অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩


জুনের মধ্যেই উন্মুক্ত হবে স্বপ্নের পদ্মাসেতু: কাদের


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৬:২০

remove_red_eye

৫০১

বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু এ বছরের জুন মাসের মধ্যেই যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন সেতুর মূল কাজ হয়েছে শতকরা ৯৬ ভাগ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর সেতু বিভাগে বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

সেতুমন্ত্রী বলেন, চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের অগ্রগতি শতকরা ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। এ প্রকল্প চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

 

তিনি বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিনটি ফেজের মধ্যে এয়ারপোর্ট হতে বনানী পর্যন্ত প্রথম ফেজের কাজ শেষ হয়েছে শতকরা ৭৮ দশমিক পাঁচ শূন্য ভাগ এবং বনানী-মগবাজার অংশের অগ্রগতি শতকরা ৩১ ভাগ। এ প্রকল্পের কাজ আরও দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, এয়ারপোর্ট-আশুলিয়া-ইপিজেড এক্সপ্রেসওয়ে এবং এট-গ্রেডে চার লেন সড়কের কাজ শুরুর প্রস্তুতি শেষ হয়েছে। টেস্ট পাইলিংয়ের কাজও শেষ।

 

সিনহা হত্যা মামলার রায় প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা সরকার আইনের শাসনে বিশ্বাসী। আইন সবার জন্য সমান, যারা বিচার বিভাগ নিয়ে অহেতুক সংশয় প্রকাশ করে তারা এ রায়ের মাধ্যমে অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবে।

সবশেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দ্বোরাইস্বামী এক সৌজন্য সাক্ষাৎ করেন।