অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ | ৯ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ কুমিল্লার যুবক আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১

remove_red_eye

৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ মোঃ সেলিম (২৮) নামের একজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ডের ভাষ্য, তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত।

আজ সোমবার ২৩ নভেম্বর সকাল ১১টার দিকে সদর উপজেলার ইলিশার মাঝের চর সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক সেলিম কুমিল্লার চৌদ্দগ্রাম থানার নয়াবাজার ডাকঘরের কালীকাপর গ্রামের রমেজ আলীর ছেলে।

দুপুর ২টায় সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়ে জানান কোস্ট গার্ড লেফটেন্যান্ট রিয়াজ আহমেদ, লজিস্টিক দক্ষিণ জোন।

তিনি জানান, গোপন সংবাদে খবর আসে, মেঘনা নদী হয়ে ভোলায় মাদকের একটি বড় চালান ঢুকবে। এরপর ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়। পাওয়া তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা বিশেষ অভিযানে নামে। সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে গাঁজা ও হুইস্কি উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ১২ লাখ ৮৫ হাজার টাকা।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা গাঁজা, হুইস্কি ও আটক সেলিমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ সম্মেলনে রিয়াজ আহমেদ বলেন, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান রোধেও কোস্ট গার্ড ভূমিকা রেখে আসছে। মাদকের বিস্তার ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে বলে জানান তিনি।