অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ | ১০ই অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯

remove_red_eye

৪

২০২৬ সালের দাখিলে ১২ জনে পাস ১আলিমে সবাই ফেল

কাজী জামাল, দৌলতখান : ভোলার দৌলতখান উপজেলার ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের দায়িত্ব, শিক্ষক নিয়োগ, পাঠদান এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন মাদ্রাসার একাধিক শিক্ষক। দীর্ঘ ছয় বছর ধরে পরিচালনা কমিটি না থাকায় প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমে তদারকির অভাব দেখা দিয়েছে বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, মাওলানা আবু তাহের হেলালী সহকারী মৌলভী পদে নিয়োগপ্রাপ্ত হয়ে ওই পদ অনুযায়ী বেতন-ভাতা ও এমপিও সুবিধা ভোগ করছেন। অথচ তিনি নিজেকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে পরিচয় দিয়ে আসছেন। তার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের বৈধতা ও প্রয়োজনীয় যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক।
সহকারী সুপার মাওলানা কাশেম, শামসুর রহমান, মনির হোসেন, আব্দুল মন্নান, মাওলানা মফিজ ও মাওলানা রিপনসহ একাধিক শিক্ষক প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরেছেন। তাদের দাবি, আবু তাহের হেলালীর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের প্রয়োজনীয় যোগ্যতা নেই। পাশাপাশি আলিম স্তরের পাঠদান পরিচালনার জন্য প্রয়োজনীয় শিক্ষক ও শিক্ষার্থীর পর্যাপ্ত উপস্থিতি নিয়েও প্রশ্ন রয়েছে।
শিক্ষকদের অভিযোগ, প্রতিষ্ঠানটিতে দাখিল ও আলিম স্তরের শিক্ষা কার্যক্রম পরিচালিত হলেও শিক্ষার মান ও ফলাফলে তার প্রতিফলন নেই। ২০২৬ সালের দাখিল পরীক্ষায় ১২ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজন পাস করেছে। অন্যদিকে আলিম পরীক্ষায় অংশ নেওয়া পাঁচজন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। এ ফলাফলকে প্রতিষ্ঠানের পাঠদান ও তদারকির দুর্বলতার চিত্র হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এদিকে দীর্ঘ ছয় বছর ধরে প্রতিষ্ঠানে কোনো পরিচালনা কমিটি না থাকায় প্রশাসনিক জবাবদিহি ও নিয়মিত তদারকি ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। শিক্ষকদের আরও অভিযোগ, আবু তাহের হেলালী নিজের ইচ্ছামতো মাদ্রাসায় আসা-যাওয়া করেন এবং এ বিষয়ে অন্যদের কিছু জানান না।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মাওলানা আবু তাহের হেলালীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, “আমি ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যাচ্ছি। আপনাকে এখন সময় দিতে পারব না।”
পরবর্তীতে একাধিকবার মাদ্রাসায় গিয়ে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে দৌলতখান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিবুল হাসান বলেন, “আমি ওই মাদ্রাসায় গিয়েছিলাম। তার বিষয়ে ব্যাপক অনিয়ম পেয়েছি। তিনি নিজেকে অধ্যক্ষ দাবি করেন, কিন্তু তার বেতন স্কেল ও এমপিওতে পদবি সহকারী মৌলভী হিসেবে উল্লেখ রয়েছে। বিষয়টি আমি ভালোভাবে তদন্ত করে অধিদপ্তরে প্রতিবেদন পাঠাব। তবে এ জন্য আমাকে একটু সময় দিতে হবে।”
সংশ্লিষ্টদের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা কমিটির অনুপস্থিতি, প্রশাসনিক জবাবদিহির অভাব এবং পাঠদানের দুর্বলতা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে। তাই দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসার অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।