘দৈনিক বাংলার কণ্ঠ’ নামে ভোলা থেকে একটি পত্রিকা প্রকাশ করেন। যা সরকারি নিবন্ধনকৃত এবং ডিএফপিভূক্ত। পত্রিকাটি ৩১ বছর ধরে নির বিচ্ছিন্ন ভাবে প্রকাশিত হয়ে আসছে। 
৯০ দশকে জেলা শহর থেকে একটি দৈনিক পত্রিকা বের করা ছিলো এক কঠিন দু:সাহসিক চ্যালেঞ্জ। বর্তমান সময়ের মতো তখন আধুনিক কম্পিউটার বা অফসেট প্রেস ছিলো না। লেটার প্রেসে পত্রিকা ছাপা হতো। শিশার টাইপে প্রতিদিন সংবাদ টাইপ হতো। এই টাইপ করা ছিলো এক কঠিন ধৈর্য্যরে কাজ। প্রতিদিন দুই শিফটে ৮ জন কম্পোজিটর টাইপ করতেন। তারপর প্রতিটি নিউজের প্রুফ দেখা হতো। প্রুফ শেষে রাত ৩ টায় টাইপ শেষে বার্তা সম্পাদকের ডামি দেখার পর হতো মেকাপ। ভোর রাতে মেশিন ম্যান কম্পোজ মেশিনে উঠিয়ে ছাপা শুরু করতেন। এর মাঝে বিদ্যুৎ চলে গেলে অপেক্ষা করতে হতো ঘণ্টার পর ঘণ্টা। এভাবেই চলতো দৈনিক পত্রিকা ছাপা। তার আগে সন্ধ্যায় বিভিন্ন উপজেলা থেকে সংবাদদাতারা ফোনে সংবাদ পাঠাতেন। তা ডেস্ক রির্পোটার লিখে সংবাদ তৈরি করতেন। এছাড়াও ডাকযোগে আসতো বিভিন্ন উপজেলার স্থানীয় সংবাদ। প্রতিদিনের শহরের চলামান ঘটনা নিয়ে আসতেন তখন এক ঝাঁক তরুন সাংবাদিক। বার্তা সম্পাদক হিসাবে শুরুর দিকে দায়িত্ব পালন করতেন মরহুম শ্রদ্ধেয় প্রবীণ সাংবাদিক ফরিদ হোসেন বাবুল। উপদেষ্টা ছিলেন প্রয়াত জাহাঙ্গীর আলম কাকা। এছাড়াও আফসার উদ্দিন বাবুল, মোকাম্মেল হক মিলন, আনজামুল আলম মনির অমিতাভ অপু, মান্নান জাহাঙ্গীর, আবদুল কাদের সোহেল, জুন্নূ রায়হান, নেয়ামউল্লাহ, বাহাউদ্দিন, রফিকুল ইসলাম, নাসির উদ্দিন লিটন,  মোস্তাক আহমেদ শাহীন, মেজবাহউদ্দিন শিপু, হেলাল উদ্দিন, সামস উল আলম মিঠু, শিপু ফরাজী, শিমুল চৌধুরী, হারুন অর রশিদ, ফিরোজ কবির, কবি মহিউদ্দিন, কামরুল ইসলাম, হাসনাইন আহমেদ মুন্না, মনির সাজওয়াল, মনিরুল ইসলাম, ফয়েজ উল্লাহ, ছিদ্দিক উল্লাহ, জসিম রানা, জুয়েল সাহা, অচিন্ত মজুমদার, এইচ আর সুমন, মো: ইসমাইল, মলয় দে, কামাল হোসেন শাহিন, ইকরামুল আলম, ইসতিয়াক হোসেন, ইয়ামিন, আমিনুল ইসলামসহ জেলা ব্যাপী অনেক সাংবাদিক , কবি-সাহিত্যিক শুরু থেকে বিভিন্ন সময় এই পত্রিকার সাথে লেখা লেখিসহ বিভিন্ন ভাবে যুক্ত থেকে পত্রিকায় পথ চলায় অগ্রণী ভূমিকা পালন করেন। এছাড়াও লেটার প্রেসে কম্পোজিটর ছিলেন, তাজল ইসলাম, হেলাল উদ্দিন, মেশিনম্যান লোকমানসহ আরো অনেকেই প্রেসের কাজে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে শহীদ ও হিরন মেশিনম্যানের