অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ | ১০ই অগ্রহায়ণ ১৪৩৩


সততা ও সাহসের এক আলোর দিশারী : এম. হাবিবুর রহমান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৭

remove_red_eye

৬

এম. ছিদ্দিকুল্লাহ : “ছিদ্দিক সাহেব, মুন্না সাহেব, আপনারা কেমন আছেন? আপনারা উদীয়মান সাংবাদিক, আপনাদের দায়িত্ব অনেক।” এমন আন্তরিক ও দিকনির্দেশনামূলক শব্দে প্রায়ই আমাদের সম্বোধন করতেন ভোলা প্রেসক্লাবের বারবার নির্বাচিত সভাপতি এবং ‘দৈনিক বাংলার কণ্ঠ’ পত্রিকার সম্পাদক মরহুম এম. হাবিবুর রহমান।
সাংবাদিকতার সুবাদে এই প্রবীণ ও বরেণ্য সাংবাদিকের সান্নিধ্যে এসে অনেক কিছু শেখার সৌভাগ্য হয়েছে আমাদের। তিনি ছিলেন ভোলা জেলার সাংবাদিকতার এক বিশাল বটবৃক্ষ। সাংবাদিকদের বিপদে তিনি ছিলেন এক প্রতিবাদী দেয়াল। পেশাগত কাজে এমনকি পারিবারিক কাজে কোন সাংবাদিক বাধাগ্রস্ত হলে বা আটকে গেলে তিনি তা বুক পেতে নিতেন। এ ব্যাপারে কোন অন্যায় তিনি সহ্য করতেন না। তিনি তা সাহসের সাথে মোকাবেলা করতেন কিন্তু পিছপা হতেন না। তিনি বলতেন, কোন দুর্নীতিবাজ  সাংবাদিকদের কোন ক্ষতি করতে পারবে না সে যত ক্ষমতাবান হোক। সাহস দিয়ে আমাদেরকে বুকে আগলে রাখতেন। বয়সে ছোট সাংবাদিকদেরকেও তিনি স্নেহভরে আপনী সম্বোধন করা ডাকতেন। ভোলার মহাজন পট্টিতে নিজ পৈত্রিক ভূমিতেই গড়ে উঠে “ দৈনিক বাংলার কন্ঠ “ পত্রিকার অফিস। বিকালে  সেখানেই চেয়ারে বসে তিনি চা পান করতেন, আমাদের সাথে গল্প করতেন। পাশের চেয়ারটিতে আমি বসতাম। কথা শুনতাম, কি যে জ্ঞান ও অভিজ্ঞতা ছিল তার! ভাবতে অবাক লাগে। কালের পরিক্রমায় তাঁর বিদায়ের পর সময় গড়িয়ে গেলেও আমাদের স্মৃতির পাতায় তাঁর অসংখ্য স্মৃতি আজও অমলিন ও উজ্জ্বল।

ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাস করে অন্য কোনো চাকরির পেছনে না ছুটে তিনি বেছে নিয়েছিলেন নির্ভীক সাংবাদিকতার পথ। দ্বীপ জেলা ভোলার মেহনতি ও দুঃখী মানুষের বঞ্চনা আর দুর্দশার কথা জাতির সামনে তুলে ধরতে তিনি শুরু করেন সততা ও বস্তুনিষ্ঠ সংবাদের চর্চা। পেশাগত দায়িত্ব পালনে কখনো না খেয়ে, কখনো প্রখর রোদে পুড়ে আবার কখনো মুষলধারে বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে ও কাদা মাড়িয়ে তাঁকে পাড়ি দিতে হয়েছে সুদূর চরাঞ্চল ও প্রত্যন্ত গ্রাম্যপথ।
অবসরে কাছে বসিয়ে তিনি আমাদের শোনাতেন তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের নানা রোমাঞ্চকর ও ঐতিহাসিক গল্প। ১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে উপকূলে প্রায় পাঁচ লাখ মানুষের প্রাণহানির মর্মান্তিক চিত্র তিনি তিন দিন পর জাতীয় গণমাধ্যমে তুলে ধরেছিলেন—‘কাঁদো বাঙালি, কাঁদো; বাংলার গাছে গাছে ঝুলছে লাশ’ শিরোনামের এক হৃদয়বিদারক প্রতিবেদনের মাধ্যমে।
অন্যদিকে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মৃত্যুর ভয় উপেক্ষা করে এই কলম সৈনিক ভোলার ওয়াপদা কলোনির পাশে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যা ও বধ্যভূমির করুণ চিত্র ক্যামেরাবন্দি ও সংবাদমাধ্যমে প্রকাশ করেছিলেন। ‘মৃত্যুপুরী ভোলার ওয়াপদা কলোনি’ শিরোনামে প্রকাশিত তাঁর সেই ঐতিহাসিক সংবাদ ও আলোকচিত্র আজও বাংলাদেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। সত্য ও ইতিহাসের প্রতি এই অবিচল নিষ্ঠাই তাঁকে চিরকাল অমর করে রাখবে।
তাঁর কত স্মৃতিই না আজ মনে পড়ে! একবার আমার এক আত্মিয়ের চাকরির তদবিরের জন্য তাঁকে সঙ্গে নিয়ে এক নেতার বাসায় গিয়েছিলাম। ওই নেতাকে দেওয়ার উদ্দেশ্যে তার কাছে পাঁচ লাখ টাকা রাখতে বললাম। কিন্তু তিনি রাজ হলেন না। বললেন, চাকরি হলে এমনিতেই হবে। টাকা লাগবেনা। আপনার টাকা আপনার কাছেই রাখেন। আমি বললাম, আপনার কাছে রাখেন। চাকরি পাওয়ার জন্য যেখানে খরচ করতে হয় করবেন। তিনি আমাকে বললেন, “কখনোই না বাবা। টাকা তোমার কাছে রাখো। আমি তদ্বির করেছি। চাকরি হলে এমনিতেই হবে। টাকা দেওয়া লাগবে না। ” পরে টাকা ছাড়াই চাকরিটা হয়েছিল। তাঁর এই অসামান্য সততা দেখে আমি সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিলাম। চাইলেই তিনি টাকাগুলো নিজের কাছে রেখে দিয়ে বলতে পারতেন যে নেতাকে দিয়েছেন; কিন্তু পাঁচ লাখ টাকার প্রলোভনও তাঁর নীতি ও সততাকে এতটুকু টলাতে পারেনি।
জীবনের শেষের দিনগুলোতেও দেখেছি তিনি নিজ হাতে বাংলাদেশ রেডিওতে সংবাদ লিখে পাঠাতেন। মৃত্যু পর্যন্ত তিনি এমন অসংখ্য দৃষ্টান্ত রেখে গেছেন। আমাদের কাছে তিনি শুধু একজন সফল সম্পাদক বা প্রবীণ সাংবাদিকই ছিলেন না, ছিলেন সত্য ও সততার এক চিরভাস্বর আলোর দিশারী। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—এই কামনাই করি।

[ লেখক : সাংবাদিক ও শিক্ষক ]


মো : ইয়ামিন