অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ | ১১ই অগ্রহায়ণ ১৪৩৩


হাবিব রিপোর্টার : এক মানুষ, এক প্রতিষ্ঠান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১২

remove_red_eye

২৯

নেয়ামতউল্যাহ : জেলা শিল্পকলা একাডেমির মাসিক সাহিত্য আড্ডায় যাতায়াত করতে করতেই কবিতার সঙ্গে আমার গভীর পরিচয়। তখনো সাংবাদিক হওয়ার কথা ভাবিনি। দু-একটি কবিতা লিখতাম। সেই কবিতাগুলো পাঠিয়ে দিতাম স্থানীয় দৈনিক  বাংলার কণ্ঠ-এ। সপ্তাহের নির্দিষ্ট দিনে পত্রিকাটি বের হলে ছুটে যেতাম অফিসে। লেটারপ্রেসে ছাপা নিজের ভাঙাচোরা অক্ষরের কবিতা দেখার আনন্দ তখন ভাষায় প্রকাশ করার মতো ছিল না।
সেটি নব্বই দশকের শেষভাগ। বাংলার কণ্ঠ-এর অফিস ছিল মহাজনপট্টির এখনকার কার্যালয়ের নিচতলায়। সামনের অংশে সম্পাদকীয় কার্যালয়, পেছনে প্রেসের শব্দে মুখর ছাপাখানা। সেই যাওয়া-আসার মাঝেই পরিচয় হয় পত্রিকার সম্পাদক এম. হাবিবুর রহমানের সঙ্গে। তখন তিনি শুধু একজন সম্পাদক নন, আমার কাছে ছিলেন দূর থেকে দেখা এক আলোকিত মানুষ।
পরে তাঁর ছেলে হাসিব রহমান আমাদের বন্ধু হয়ে যায়। সেই সূত্রে এম. হাবিবুর রহমান হয়ে ওঠেন আমাদের সবার ‘হাবিব কাকা’। সম্পর্কটা সম্পাদক আর লেখকের সীমা পেরিয়ে একসময় অভিভাবকের জায়গায় পৌঁছে যায়।
২০০১ সালে পরীক্ষা দিয়ে তৃণমূল সংবাদকর্মী হিসেবে যাত্রা শুরু করি। সেটিই আমার সাংবাদিক হয়ে ওঠার প্রথম আনুষ্ঠানিক ধাপ। সেই সময় থেকে হাবিব কাকার সান্নিধ্য আরও ঘনিষ্ঠ হয়। বাংলার কণ্ঠ ছিল শুধু একটি পত্রিকা নয়; ছিল সাংবাদিকতার এক অনানুষ্ঠানিক বিদ্যালয়। আর সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন হাবিব কাকা।
তিনি আমাদের সংবাদ লেখার কৌশল শেখাতেন, কিন্তু তার চেয়েও বেশি শেখাতেন সংবাদকর্মীর নৈতিকতা। তাঁর একটি কথা আজও কানে বাজে—“সব খবর প্রকাশ করতে হয় না। এমন কিছু খবর আছে, যা প্রকাশ করলে সমাজের উপকারের চেয়ে ক্ষতিই বেশি হয়।” আবার একই সঙ্গে তিনি কখনো সত্য গোপন করার পরামর্শও দেননি। বলতেন, “প্রমাণ ছাড়া কিছুই লিখবে না। অভিযোগ থাকলেই তা সংবাদ হয়ে যায় না।”
২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত আমার লেখালেখির প্রধান জায়গা ছিল দৈনিক বাংলারকণ্ঠ, সাপ্তাহিক মেঠেবার্তা এবং জাতীয় পত্রিকাগুলোতে ফ্রিল্যান্স ফিচার লেখা। তখনকার সাংবাদিকতা ছিল সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। গুগল ছিল না, ইন্টারনেট ছিল না। তথ্য খুঁজতে বই পড়তে হতো, মানুষের কাছে যেতে হতো, প্রবীণদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে হতো।
হাতে স্ক্রিপ্ট লিখে ফ্যাক্সে সংবাদ পাঠিয়েছি। কখনো ছবিসহ হাতে লেখা রিপোর্ট ডাকযোগে পাঠিয়েছি। আজকের মতো এক ক্লিকেই সবকিছু হয়ে যেত না। তবু আশ্চর্যের বিষয়, তখন সংবাদ খুব কমই মিস হতো। কারণ সংবাদকর্মীরা প্রযুক্তির ওপর নয়, দায়িত্ববোধের ওপর বেশি নির্ভর করতেন।
আমাদের কাছে তখন হাবিব কাকার মতো জ্যেষ্ঠ সাংবাদিকরাই ছিলেন চলমান গুগল, জীবন্ত বিশ্বকোষ। কোনো বিষয়ে জানতে চাইলে তাঁর কাছে গেলেই উত্তর মিলত। তাঁর অভিজ্ঞতার ভাণ্ডার ছিল অসাধারণ। আজকের প্রজন্ম হয়তো সার্চ ইঞ্জিনে তথ্য খুঁজে পায়, কিন্তু আমরা মানুষ থেকে জ্ঞান আহরণ করেছি।
এক-এগারোর রাজনৈতিক পরিবর্তনের পর বাংলারকণ্ঠ-এর অফিস নিচতলা থেকে দোতলায় উঠে আসে। ২০০৭ সালের সেই অস্থির সময়ে ভোলায় নৌবাহিনী মোতায়েন হয়েছিল। নানা চাপ, নানা পরিস্থিতির মধ্যেও হাবিব কাকা কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। কোনো সংবাদ বন্ধ করার জন্য ক্ষমতাবানদের খুশি করার চেষ্টা করেননি। আবার ভিত্তিহীন অভিযোগ ছাপারও অনুমতি দেননি। তাঁর কাছে সত্যই ছিল সাংবাদিকতার একমাত্র আশ্রয়।
এই সময় তিনি ভোলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন। এরপর মৃত্যুর আগ পর্যন্ত টানা সেই দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে প্রেসক্লাব শুধু একটি সংগঠন ছিল না, ছিল সাংবাদিকদের মিলনস্থল। 

