অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩


ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৬ রাত ১০:৫৯

remove_red_eye

৬

মোঃ আব্দুর রহমান হেলাল : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
‘ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন, ফুলের টব ও অন্যান্য পাত্রে জমে থাকা পানি ফেলে দিন’—এ ধরনের সচেতনতামূলক স্লোগানকে সামনে রেখে বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় এ র‌্যালি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভোলা পৌর জামায়াত এ কর্মসূচির আয়োজন করে।
র‌্যালিটি হাটখোলা জামে মসজিদ থেকে শুরু হয়ে ভোলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বোর্ডিং মসজিদের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, বাসাবাড়ি ও আশপাশের জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে জনসচেতনতামূলক বার্তা দেন।
র‌্যালিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা রশিদ, মাওলানা আব্বাস উদ্দিন, জেলা অর্থ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, মাওলানা জাকির হোসাইন, পৌর নায়েবে আমির মোহাম্মদ রুহুল আমিন, পৌর সেক্রেটারি মাওলানা আতাউর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না; মশার বংশবিস্তার রোধে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। বিশেষ করে বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রেন ও অন্যান্য স্থানে পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং নিয়মিত জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়।

 


মোঃ ইয়ামিন