অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে মাদ্রাসায় না গিয়েই বেতন-ভাতা নিচ্ছেন গার্মেন্টস ব্যবসায়ী মাওঃ লোকমান


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৫ রাত ০৯:১১

remove_red_eye

৫৭৮

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে এক শিক্ষক মাদ্রাসায় অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট শিক্ষকের নাম প্রভাষক মাওঃ লোকমান হোসেন।
 তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার নাজিরপুর দারুল আউলিয়া হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক। অভিযোগ অনুযায়ী, নিয়োগ পাওয়ার পর থেকে একদিনও মাদ্রাসায় যাননি তিনি। অথচ নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, আরবি প্রভাষক হিসেবে মাওঃ লোকমান হোসেন এই মাদ্রাসায় ৩১-০১-২০২২ তারিখে এনটিআরসিএ এর মাধ্যমে সুপারিশ পেয়ে যোগদান করেন। যাহার ইনডেক্স  গ০০২৬৯১৭ নাম্বার। মাদ্রাসায় চাকুরিতে যোগদানের পর থেকে তিনি ওই মাদ্রাসায় কখনো ক্লাস নেন নি। দিনের পর দিন শিক্ষার্থীদের শিক্ষাদান থেকে বঞ্চিত করছেন। এবং কখনো তার হাজিরা খাতায় তিনি নিজে স্বাক্ষর না করলে ও কোন অলৌকিক ভাবে স্বাক্ষর করে মাস শেষে সরকারি কোষাগার থেকে হাজার হাজার টাকা বেতন-ভাতা  তুলে নিচ্ছেন তিনি।
একাধিক অভিভাবক বলেন, এই মাদ্রাসাটি খুব সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা একজন পীর সাহেব। মাদ্রাসার পূর্বের  প্রিন্সিপাল অবসরে যাওয়ায় আবুল হাসেম মাওঃ দেবিরচর মাদ্রাসা থেকে এসে এই প্রতিষ্ঠানে প্রধান হিসেবে নিয়োগ নেন। মাদ্রাসার শিক্ষক সংকট থাকায় এনটিআরসিএ এর মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এই মাওঃ লোকমান। কিন্তু  তিনি মাদ্রাসায় না আসায় শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে, ব্যহত হচ্ছে পাঠদান । তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। পরিচয় গোপন রাখার শর্তে একাধিক শিক্ষার্থী জানায়, মাওঃ লোকমান নামের কোনো শিক্ষককে আমরা চিনি না। কোনো দিন দেখিওনি।
অভিভাবকদের দাবি আমরা পূর্বে ও মৌখিক ভাবে জানাইছি এই শিক্ষকের ব্যাপারে কোন প্রতিকার হয়নি। আমাদের কোমলমতি ছেলে/মেয়েদের পাঠদান থেকে বঞ্চিত হোক তা কোনোভাবেই মেনে নিতে পারছি না। শুধু ছাত্র/ছাত্রীদের পড়াশোনা নয় সরকারের অগণিত টাকা আত্মসাৎ হোক তাও মানতে কষ্ট হচ্ছে। মিথ্যা ভাবে সরকারের টাকা এই ভাবে একজন আলেম যদি আত্মসাৎ করে হারাম টাকা ভোগ করে তাহলে আমাদের কি হবে। আমরা অনুপস্থিত শিক্ষকের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা নির্বাহি কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিভাগীয় তদন্ত কমিটিসহ উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।
অনুসন্ধানে  জানা যায়, মাওঃ লোকমান হোসেন নারায়ণগঞ্জে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। ছাত্র/ছাত্রী ও অভিভাবকগণ এমন দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মাননীয় প্রধান উপদেষ্টা, দূর্নীতি দমন কমিশন, বাংলাদেশ মাদ্রাসা অধিদপ্তর, মাদ্রাসা বোর্ড ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আবেদন জমা দিয়েছেন বলে জানা যায়।
এই বিষয়ে মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আবুল হাসেম এর কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি,সংবাদ কর্মীকে চা খাওয়ার দাওয়াত দিয়ে ফোনের লাইন কেটে দেন। এ বিষয়ে জানতে উপজেলা শিক্ষা অফিসারকে ফোন দিলে তিনি তা রিসিভ করেননি। 
এই বিষয়ে অত্র মাদ্রাসার সভাপতি মোঃ ফজলুল কবীর আল আযাদ পীর সাহেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, আসলেই প্রতিষ্ঠানের শিক্ষক নিয়ে তো আমি বলতে পারবো না সব বিষয় প্রিন্সিপাল জানে। তবে আমি যতটুকু জানি মাওঃ লোকমান নিয়োগের পর থেকে না থাকলে ও অন্য লোকের মাধ্যমে ক্লাস নেওয়াচ্ছেন। বেতন-ভাতা তুলেছেন কে? জানতে চাইলে কিছুই বলেন নি তিনি। এ বিষয়ে মাওঃ লোকমান হোসেনের কাছে জানতে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমি এই বিষয়ে অবগত নই, আমার কাছে লিখিত অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।