অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ | ১০ই অগ্রহায়ণ ১৪৩৩


জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন


মো: ইয়ামিন

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ রাত ১০:০৫

remove_red_eye

৬

বাইপাস সার্জারির প্রস্তুতি চলছে সবার কাছে দোয়া প্রার্থনা


মোঃ ইয়ামিন : জাতীয় সংসদের স্পিকারের ব্যক্তিগত সহকারী (পিএ) ও ভোলার তজুমদ্দিনের পরিচিত মুখ ফখরে আজম পলাশ গুরুতর অসুস্থ হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ৩ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর হৃদ্যন্ত্রে ব্লক ধরা পড়েছে। বর্তমানে তাঁর বাইপাস সার্জারির প্রস্তুতি ও চিকিৎসা প্রক্রিয়া চলছে।
ফখরে আজম পলাশ জাতীয় সংসদের স্পিকার দপ্তরের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি সাবেক আহ্বায়ক, তজুমদ্দিন প্রেসক্লাব; তজুমদ্দিন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (যাসাস) তজুমদ্দিন শাখার সাধারণ সম্পাদক এবং তজুমদ্দিন শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক।
জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসার অংশ হিসেবে তাঁকে একাধিক ইনজেকশন দেওয়া হয়েছে। পাশাপাশি বাইপাস সার্জারির প্রস্তুতি চলছে।


এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে সবার কাছে দোয়া চেয়েছেন ফখরে আজম পলাশ। জীবনের এই সংকটময় সময়ে যাঁদের সঙ্গে তাঁর পথচলা হয়েছে, তাঁদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। পাশাপাশি কারও প্রতি কোনো অভিযোগ বা বিদ্বেষ নেই জানিয়ে সবার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেছেন।
তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তজুমদ্দিন ও ভোলার রাজনৈতিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।
সবার প্রত্যাশা, মহান আল্লাহর অশেষ রহমতে তাঁর চিকিৎসা ও অস্ত্রোপচার সফল হবে এবং দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন ফখরে আজম পলাশ। তাঁর আশু রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।


মো : ইয়ামিন