অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ | ৯ই অগ্রহায়ণ ১৪৩৩


গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় অগ্নিসংযোগ, অপরাধীদের শাস্তি চান ড. ইউনূস


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৭

remove_red_eye

৫

দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় পেট্রোল বোমা দিয়ে অগ্নিসংযোগের অভিযোগ তুলে এসব হামলা বন্ধ এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পরিকল্পিতভাবে পেট্রোল বোমা হামলা চালানো হচ্ছে। হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে।

ড. ইউনূস বলেন, স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় একই কায়দায় হামলা চালানো হয়েছে। হামলার ধরন দেখে মনে হচ্ছে, অপরাধীদের প্রতিদিন এ ধরনের হামলার নির্দেশ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান। এ বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক মুহাম্মদ ইউনূস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। ঋণগ্রহীতারাই ব্যাংকটির মালিক। ফলে ব্যাংকটির ওপর হামলা মানে এসব নারীর নিরাপত্তা, স্বাধীনতা এবং তাদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

অধ্যাপক ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা কয়েকটি ঘটনায় অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন। এসব হামলা লাখ লাখ গ্রামীণ নারীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তাদের পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা ও জীবনের নানা প্রয়োজন মেটাতে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে প্রচারিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তার কোনো সম্পৃক্ততা নেই। ব্যাংকটির কোনো শেয়ারের মালিক তিনি নন, কখনো ছিলেনও না।গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চাওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, যেখানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

তার মতে, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলার সম্মিলিত প্রচেষ্টার ওপরও সরাসরি আঘাত। দরিদ্র নারীদের এই ব্যাংক রক্ষায় সবাইকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।