অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৭ই নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক ১৪৩৩


১৬ বছর ধরে ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২৬ রাত ০৮:১৩

remove_red_eye

৬৫

লালমোহন  প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার মোতাহার নগর ইউনিয়নের গণেশপুর এলাকায় নয়া ভাঙ্গানী খালের ওপর নির্মিত ১২ মিটার দৈর্ঘ্যের একটি গার্ডার ব্রিজ এখন এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিজটির স্লাব ভেঙে খালে পড়ে যাওয়ায় সেখানে সুপারি গাছ ফেলে তৈরি করা হয়েছে অস্থায়ী সাঁকো। সেই সাঁকো দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন কয়েক গ্রামের শত শত মানুষ। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচল করতে হচ্ছে চরম আতঙ্কের মধ্যে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৯ সালে এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে ব্রিজটি নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের মাত্র এক বছরের মাথায়, ২০১০ সালের দিকে ব্রিজটির পূর্ব পাশ ও মাঝের অংশের স্লাব ভেঙে খালে পড়ে যায়। এরপর দীর্ঘ ১৬ বছর পেরিয়ে গেলেও ব্রিজটি সংস্কার কিংবা নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

বর্তমানে ব্রিজটির ভাঙা পূর্ব পাশ ও মাঝের অংশে সুপারি গাছ ফেলে তৈরি করা হয়েছে ঝুঁকিপূর্ণ সাঁকো। অন্যদিকে, পশ্চিম পাশের অংশটি রাস্তার তুলনায় অনেক উঁচু হওয়ায় সেখানে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে মই। এভাবেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে স্থানীয়দের। ব্রিজের ওপর দিয়ে কেউ হাঁটলেই সেটি থরথর করে কাঁপতে থাকে। সামান্য অসতর্কতায় যেকোনো সময় খালে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ইতোমধ্যে এই ব্রিজ থেকে পড়ে শিশুসহ বিভিন্ন বয়সী বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
ব্রিজটি দিয়ে চলাচল করতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে কোমলমতি শিক্ষার্থীরা। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শান্ত, পঞ্চম শ্রেণির আব্দুল্লাহ ও চতুর্থ শ্রেণির ইব্রাহিম জানায়, প্রতিদিন ব্রিজ পার হওয়ার সময় তাদের খুব ভয় লাগে। মনে হয়, এই বুঝি ব্রিজটি ভেঙে খালে পড়ে যাবে। তবুও বিদ্যালয়ে যাতায়াতের জন্য বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই ব্রিজটি পার হতে হয়।
স্থানীয় বাসিন্দা বাচ্চু মাতাব্বর, শাহে আলম ও শামছুল হক সিকদার বলেন, ব্রিজটি নির্মাণের এক বছরের মাথায় পূর্ব পাশ ও মাঝের অংশ ভেঙে খালে পড়ে যায়। পশ্চিম পাশের অংশটিও রাস্তার তুলনায় অনেক উঁচু। ফলে সুপারি গাছ ফেলে কোনোমতে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। ব্রিজের ওপর দিয়ে মানুষ চলাচল করলেই সেটি কাঁপতে থাকে। বিকল্প কোনো পথ না থাকায় বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পার হতে হচ্ছে।
তারা আরও জানান, আশপাশের কয়েক গ্রামের শত শত মানুষ প্রতিদিন এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন। ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে এ পথে অটোরিকশাসহ কোনো যানবাহন চলাচল করতে পারে না। এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে অসুস্থ রোগী, বয়োবৃদ্ধ ও গর্ভবতী নারীদের। জরুরি প্রয়োজনে কোনো রোগীকে উপজেলা সদর হাসপাতালে নিতে হলে বাঁশ দিয়ে পালকি তৈরি করে বাজার পর্যন্ত নিয়ে যেতে হয়। এতে রোগী ও স্বজনদের চরম ভোগান্তির শিকার হতে হয়।
এ অবস্থায় দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে ব্রিজটি দ্রুত সংস্কার অথবা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের সুদৃষ্টি কামনা করেছেন তারা।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, ওই ব্রিজটিসহ উপজেলার সব জরাজীর্ণ ব্রিজের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি সংস্কার অথবা নতুন করে নির্মাণসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত ব্রিজের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।





চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আসর

চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আসর

আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলার পর্দা নামল, সক্রিয় অংশগ্রহণে জিজেইউএস

আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলার পর্দা নামল, সক্রিয় অংশগ্রহণে জিজেইউএস

দৌলতখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

দৌলতখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

দৌলতখান বাজারকে দখল মুক্ত করতে প্রশাসনের অভিযান

দৌলতখান বাজারকে দখল মুক্ত করতে প্রশাসনের অভিযান

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

আরও...