দায়িত্ব পালন করেন। শুরু থেকে এখন পর্যন্ত বর্তমানে সততা ও নিষ্ঠার সাথে পত্রিকা বিপণনের কাজে নিয়োজিত রয়েছেন অত্যন্ত বিশ্বস্ত ও বিনয়ী মো: হিরন। দৈনিক এই পত্রিকাটি চালাতে গিয়ে অনেক সংগ্রাম করতে হয়েছে। জেলা শহরে বিজ্ঞাপন তেমন ছিলো না। পত্রিকা বিক্রি করে সেই টাকায় কাগজ কালির খরচও উঠতো না। তাই বাধ্য হয়ে বাবা তার ব্যবসার টাকা পয়সা শেষ করে এক পর্যায়ে জমি পর্যন্ত বিক্রি করেছেন। তখন আমরা ছোট ছিলাম। এসব বুঝতাম না। কিন্তু মধ্যবিত্ত পরিবার থেকে বাবার সেই সংগ্রাম দেখতাম। কিন্তু কখনো নীতি ও ব্যক্তিত্বের কাছে মাথা নত করেননি। নানা সংকটের মাঝেও আমাদের তিন ভাই বোনকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন। আমার এক বোন ফারহানা হাবিব অন্তু ব্যাংকের সিনিয়র কর্মকতা ও ছোট বোন ফারজানা হাবিব শান্তু শিক্ষকতা পেশায় সরকারি একটি কলেজে অধ্যাপনা  করছে। আর আমার মা ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষকতা করেছেন। তিনি ভোলা পৌর সভার প্রথম মহিলা কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। বাবার ছায়াসঙ্গী হিসাবে সুখে দু:খে পাশে থেকে আমাদের বড় করেছেন। আমাদের মানবিকতা শিখিয়েছেন।  আর আমি বড় হয়ে ইচ্ছ না থাকা সত্ত্বেও হাল ধরেছি বাবার জ্ঞানের আলো ছড়ানো বাতিঘর দৈনিক বাংলার কন্ঠ পত্রিকার। কারন আমাদের মতো মধ্যবিত্ত পরিবার থেকে এ ধরনের দৈনিক পত্রিকার প্রকাশনা ধরে রাখা শুধু আবেগ অনুভতি আর নেশা ।  বলতে গেলে আমি এখন পারিবারিক ঐতিহ্যগতভাবে বিশেষ করে উত্তোরাধিকার সুত্রে পেশাদার সংবাদ কর্মী। বাবা ছিলেন, এখন আমি। আমার স্ত্রীও আসমা আক্তার সাথী বর্তমানে এক সরকারি কলেজে অধ্যাপনা করছেন। এর আগে সে ঢাকায় আর টিভিতে ভিভিআইপি বিটে সাংবাদিকতা করতেন। বিয়ের পর তিনি ভোলায় চলে আসেন এবং কলেজে অধ্যাপনা শুরু করেন। 
১৯৯৮ সাল থেকে বাংলার কণ্ঠ পত্রিকায় লেখালেখির মাধ্যমে আমার সাংবাদিকতার হাতে খড়ি। তার পর একে এক জাতীয় দৈনিক ট্যাবলেট প্রাইম, দৈনিক মাতৃভূমি, আজকের কাগজ, দৈনিক জনকণ্ঠ, একুশে টেলিভিশন, বার্তা সংস্থা ইউএনবি, মাছরাঙা টেলিভিশন ও সর্বশেষ বাংলাদেশ বেতারে সাংবাদিকতার সুয়োগ পেয়েছি। এছাড়া বিহঙ্গ সাহিত্য গোষ্ঠি, আবৃত্তি সংসদ, ভোলা থিয়েটারে কাজ করার সুযোগ পেয়ছি। এখন বাংলার কণ্ঠের প্রকাশনা ধরে রাখার যুদ্ধ ক্ষেত্রে নিয়োজিত হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি।


মো: ইয়ামিন