অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ | ৮ই অগ্রহায়ণ ১৪৩৩


এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০৪

remove_red_eye

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত এবং এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ‘পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় সরকার জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া প্রণয়ন করেছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।’

রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) ও রপ্তানি প্রবেশদ্বার (এক্সপোর্টিং গেট) হিসেবে প্রতিষ্ঠা করা হবে এ নীতিমালার মূল লক্ষ্য।

 

ছবি: পিএমও

 

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্য অর্জনে বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, শিল্প সরবরাহব্যবস্থা এবং দেশি-বিদেশি মূল্যশৃঙ্খলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, এসএমই প্রতিষ্ঠানগুলোকে শুধু স্থানীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বড় শিল্পপ্রতিষ্ঠানের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ সরবরাহকারী ও উপকরণ প্রস্তুতকারক হিসেবে গড়ে তোলার পাশাপাশি রপ্তানিমুখী উৎপাদনব্যবস্থার অংশ করতে হবে।’

সরকার আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, এসএমই ফাউন্ডেশনের কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪টি জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে আগামী চার বছরে দেশে ২৫ হাজারেরও বেশি নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব হবে।

 

ছবি: পিএমও

 

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উৎপাদন ও বিকাশের কোনো বিকল্প নেই। এ কারণে এসএমই খাত বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারী উদ্যোক্তা তৈরি, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের অবদান অপরিসীম। দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, জার্মানি ও ইতালিসহ বিশ্বের অনেক দেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে।

কর্মসংস্থান ও জিডিপিতে এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে মোট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯০ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ। বাংলাদেশকেও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্বনির্ভর করতে এসএমই খাতের উৎপাদন ও সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।

মূলধন ও প্রযুক্তির অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা, দক্ষ জনবলের সংকট এবং বিপণন সমস্যা এ খাতের বিকাশের পথে বড় প্রতিবন্ধকতা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব সমস্যা দূর করতে সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের প্রণোদনা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকার ইতোমধ্যে এসব প্রতিবন্ধকতা দূর করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ শুরু করেছে।

 

ছবি: পিএমও

 

তৈরি পোশাক শিল্পের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা প্রমাণিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পসহ নতুন নতুন খাতের পণ্য নিয়ে বিশ্ববাজারে প্রবেশের সময় এসেছে।

ইতালির শিল্প ক্লাস্টারভিত্তিক উৎপাদনব্যবস্থার উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশটির বিভিন্ন অঞ্চল বিশেষায়িত পণ্য উৎপাদনের জন্য পরিচিত। কোনো কোনো এলাকায় চামড়াজাত পণ্য ও জুতা, আবার কোথাও সিরামিক টাইলস উৎপাদন হয়। এভাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমন্বয়ে দেশটি বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

প্রধানমন্ত্রী বলেন, এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ এবং সৃজনশীল অর্থনীতির কর্মসূচির আওতায় বিকশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের উন্নয়নে জাতীয় ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং আঞ্চলিক পর্যায়ে এর কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, এসব পণ্যের আধুনিক নকশা, গুণগত মান ও যথাযথ প্যাকেজিং নিশ্চিত করে আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে হবে। এ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকেও সরকার আন্তরিকভাবে সহযোগিতা করবে।

 

ছবি: পিএমও

 

বিদেশের আন্তর্জাতিক ব্যবসায়িক কেন্দ্রগুলোতে বাংলাদেশি এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলার আয়োজনের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিঙ্গাপুর, লন্ডন কিংবা প্যারিসের মতো শহরে সরকারি উদ্যোগে এ ধরনের মেলার আয়োজন করা যেতে পারে। এতে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে তাদের পণ্য তুলে ধরার সুযোগ পাবেন।

সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পাটজাত পণ্যসহ বিভিন্ন শিল্পপণ্য প্রদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সেখানে বিদেশি ক্রেতারা বাংলাদেশের পণ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন এবং অনেকেই পণ্যের অর্ডার দিতে চেয়েছেন। কিন্তু অর্ডার গ্রহণের প্রয়োজনীয় প্রস্তুতি না থাকায় সে সুযোগ পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের পাশাপাশি উদ্যোক্তাদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে বিদেশি ক্রেতারা তাৎক্ষণিকভাবে অর্ডার দিতে পারেন এবং প্রয়োজনীয় ব্যাংকিং ও লেনদেনের ব্যবস্থা সেখানেই থাকে।

আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এর পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ, জিআই, ট্রেডমার্ক ও ডিজাইন নিবন্ধনে সহায়তা এবং দেশি-বিদেশি ক্রেতাদের সঙ্গে উদ্যোক্তাদের সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

ছবি: পিএমও

নারী উদ্যোক্তাদের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতা অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের এসএমই মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশ নারী। তারা বুটিক ও পোশাকশিল্প, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের পণ্য বাজারজাত করছেন।

তিনি বলেন, নারী উদ্যোক্তাদের অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ, ব্যবসায়িক নেটওয়ার্ক ও পণ্য বিতরণের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণের চিন্তাভাবনা করছে।

তরুণ ও নতুন উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বছরের পর বছর চাকরির পেছনে সময় ব্যয় না করে এসএমই খাতের মাধ্যমে নিজেদের চাকরিদাতা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নেওয়া প্রয়োজন। আজ যারা পুরস্কৃত হয়েছেন, তাদের জীবনসংগ্রাম ও সাফল্য নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক, শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। এছাড়া এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ছবি: পিএমও

 

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এসএমই পণ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

এর আগে বেলা ১১ টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করেন। 

মেলার অংশ হিসেবে সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা স্টার্টআপ, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা। 

পরে পুরস্কারপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশ নেন।





ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি

আরও...