অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩


ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই জুলাই ২০২৬ রাত ০৮:৫৭

remove_red_eye

১১

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষক পরিষদের বার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২০২৭ সেশনের শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে শিক্ষক পরিষদের বার্ষিক সাধারণ সভার মধ্যে দিয়ে নতুন কমিটি নির্বাচিত করা হয়। 
নির্বাচনে সম্পাদক, সহ-সম্পাদক, ক্লাব সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন। পরে নব-নির্বাচিতদের নাম ঘোষণা করা হলে শিক্ষকরা তাদের অভিনন্দন জানান।
জানা যায়, কলেজের শিক্ষক পরিষদের বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল হালিম।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মাহাবুবুর রহমান সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়াও ক্লাব সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রাসেল তালুকদার,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মিজানুর রহমান কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন । 
বার্ষিক সাধারণ সভায় কলেজের শিক্ষকবৃন্দ অংশ নেন। সভায় শিক্ষক পরিষদের কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক একাডেমিক পরিবেশ বজায় রাখা, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং কলেজের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। নির্বাচন শেষে নবনির্বাচিত শিক্ষক প্রতিনিধিদের ঘিরে শিক্ষক মহলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
ভোলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন বলেন,একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও একাডেমিক পরিবেশ সুদৃঢ় করতে শিক্ষক পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে প্রতিষ্ঠান যেমন এগিয়ে যায়, তেমনি শিক্ষার্থীরাও একটি সুন্দর ও মানসম্মত শিক্ষাবান্ধব পরিবেশ পায়। আমি আশা করি, নবনির্বাচিত শিক্ষক পরিষদ কলেজের উন্নয়ন, শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন,ভোলা সরকারি মহিলা কলেজকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও গুণগত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নতুন শিক্ষক পরিষদ সেই লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
নবনির্বাচিত শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ কলেজের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনা, শিক্ষকদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।