অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ ১৪৩৩


একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৮

remove_red_eye

১০৮

আকবর জুয়েল, লালমোহন : একটি মাইক্রোফোন, সঙ্গে সুমধুর কণ্ঠ। এই দুই সম্বল নিয়েই জীবনের ৩৮টি বছর পার করে দিয়েছেন মো. মোস্তাফিজুর রহমান (৫৮)। এলাকায় তিনি পরিচিত ‘প্রচার মোস্তফা’ নামে। জন্ম-মৃত্যুর সংবাদ থেকে শুরু করে সিনেমার বিজ্ঞাপন, দোকান ও শোরুম উদ্বোধন, হারানো বিজ্ঞপ্তি, নির্বাচনী প্রচারণা, ওয়াজ মাহফিল কিংবা খেলাধুলার আয়োজন—সবখানেই তাঁর কণ্ঠের উপস্থিতি। শহর থেকে গ্রামের অলিগলি, মানুষের দোরগোড়ায় নানা খবর পৌঁছে দেন তিনি। মানুষের আনন্দ-বেদনা, উৎসব-আয়োজন আর প্রয়োজনের খবর মাইকে প্রচার করেই চলে তাঁর সংসার।
বয়সের ভারে শরীর কিছুটা ক্লান্ত হলেও থেমে নেই তাঁর পথচলা। আজও মাইক্রোফোন হাতে ছুটে চলেন এক এলাকা থেকে অন্য এলাকায়। জীবনের দীর্ঘ সময় কণ্ঠকে পুঁজি করে কাটিয়ে দেওয়া এই মানুষটির নিজের জীবনের গল্পও কম সংগ্রামের নয়।
মোস্তাফিজুর রহমান লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নয়ানিগ্রামের খলিল মাস্টার বাড়ির বাসিন্দা। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে তাঁর সংসার। দুই মেয়ের বিয়ে দিয়েছেন। একমাত্র ছেলে বর্তমানে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছে। প্রাতিষ্ঠানিক শিক্ষায় মাধ্যমিকের গণ্ডি পেরোতে না পারলেও অসাধারণ কণ্ঠস্বর, সাবলীল উপস্থাপনা ও প্রচারের নিজস্ব ভঙ্গিতে তিনি হয়ে উঠেছেন এলাকার পরিচিত মুখ।
যেভাবে শুরু প্রচারের পথচলা
মোস্তাফিজুর রহমানের ভাষ্য, প্রায় ৩৮ বছর আগে ঢাকায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের একটি প্রকল্পে চাকরি করতেন তিনি। থাকতেন মহাখালীর আমতলী এলাকায়। ১৯৮৬ সালের দিকে একদিন রিকশায় মাইক লাগিয়ে একজনকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখেন। ওই ব্যক্তির প্রচারের ধরন তাঁর ভালো লাগেনি। শখের বশে নিজেই মাইক্রোফোন হাতে নিয়ে প্রচার শুরু করেন। সেই শখই একসময় হয়ে ওঠে জীবিকার অবলম্বন, শুরু হয় তাঁর প্রচারজীবনের দীর্ঘ অধ্যায়।
এরপর লালমোহনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) নির্বাচনে অংশ নিলে ঢাকা থেকে এলাকায় ফিরে আসেন মোস্তাফিজুর রহমান। মেজর হাফিজের নির্বাচনী প্রচারের জন্য কেনা দুটি মাইকের একটি নিয়ে রিকশায় চড়ে প্রচারণা শুরু করেন তিনি। সেই নির্বাচনী প্রচারণার মধ্য দিয়েই লালমোহনে ‘প্রচার মোস্তফা’ হিসেবে তাঁর পরিচিতি বাড়তে থাকে।
সিনেমার বিজ্ঞাপন থেকে জনসেবামূলক প্রচার :
মোস্তাফিজুর রহমান জানান, নির্বাচনী প্রচারণার পর দৈনিক ২০ টাকা বেতনে লালমোহন বিনোদন সিনেমা হলে কাজ শুরু করেন। পর্যায়ক্রমে ভোলার অবসর সিনেমা হল, চরফ্যাশনের সাগরিকা এবং লালমোহনের লালমনি সিনেমা হলেও সিনেমার বিজ্ঞাপন প্রচার করেছেন। তবে একসময় তৎকালীন লালমোহন মোল্লা জামে মসজিদের পেশ ইমাম মোজাম্মেল হক হুজুরের পরামর্শে সিনেমার প্রচার ছেড়ে ভালো ও কল্যাণকর বিষয়ের প্রচারণায় মনোনিবেশ করেন।
শুরুতে ঘণ্টাপ্রতি প্রচারের জন্য আট টাকা, রিকশাভাড়া এবং মাইকভাড়া ৬০ টাকা দিয়ে কাজ করতেন। ১৯৯৭ সাল থেকে নিজের কেনা মাইক দিয়ে ভাড়ার রিকশায় প্রচার চালাতে শুরু করেন। সময়ের সঙ্গে বদলেছে প্রচারের মাধ্যম ও বাহন। বর্তমানে নিজের কেনা অটোরিকশা ও মাইক দিয়েই চালিয়ে যাচ্ছেন এই পেশা। এ কাজ থেকে মাসে গড়ে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আয় হয় তাঁর।
