অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩


ভোলায় নতুন করে আরো ২৮জন করোনায় আক্রান্ত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১২:৩০

remove_red_eye

৫১৮

 অচিন্ত্য মজুমদার II ভোলায় গত ২৪ ঘন্টায় ১৭৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ২৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৬ শতাংশ। এদের মধ্যে ১৯ জন ভোলা সদর, ‌ ১ জন বোরহানউদ্দিন, ১ জন লালমোহন, ২ জন চরফ্যাশন ও ৫ জন মনপুরা উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬০৩ জনে দাঁড়িয়েছে। রবিবার রাতে সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে। সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৭ হাজার ৬০৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯০৯ জন। জেলায় বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৬৯৪ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ৪ জন ভর্তিসহ বর্তমানে ১৭ জন চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত আইসোলেশন ইউনিটে ২ হাজার ৫৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ২ হাজার ৩৭ জন বাড়ি ফিরেছেন। সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ৩৬ হাজার ৯০৩ জনের নমুনা সংগ্রহ করে র‍্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে। ভোলায় করোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত ৯২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭৪ জন, দৌলতখানে ৫ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৫ জন, চরফ্যাশনে ৫ জন ও মনপুরা উপজেলায় এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে।