অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৩

remove_red_eye

৬০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মেধাবী ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ভোলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে শিক্ষা সম্মাননা দিয়েছে জাতীয় বন্ধুজন পরিষদ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরের দিকে ভোলার সাবেক মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহজাহানের বাসভবন প্রাঙ্গণে এ উপলক্ষে সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি তাদের সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতাও অর্জন করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের সম্মাননা আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং নিজেদের লক্ষ্যে পৌঁছাতে উৎসাহিত করবে।
জাতীয় বন্ধুজন পরিষদ, ভোলার প্রধান সমন্বয়ক আসিফ আলতাফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক আলহাজ মিয়া মোহাম্মদ ইউনুস, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম ভিপি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্যসচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জাতীয় বন্ধুজন পরিষদ, ভোলার উদ্যোগে ভোলা পৌর এলাকার অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া ১৩৫ শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মোঃ ইয়ামিন