অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৬

remove_red_eye

১০

রফিকুল ইসলাম ॥ কিছু শিরোনাম কেবল সংবাদপত্রের পাতায় ছাপা হয় না, ঠাঁই করে নেয় ইতিহাসের বুকে। কিছু প্রতিবেদন হয়ে ওঠে একটি জনপদের বেদনার প্রামাণ্য দলিল। ১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পর ভোলার ভয়াবহ বিপর্যয় নিয়ে সাংবাদিক এম. হাবিবুর রহমানের লেখা ‘কাঁদো বাঙালি কাঁদো, ভোলার গাছে গাছে ঝুলছে মানুষের লাশ’ তেমনই এক ঐতিহাসিক শিরোনাম।
তৎকালীন পূর্বদেশ পত্রিকায় প্রকাশিত তাঁর সচিত্র প্রতিবেদন দেশবাসীকে স্তব্ধ করে দিয়েছিল। গাছের ডালে ঝুলে থাকা মানুষের লাশ, বিধ্বস্ত জনপদ আর স্বজনহারা মানুষের আহাজারি নিয়ে সেই প্রতিবেদন ছিল নিছক সংবাদ পরিবেশনা নয়, ছিল রাষ্ট্র ও সমাজের বিবেকের প্রতি এক মর্মস্পর্শী আহ্বান। বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলের মানুষের মৃত্যু ও দুর্দশাকে তিনি পৌঁছে দিয়েছিলেন জাতীয় পরিসরে। সেই প্রতিবেদনের মধ্য দিয়েই দেশব্যাপী পরিচিতি পান ভোলার এই সাংবাদিক।
১৯৪৪ সালের ৩১ জানুয়ারি ভোলা শহরের ঐতিহ্যবাহী সিকদার বাড়িতে জন্ম এম. হাবিবুর রহমানের। বাবা মো. সেকান্দার আলী সিকদার, মা সায়েদা খাতুন। ১৯৫৯ সালে ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিক, ১৯৬২ সালে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে স্নাতক এবং ১৯৭২ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ষাটের দশকের শেষভাগে পূর্বদেশ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় হাতেখড়ি। ১৯৭৩ সালে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ভোলা মহকুমা প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেন। ১৯৮৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত চার দশক ছিলেন বাংলাদেশ বেতারের ভোলা জেলা প্রতিনিধি। ১৯৮৭ সালে সামিয়া লঞ্চডুবির সংবাদ পরিবেশনের জন্য রাষ্ট্রপতি পদক লাভ করেন।
মহান মুক্তিযুদ্ধের সময় ভোলার ওয়াপদা কলোনিসংলগ্ন বধ্যভূমির সচিত্র প্রতিবেদনসহ যুদ্ধকালীন গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশনে তাঁর সাহসী ভূমিকা সাংবাদিকতার ইতিহাসে স্মরণীয়। সংবাদ সংগ্রহে পেশাগত নিষ্ঠা ও ঝুঁকি নেওয়ার মানসিকতা তাঁকে আলাদা পরিচিতি দিয়েছিল।
১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন দৈনিক বাংলার কণ্ঠ। প্রকাশক ও সম্পাদক হিসেবে পত্রিকাটিকে দাঁড় করান ভোলার মানুষের কথা বলার একটি প্রাতিষ্ঠানিক মঞ্চ হিসেবে। সরকারি নিবন্ধন ও ডিএফপিভুক্ত পত্রিকাটি টানা ৩১ বছর প্রকাশিত হয়েছে। ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়াবিদ, সংগঠক ও নাগরিক প্রতিনিধি। স্বাধীনতা-পরবর্তী ভোলার সামাজিক ও নাগরিক বিকাশেও ছিল তাঁর সক্রিয় ভূমিকা।
প্রায় ছয় দশকের সাংবাদিকতা ও কর্মময় জীবনের অবসান ঘটে ২০২৫ সালের ২৪ নভেম্বর। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী।
এম. হাবিবুর রহমানের সাংবাদিকতার সবচেয়ে বড় কৃতিত্ব, তিনি ভোলাকে শুধু নিজের কর্মক্ষেত্র হিসেবে দেখেননি; দেখেছেন বৃহত্তর বাংলাদেশের অবিচ্ছেদ্য এক জনপদ হিসেবে। রাজধানী থেকে দূরের দ্বীপাঞ্চলের মানুষের দুর্যোগ, বঞ্চনা, সংগ্রাম ও সম্ভাবনাকে জাতীয় পরিসরে তুলে ধরেছেন। তাঁর প্রতিষ্ঠিত দৈনিক বাংলার কণ্ঠ আজও সেই দায়িত্ব পালন করছে। উত্তরসূরি সাংবাদিক হাসিব রহমান পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব নিয়ে পিতার উত্তরাধিকার বহন করছেন।
১৯৭০ সালের ১২ নভেম্বরের সেই ভয়াল দিনে ভোলার আকাশ-বাতাসে ছিল মৃত্যু আর মানুষের আর্তনাদ। সেই আর্তনাদকে যিনি সংবাদপত্রের পাতায় অমর করে রেখেছিলেন, সময়ের ব্যবধানে তিনিই আজ স্মৃতির মানুষ। কিন্তু তাঁর লেখা সেই শিরোনাম এখনো আমাদের মনে করিয়ে দেয়, সাংবাদিকতার শক্তি শুধু ঘটনা জানানোর মধ্যে নয়, বিস্মৃত মানুষের কান্নাকে ইতিহাসের অংশ করে তোলার মধ্যেও।
সত্তরের সেই প্রলয়ের পর তিনি লিখেছিলেন, ‘কাঁদো বাঙালি কাঁদো’। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে ভোলার মানুষ স্মরণ করছে সেই সাহসী সংবাদযোদ্ধাকে, যিনি নিজের কলমে একটি দ্বীপের কান্নাকে পৌঁছে দিয়েছিলেন গোটা দেশের হৃদয়ে।

সাংবাদিক এম. হাবিবুর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা

লেখক: সিনিয়র সাংবাদিক,কালের কন্ঠ,বরিশাল