২০১৮ সালের নির্বাচন পর্যন্ত আমি তাঁর পরিবারের খুব কাছের মানুষ ছিলাম। পরিবারের তিন সন্তানের বিয়ে, সুখ-দুঃখের নানা আয়োজনে আমার ডাক পড়ত। সময়ের সঙ্গে ব্যস্ততা বেড়েছে, দূরত্বও তৈরি হয়েছে। তারপরও মাঝেমধ্যে কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে তাঁর কাছে গেলে আগের সেই আন্তরিকতা একটুও কম মনে হতো না। 
আমি প্রায়ই মজা করে বলতাম, “কাকা, আপনি আমাকে ভুলে গেছেন। আগের মতো আর ডাকেন না।” তিনি মৃদু হেসে থাকতেন। সব সময় আমাকে ‘আপনি’ বলেই সম্বোধন করতেন। ফোন ধরতে না পারলে পরে নিজেই কলব্যাক করতেন। ছোটদের প্রতি এমন সম্মান দেখানোর অভ্যাস আজও আমাকে বিস্মিত করে। 
কখনো কখনো তিনি হাসিবকে ডেকে বলতেন, “হাসিব, দেখো তো, নেয়ামত সাহেব কী বলেন।”
এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে ছিল তাঁর সৌজন্য, স্নেহ আর মানুষকে সম্মান করার অসাধারণ ক্ষমতা। 
দেখতে দেখতে হাবিব কাকা চলে যাওয়ার এক বছর হয়ে গেল। একজন মানুষ কখনোই শুধু গুণে গড়া হন না; তাঁরও সীমাবদ্ধতা থাকে। ভালো-মন্দ মিলিয়েই মানুষ পূর্ণতা পায়। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে উঠে তিনি ভোলার মানুষের কাছে আজও ‘হাবিব রিপোর্টার’ নামেই পরিচিত।
সাংবাদিক হিসেবে তাঁর নখেরও যোগ্য হতে পেরেছি কি না, সে প্রশ্নের উত্তর আমার জানা নেই। তবে এটুকু জানি, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিষ্ঠার সঙ্গে বাংলাদেশ বেতারে ভোলার সংবাদ পাঠিয়েছেন। লিখেছেন আন্তরিকতা দিয়ে, দায়িত্ব নিয়ে।
তাঁর প্রতিষ্ঠিত ‘দৈনিক বাংলার কণ্ঠ’ শুধু একটি পত্রিকা ছিল না; এটি ছিল সাংবাদিক তৈরির কারখানা, সাহিত্যচর্চার উন্মুক্ত অঙ্গন এবং সাধারণ মানুষের কথা বলার একটি নির্ভরযোগ্য মঞ্চ। এই পত্রিকার হাত ধরে অসংখ্য সাংবাদিক, লেখক ও সাহিত্যিক গড়ে উঠেছেন। অসংখ্য মানুষের সমস্যার কথা প্রথমবারের মতো প্রকাশ পেয়েছে এই কাগজের পাতায়।
মানুষ চলে যায়, কিন্তু কিছু মানুষ তাঁদের কাজের মধ্যেই থেকে যান। এম. হাবিবুর রহমান তেমনই একজন। সময় যতই এগিয়ে যাবে, প্রযুক্তি যতই বদলাবে, সাংবাদিকতার পাঠশালায় আমার প্রথম শিক্ষকদের একজন হয়ে তিনি ততদিন বেঁচে থাকবেন, সস্মৃতিতে, শ্রদ্ধায় এবং প্রতিটি সৎ সংবাদকর্মীর বিবেকে।

[ লেখক: প্রথম আলোর ভোলা প্রতিনিধি, কবি ও কথা সাহিত্যিক ]


মো : ইয়ামিন



জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক

আরও...