প্রচারের কণ্ঠে জমে আছে নির্যাতনের ক্ষত :
দীর্ঘ কর্মজীবনের গল্পে সাফল্য ও সংগ্রামের পাশাপাশি রয়েছে তিক্ত অভিজ্ঞতাও। মোস্তাফিজুর রহমান জানান, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের অনুসারী হওয়ায় রাজনৈতিক কারণে তাঁকে বিভিন্ন সময় নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছে। অন্য দলের প্রচারণায় অংশ না নেওয়ায় ছয়বার কারাভোগ করতে হয়েছে বলেও দাবি করেন তিনি।
২০১৬ সালে তৎকালীন ক্ষমতাসীন দলের প্রচারণা না করায় পৌরশহরের সাবেক বাদশা মিয়া একাডেমি-সংলগ্ন এলাকার একটি দোকানের ভেতরে তাঁকে ব্যাপক মারধর করা হয়। পরে স্বজনেরা তাঁকে ঢাকায় নিয়ে চিকিৎসা করান। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে আবারও জীবিকার তাগিদে মাইক্রোফোন হাতে মাঠে নামেন তিনি।
শারীরিক ক্ষত অনেকটা সেরে উঠলেও মনের ক্ষত এখনো শুকায়নি। মোস্তফার ভাষ্য, সেই নির্যাতনের স্মৃতি আজও তাঁকে তাড়া করে বেড়ায়। মানুষের নানা কথা কখনো কখনো তাঁকে বিব্রত ও ব্যথিত করে। বিশেষ করে রাত গভীর হলে অতীতের নির্যাতনের স্মৃতি মনে পড়ে। তখন নিঃসঙ্গতায় চোখের জল ফেলেন, আবার নিজেকেই নিজে সান্ত্বনা দেন।
শেষ বয়সে একটাই প্রত্যাশা  :
দীর্ঘ জীবনের চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে গিয়ে মোস্তাফিজুর রহমানের কণ্ঠে ঝরে পড়ে আক্ষেপ। তাঁর সম্পদ বলতে নিজের ঘরভিটাটুকুই। জীবনের বড় একটি সময় মানুষের সুখ-দুঃখের খবর মাইকে প্রচার করে কাটিয়ে দিলেও নিজের পরিবারের ভবিষ্যৎ নিয়ে রয়েছে তাঁর গভীর দুশ্চিন্তা।
জীবনের শেষ প্রান্তে এসে খুব বেশি কিছু চান না তিনি। তাঁর একটাই প্রত্যাশা—বর্তমান জাতীয় সংসদের স্পিকার ও তাঁর প্রিয় নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ যেন তাঁর ছেলেকে যোগ্যতা অনুযায়ী একটি সরকারি চাকরির ব্যবস্থা করে দেন।
আকুতি মিশ্রিত কণ্ঠে মোস্তাফিজুর রহমান বলেন, ছেলের কর্মসংস্থান নিশ্চিত হলে জীবনের শেষ চাওয়াটুকু পূর্ণ হবে। তখন হয়তো নিশ্চিন্তে কাটাতে পারবেন জীবনের বাকি দিনগুলো।
৩৮ বছর ধরে মাইক্রোফোন হাতে অন্যের সুখ-দুঃখের খবর ছড়িয়ে দেওয়া মানুষটির নিজের জীবনের গল্পে রয়েছে হাসি, কান্না, সংগ্রাম আর না-পাওয়ার দীর্ঘশ্বাস। এত বছর ধরে তাঁর কণ্ঠে কত মানুষের জীবনের কত খবরই না ছড়িয়ে পড়েছে! অথচ নিজের জীবনের শেষ প্রত্যাশাটুকু পূরণের অপেক্ষায় আজও পথ চেয়ে আছেন ‘প্রচার মোস্তফা’।





ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লালমোহনে শিক্ষা প্রতিষ্ঠান ও অধ্যক্ষকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ নিরপেক্ষ তদন্তের দাবি

লালমোহনে শিক্ষা প্রতিষ্ঠান ও অধ্যক্ষকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ নিরপেক্ষ তদন্তের দাবি

ভোলায় জাতীয় শিক্ষক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভোলায় জাতীয় শিক্ষক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তজুমদ্দিনের সাংবাদিক ফখরে আজম পলাশ গুরুতর অসুস্থ

তজুমদ্দিনের সাংবাদিক ফখরে আজম পলাশ গুরুতর অসুস্থ

জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার চিঠির বাক্স আর পিয়নের কাঁধের লাঠি

হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার চিঠির বাক্স আর পিয়নের কাঁধের লাঠি

লালমোহনে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

লালমোহনে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম: রিজভী

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম: রিজভী

আরও...