অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩


শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫১

remove_red_eye

৩৬

মোঃ আব্দুর রহমান হেলাল : ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর বাজার থেকে শান্তিরহাট পর্যন্ত দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের উদ্যোগ নিয়েছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিজেপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিন মেম্বার।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিনব্যাপী ব্যক্তিগত উদ্যোগে সড়কটির বিভিন্ন স্থানে তৈরি হওয়া গর্ত ও খানাখন্দ সংস্কার করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, অটোরিকশাচালক ও পথচারীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রতনপুর বাজার থেকে শান্তিরহাট পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষাকালে এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। ফলে অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে যেমন দুর্ভোগ সৃষ্টি হয়, তেমনি শিক্ষার্থী ও পথচারীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
সড়কটির বেহাল অবস্থার বিষয়টি মাইনুদ্দিন মেম্বারের নজরে এলে তিনি স্থানীয়দের দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কারের ব্যবস্থা করেন। বিভিন্ন স্থানে গর্ত ভরাট ও চলাচলের উপযোগী করার ফলে আপাতত যানবাহন ও পথচারীদের চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় অটোরিকশাচালক মনির হোসেন বলেন, “সড়কের বড় বড় গর্তের কারণে প্রতিদিন অটোরিকশা চালাতে সমস্যা হতো। বৃষ্টির সময় গর্তে পানি জমে গেলে বোঝাই যেত না কোথায় গর্ত, কোথায় রাস্তা। এখন সংস্কার করায় চলাচলে কিছুটা স্বস্তি পাওয়া যাবে।
মাইনুদ্দিন মেম্বার বলেন, “রতনপুর বাজার থেকে শান্তিরহাট পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে গর্ত ও খানাখন্দ থাকায় স্থানীয়দের চলাচলে দুর্ভোগ হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর জনসাধারণের দুর্ভোগ কিছুটা কমাতে নিজের উদ্যোগে ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কারের ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও এলাকার মানুষের প্রয়োজন ও জনদুর্ভোগের বিষয়গুলো বিবেচনায় নিয়ে সাধ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করবো।”
স্থানীয় বাসিন্দারা জানান, জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ এই সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করায় তারা সাময়িকভাবে উপকৃত হয়েছেন। তাদের মতে, স্থানীয় পর্যায়ে মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে সামর্থ্য অনুযায়ী উদ্যোগ নেওয়া হলে অনেক ছোটখাটো দুর্ভোগ দ্রুত কমানো সম্ভব।
এ সময় স্থানীয়রা মাইনুদ্দিন মেম্বারের কাছে ভবিষ্যতে জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার পাশাপাশি এলাকায় মাদকবিরোধী সামাজিক উদ্যোগ এবং তরুণদের সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
তবে স্থানীয়দের দাবি, ব্যক্তিগত উদ্যোগে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের ফলে সাময়িকভাবে দুর্ভোগ কমলেও রতনপুর-শান্তিরহাট সড়কের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের জন্য প্রয়োজন স্থায়ী সংস্কার। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কটির পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, মাইনুদ্দিন মেম্বার শিবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।