অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৬ রাত ১২:৩৫

remove_red_eye

১০২

ভোলার নির্বাচনী এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন


মলয় দে : সাইবার সিকিউরিটি আইনসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি বলে জানিয়েছেন ভোলা -১ আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে। টেলিভিশন চ্যানেল ও পত্রিকার মালিকদের সঙ্গে বসে এমন ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে, যাতে গণমাধ্যম, সরকার ও সাধারণ মানুষ সুরক্ষা পায়। এ বিষয়ে সামনে ভালো কিছু আসবে বলে তিনি আশা করছেন।

বুধবার (২১ অক্টোবর) রাতে নিজের নির্বাচনী এলাকা ভোলা-১ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “আমি আনন্দিত আপনারা খুব সুন্দর পরিবেশে আপনাদের পূজা উদযাপন করতে পেরেছেন। পূজায় হিন্দু-মুসলমান আমরা সবাই যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়েছে। আমি এখানে পুলিশ সদস্যের সাথে কথা বলেছি ও যারা হিন্দু কমিউনিটির দুর্গাপূজা করছেন তাদের সাথে কথা বলেছি, যে কোনো ধরনের নিরাপত্তার, কোনো ধরনের আশঙ্কা যদি থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার জন্য। তবে খুশির বিষয়, কোনো ধরনের খারাপ কিছুই আমি দেখি নি। সবাই আনন্দমুখর পরিবেশে হিন্দুদের ধর্মীয় উৎসব সেটা পালন করেছে।”

ভোলার কেন্দ্রীয় মদনমোহন মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী বলেন, “বাংলাদেশের মাটিতে হিন্দু-মুসলমান একসাথে ভালোভাবে ভাই ভাই হয়ে থাকতে পারে এবং আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে পালন করতে পারেন এজন্যে যত কিছু দরকার সব ব্যাপারে আমরা আপনাদের পাশে থাকবো।”

এর আগে বুধবার দুপুরে লঞ্চযোগে ঢাকা থেকে ভোলায় আসেন তথ্যমন্ত্রী। রাতে তিনি ভোলার বেশ কিছু পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় ভোলা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বাংলাদেশ ছাত্র সমাজের ভোলা জেলা শাখার আহবায়ক মানষ ঘোষ শান্ত,সদস্য সচিব মো.  হোসেন, মদন মোহন মন্দিরের সভাপতি দুলাল বনিক ও সম্পাদক বিপ্লব কুমার পালসহ বিজেপি ও দলটির অঙ্গসংগঠনের অনান্য নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।