লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২৬ সকাল ১০:৫০
১২
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বকেয়া বাসা ভাড়া চাওয়া এবং ভাড়াটিয়াকে বাসা ছেড়ে দিতে বলাকে কেন্দ্র করে বাড়ির মালিক মুক্তা বেগমকে (৩৪) মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বড় ভাই ও ভাবির বিরুদ্ধে।
এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে শনিবার (২১ নভেম্বর) লালমোহন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।
অভিযুক্তরা হলেন মুক্তা বেগমের বড় ভাই মো. রাসেল (৪০) এবং তাঁর স্ত্রী মোসা. আরিয়া আক্তার সাথী (৩০)। মুক্তা বেগম লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকার মো. আবুল কাশেমের মেয়ে।
থানায় করা অভিযোগ ও মুক্তা বেগমের বক্তব্য অনুযায়ী, তাঁর বাবা দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে আক্রান্ত। প্রায় নয় বছর ধরে বাবা-মা তাঁর সঙ্গেই বসবাস করছেন। এ সময় তাঁদের দেখাশোনা, চিকিৎসা ও ভরণপোষণের দায়িত্ব পালন করেন তিনি ও তাঁর স্বামী। বাবার চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে তাঁর স্বামী বিভিন্ন ব্যক্তি ও উৎস থেকে ঋণগ্রস্ত হয়ে পড়েন। বিষয়টি বিবেচনা করে বাবা তাঁকে নিজের সম্পত্তি থেকে প্রায় ১৭ শতাংশ জমি দলিল করে দেন।
মুক্তার দাবি, পরবর্তী সময়ে তাঁর বড় ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে বসতঘর নির্মাণের জন্য ওই জমি থেকে চৌহদ্দিসহ পাঁচ শতাংশ জমি ভাইয়ের নামে দলিল করে দেন। জমিটি মেপে বুঝিয়েও দেওয়া হয়। পরে নিজের জমিতে বাসা নির্মাণ করে ভাড়া দেন তিনি।
মুক্তা বেগম জানান, গত আগস্ট মাসে তাঁর বড় ভাই রাসেল ওই বাসাটি ভাড়া নেন। কিন্তু বাসা ভাড়া নেওয়ার পর থেকে ভাড়া পরিশোধে নানা টালবাহানা করতে থাকেন। অক্টোবর মাস পর্যন্ত ভাড়া বকেয়া থাকায় তা পরিশোধ করে বাসা ছেড়ে দেওয়ার কথা বলেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল ও তাঁর স্ত্রী তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি বলে দাবি করেন তিনি।
অভিযোগে মুক্তা বেগম আরও জানান, শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে বকেয়া বাসা ভাড়া চাইতে এবং বাসা ছেড়ে দেওয়ার কথা বলতে গেলে রাসেল ও তাঁর স্ত্রী একযোগে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে মাথা ঘুরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বমি হলে এবং শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সিটি স্ক্যান করানোর পরামর্শ দেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে মো. রাসেল বলেন, “ওটা আমার বাসা। আমার বাবা বিদেশে থাকা অবস্থায় আমি বাসাটি করেছি। আমার বাসায় আমি ভাড়া থাকব কেন? মুক্তা আমার বাবার কাছ থেকে সব সম্পত্তি হেবা দলিল করে নিয়েছে। এরপর আমাকে পাঁচ শতাংশ জমি দলিল করে দিয়েছে। আমি সেখানেই থাকি।”
মুক্তাকে মারধরের বিষয়ে রাসেল বলেন, তাঁর স্ত্রীকে আঘাত করার কারণে তিনি মুক্তাকে একটি থাপ্পড় দিয়েছেন। তবে প্রাণনাশের হুমকিসহ বাকি অভিযোগগুলো সঠিক নয় বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) মো. নুর আমিন জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
কে এই সুইডেন আসলাম
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
ভোলায় আশা’র উদ্যোগে ৪৫০ কম্বল হস্তান্তর
মনপুরায় অসময়ে পাকা ধান খেতে বৃষ্টির ছোবল
চরফ্যাশনের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকার
জেলেদের চালের স্লিপ না দেওয়ায় ইউপি কর্মকর্তাকে হেনস্তা
ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত