আসমা আক্তার সাথী
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৬
২৫
॥ আসমা আক্তার সাথী ॥
পরিবারের প্রতিটি মানুষের জীবনেই কিছু বিশেষ মানুষ থাকেন, যারা নীরবে-নিঃশব্দে পুরো পরিবারকে আগলে রাখেন। আমার জীবনে মা, বাবা ও শ্বশুর আব্বা ছিলেন তেমনই বটবৃক্ষ— তাঁরা কেবল অভিভাবকই নন, ছিলেন পরম আশ্রয়, মায়াবী ছায়া এবং অগাধ স্নেহের এক অনন্য প্রতিকৃতি। আজ যখন তাঁদেরকে নিয়ে স্মৃতিচারণ করতে বসি, তখন মনের পর্দায় ভেসে ওঠে তাঁদের শান্ত মুখাবয়ব, মৃদু হাসি আর স্নেহার্ত দৃষ্টি।
নভেম্বর মাস আমার জীবনে এক বিশেষ স্মরণীয় মাস। এই মাসে আমি আমার মা, আব্বা আর বাবাকে হারিয়েছি। তাঁদের স্মৃতিচারণ করেই আজ আমার এ লেখা।
১৯৯৫ সালের নভেম্বর মাসের ২১ তারিখে মাত্র ১৬ বছর বয়সে আমি আমার মমতাময়ী মাকে হারিয়েছি। মা হারানোর মতো বেদনা পৃথিবীতে আর কিছুতেই নেই। মা ছিলেন আমার পুরো পৃথিবী, আমার জীবনের পুরোটা। আমি ছিলাম মা ন্যাওটা। আমাকে রেখে মা কোথাও যেতে পারতেন না। কোথাও বের হবেন তো আমি তাঁর আগে রেডি। বড় হয়ে যখন বিছানা আলাদা হলো, তখন আমি এক কষ্টের সাগরে পতিত হয়েছিলাম। আমি প্রায়ই মায়ের বিছানায় গিয়ে ঘুমিয়ে পরতাম। মা মানে কি বিশাল এক আকাশ তা বলে বোঝানো যাবে না। আমার সেই আকাশ মেঘে ঢেকে অন্ধকার হয়ে গেলো কিশোরী বয়সে। এই মেঘে ঢাকা অন্ধকার আকাশ আমার নিত্য সঙ্গী হয়ে গেলো।
আমার মায়ের মতো মমতাময়ী মানুষ আমি জীবনে খ্বু কমই দেখেছি। পরিবারের সদস্য, আত্বীয়- স্বজন, পাড়া প্রতিবেশি, এলাকাবাসী সকলের সাথে ছিলো সুসম্পর্ক। ভীষণ মিশুক প্রকৃতির মানুষ ছিলেন। মানুষের সাথে গল্প করতে খুব পছন্দ করতেন। নানা বাড়ি যাবার সময় নদী পার হবার পরে ১ ঘণ্টার রাস্তা পার হতে ২/৩ ঘণ্টা লেগে যেতো। কারণ আমার মা পথের ধারে পরিচিত যাদের সাথে দেখা হচ্ছে, তাদের সঙ্গে গল্প জুড়ে দিচ্ছেন। আমরা অস্থির থাকতাম নানা বাড়ি পৌঁছানোর জন্য। নানীর আদরমাখা স্নেহ, ভালোবাসা, পিঠা পুলি আমাদের হাতছানি দিয়ে ডাকছে, আর মা কিনা দেরি করিয়ে দিচ্ছেন! শেষমেশ নানা বাড়ির কাছাকাছি চলে আসলে আমরা মাকে রেখেই ভোঁ দৌড় দিতাম। নানী আমাদেরকে আদর সোহাগ আহ্লাদে ভরিয়ে দিতেন। আমার ছোট মামা আর খালামনি মাকে এগিয়ে নিয়ে আসতেন। আমার মা বাবা বেঁচে না থাকার কারণে আমাদের কন্যা নানী বাড়ির এ সকল আদর থেকে বঞ্চিত হয়েছে। ওর এই শূন্যতা আমি পূরণ করতে পারিনি।
যাক বলছিলাম আমার মায়ের কথা, আমার মায়ের নরম মনে মানুষের জন্য ছিলো অফুরন্ত ভালোবাসা। আমাদের বাসায় ভিক্ষা করতে এসে দুপুর বেলা কোন ভিক্ষুক কখনও দুপুরের খাবার না খেয়ে যেতে পারেনি। সে সময় ভিক্ষুকদের চাল দেবার প্রচলন ছিলো। কিন্তু আমাদের বাসায় ভিক্ষুকেরা মায়ের কাছ থেকে চাল, ডাল, পেঁয়াজ, রান্নার তেল, মাছ, মাংস, ডিম সবই পেতেন পালাক্রমে। নোনা কাটা ইলিশ এরমধ্যে উল্লেখযোগ্য। আমাদের বাসা শরীয়তপুর সদরে থাকার কারণে আমাদের বাসায় গ্রাম থেকে আসা আত্মীয় স্বজনদের যাতায়াত খুব বেশি ছিলো। সদরে কাজ শেষ করে দুপুরে বাসায় আসতেন আত্নীয়রা। ছোট বেলা থেকেই দেখেছি ছুটির দিন ছাড়া আমরা দুপুরের খাবার আত্নীয় স্বজন ছাড়া খেতে পারতাম না। পাশাপাশি আমার মা আমাদের লেখাপড়ার বিষয়েও অনেক সচেতন ছিলেন। মূলত আমাদের জীবনের প্রথম শিক্ষক আমাদের মা। আমরা প্রথমে মায়ের কাছেই অক্ষর জ্ঞান সম্পন্ন করেছি। আদর্শ লিপির বর্ণমালা শেষ করে কার চিহ্ন শেখার পরে শব্দ ও বাক্য গঠন সুর করে পড়ার বিষয়টি আমি বেশ উপভোগ করতাম। মা চমৎকার পুঁথি পড়তেন। তিনি ছিলেন সমাজ কল্যাণ অফিসার। কিন্তু আমার ছোট ভাইয়ের জন্মের পর আর আমাদের বাকি চার ভাই বোনের লেখাপড়া ও সংসার সামলানোর জন্য তিনি এক সময় চাকরি ছেড়ে দেন। নিজের কর্ম জীবনের ইতি তিনি আমাদের প্রয়োজনে হাসতে হাসতেই ছেড়ে দিয়েছিলেন। তবে মনে হয় মনের গহীন কোনে কোথাও একটু হলেও কষ্ট রয়ে গিয়েছিল। আমরা একটু বড় হবার পরেই মা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন যে, আগে লেখাপড়া শেষ করে কর্ম জীবনে প্রবেশ করতে হবে। নিজের পরিচয় তৈরি করতে হবে। তারপর অন্য সব। মা প্রায়ই বলতেন অর্থনৈতিক মুক্তি মেয়েদের জীবনের বড় অর্জন। পছন্দের লেখক ছিলেন বেগম রোকেয়া। পত্রিকা পড়তে পছন্দ করতেন। সে সময় শরীয়তপুরে দৈনিক পত্রিকা এসে পৌঁছাতো দুপুরের পর। আর সানন্দা ম্যাগাজিন পড়ার অভ্যাস আমি মায়ের কাছ থেকেই পেয়েছিলাম। আসলে সন্তানের কাছে এক জন মাকে নিয়ে গল্প করার উপকরণের কোন অভাব হয় না, আমারও নেই। তবে শেষ তো করতে হবে। তবু আর একটু বলি, আমার মা ছিলেন ভীষণ রকমের নিরহংকারী এক জন মানুষ। আমাদের বাসার গৃহকর্মীদের সাথে কি ভীষণ অমায়িক ব্যবহার তিনি করতেন তা বলে বা লিখে শেষ করার নয়। বাসায় নন পারমানেন্ট গৃহ কর্মীর পাশাপাশি ছোট একজন মেয়েও থাকতো। এবং আমার মমতাময়ী মা আমাদের সাথে মিল করে ওদের জন্য ঈদের ড্রেস কিনে দিতেন। ওরা ভয় পেত বলে আমাদের বিছানায় ঘুমাতে দিতেন। ছোট বেলায় আমার এ বিষয়গুলো একদমই পছন্দ হতো না। আমি রীতিমতো বিদ্রোহ ঘোষণা করতাম এবং আমার সর্বংসহা বড় বোন সব সাদরে গ্রহণ করতেন। আর আমি হৈচৈ করে বাড়ি মাথায় তুলতাম।
মা না থাকলে আসলে জীবনে কিছু থাকে না, আমাদেরও ছিলো না। মা বিহীন কিশোরী কন্যাদের জীবনে সীমাহীন দুঃখ কষ্ট থাকে। সেই দুঃখের ভেলায় ভেসে ভেসে আমরা ভাই বোনেরা বড় হয়েছি একে অপরকে জড়িয়ে ধরে। বিশেষ করে বড়পা, আমি ও রাসেল। শত দুঃখ কষ্টের মাঝে আমরা নিজেদেরকে গড়ে তোলার কাজে নিয়োজিত থেকেছি। জানিনা কতটুকু গড়তে পেরেছি। তবে মায়ের দেয়া শিক্ষা আমাদের চলার পথের পাথেয় হয়ে আছে। আমার মাকে আমি এখনও মিস করি। এখনও কাছে পেতে ইচ্ছে করে। বিশেষ করে আমার সন্তান জন্মের পরে আমি মাকে যে কি ভীষণ রকমের মিস করেছি তা বলাবাহুল্য। কিন্তু চাইলেই তো আর সব পাওয়া যায় না। তবে অনুভব করা যায়। যেমন আমার অনুভূতিতে আজও রয়ে গেছে আমার মায়ের ঠাণ্ঠা শরীর। মা মারা গেলেন ১৯৯৫ সালের ২১ নভেম্বর মঙ্গলবার রাত ৮ টা ২৫ মিনিটে। আব্বা আমাকে বললেন, মাকে পানি পান করাতে, আমি তাই করলাম। মায়ের বাম চোখ থেকে পানি গড়িয়ে পরলো, আব্বাসহ আমরা চার ভাই বোন, আমার একমাত্র খালামনিসহ আরও অন্যান্য আত্মীয় স্বজন, প্রতিবেশী কযেক জন কাকি মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে ছিলেন। ছিলো না শুধু আমার বড় ভাই। আমার মনে হয় মা তাঁর আদরের অতিপ্রিয় বড় সন্তানকে তখন খুঁজছিলেন। ব্যবসায়ের কাজে মিয়াভাই তখন ঢাকা ছিলেন। আমাদের চিৎকার আর কান্নাকাটিতে হাসপাতালের আকাশ বাতাস ভারি হয়ে উঠেছিল নিশ্চয়ই। সদর হাসপাতাল থেকে মাকে বাসায় এনে মাটিতে শোয়ানো হলো। আমি কাঁদতে কাঁদতে চিৎকার করে বললাম, আমার মায়ের ঠান্ডার সমস্যা আছে, আমার মাকে মাটিতে শোয়াবেন না...... তখন তো বুঝিনি, এখন বুঝি মানুষ মারা গেলে, লাশ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়..... ফ্রিজিং সিস্টেম না থাকার কারণে পরের দিন জানাজা শেষে আমার মায়ের দাফন সম্পন্ন হয়। সেই বুধবার বিকেল থেকে মূলত মা ছাড়া শুরু হলো আমাদের শূন্য পৃথিবীতে পথচলা। রাতে আব্বা আমাদের ভাই বোনদের নিয়ে এক খাটে শোয়ার ব্যবস্থা করলেন। মধ্যরাতে হঠাৎ দেখি ১০ বছর বয়সী আমাদের ছোট্ট ভাই খাটে নেই, দরজা খোলা। আমরা উঠে দেখি রাসেল মায়ের কবরের পাশে গিয়ে কান্না করছে। প্রাণ চঞ্চল আমার এই ভাইটি মায়ের মৃত্যুর পরে একদম চুপচাপ হয়ে গেলো। তখন যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিলো না, তাই বড় ভাইকে খবর পৌঁছানো মুশকিল হয়ে পরেছিল। ছোট মামা সঙ্গে করে ঢাকা থেকে মিয়াভাইকে নিয়ে বাসায় এসে পৌঁছালেন বৃহস্পতিবার সকালে। বাড়ির গেটে এসে মায়ের কবর দেখে আমার মায়ের অতি আদরের সন্তান, আমাদের মিয়াভাই অজ্ঞান হয়ে গেলেন। সদ্য মা হারা আমরা পাঁচ ভাই বোন গলা জরিয়ে ধরে কাঁদতে বসলাম.....
মাকে হারানোর পর আব্বা ছিলেন আমাদের জীবনের সাথে অঙ্গাঅঙ্গীভাবে জড়িয়ে থাকা বটবৃক্ষ। ২০১১ সালের ১৭ নভেম্বর রাতে স্ট্রোক করে আব্বা মারা যান। সেদিন ছিলো ঈদুল আযহা। আমার কন্যা ঠিক দুই দিন আগে ১৫ নভেম্বর সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করে। আমি ঢাকা সেন্ট্রাল হাসপাতালে। বড়পা ইতালি। সুতরাং আব্বার শেষ যাত্রায় আমাদের সাথে তাঁর দেখা হলো না। শুধু তাই নয়, আব্বার মৃত্যুর খবরও আমাকে জানানো হয়নি। মৃত্যুর পরে কেমন ছিলো আমার আব্বার মুখ, আমি জানিনা.....
আমরা তিন ভাই বোন ( আমি, বড় আপা ও আদরের ছোট ভাই রাসেল) ঢাকায় থাকতাম। আব্বা শরীয়তপুরে থাকতেন আমাদের বড় দুই ভাইসহ। এছাড়া ছিলেন আমাদের বড় ভাবি ও আদরের ছোট্ট ভাতিজি মৌসুমি ও ভাতিজা মারুফ। আমার আব্বা শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ সময় শিক্ষকতা করেছেন। এরপর সরকারি গুরুদাস উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকার পরে অবসর জীবন শুরু করেন। আব্বার সাথে জীবনের অগণিত হাসি কান্না, আনন্দ বেদনার গল্প আছে। তার মধ্যে ছোট বেলায় কাটানো সময়গুলো খুবই জ্বলজ্বলে। আব্বা ছোটবেলায় দল বেঁধে আমাদের পাঁচ ভাই বোনকে মিষ্টির দোকানে নিয়ে যেতেন গরম মিষ্টি খাওয়ানোর জন্য। বাসায় আসার সময় মায়ের জন্য গরম মিষ্টি নিয়ে আসতে কখনও ভুলতেন না। আমার মনে হয় আমার বড় ভাই সবচেয়ে বেশি এই সুযোগ পেয়েছিলেন। আমার মেঝ ভাই আর ছোট ভাই রাসেলও আলাদা করে এ সুযোগ পেয়েছে, আমরা দুই বোনও পেয়েছি। তবে মজার ব্যপার হলো যখনই যাকে একা নিয়ে যেতেন, তখনই তাকে বলে দিতেন, অন্য ভাই বোনদেরকে না বলার জন্য। আব্বার সাথে ছোট বেলায় ঈদ শপিং করতে যাওয়াটা ছিল ভীষণ উপভোগের এবং আমার বড় ভাই আর বড় বোন চমৎকারভাবে এটা উপভোগ করেছেন। বিষয়টি একটু পরিস্কার করে বলি। আমার বড় ভাইয়ের ঈদ শুরু হয়ে যেতো মূলত শবে কদর থেকে। শবে কদরে নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তেই হবে তাকে, সুতরাং সে ঈদের পাঞ্জাবি পরে ফেলতেন সেদিন। এদিকে ঈদের নামাজ তো আর নতুন পাঞ্জাবি ছাড়া পরাই যায় না আরকি। যেটা কদরের নামাজে পরেছে সেটা তো পুরাতন হয়ে গেলো, তো ঈদের জন্য আবার নতুন পাঞ্জাবি কেনা তো অবধারিত। সুতরাং দ্বিতীয় বার মহা সমারোহে পাঞ্জাবি কিনে ফেলতেন তিনি। আব্বা সব সময় নিজে পছন্দ করে আমাদের ড্রেস কিনে দিতেন এবং আব্বার পছন্দ বেশ ভালো ছিলো। যাই হোক আব্বার পছন্দে কেনাকাটা করার সময় বড়পা নিজে একটি ড্রেস পছন্দ করে রাখতেন। আব্বার সাথে ঈদের শপিং শেষ করে এসেও তার বেজায় মন খারাপ। কারণ খুঁজতে গিয়ে জানা যেতো, যে ড্রেস কেনা হয়েছে সেটা তার বিশেষ পছন্দ হয়নি। অন্য আরও একটি ড্রেস খুবই পছন্দ হয়েছে। তো ঈদের আগে বড় মেয়ের মন খারাপ থাকবে এটা তো হয় না। সুতরাং এবার তার পছন্দের জামা কিনতে যাবার পালা। ছোটবেলায় ঈদ শপিং করে আসার সময় আব্বা আমাদের বলতেন, ঈদের ড্রেস আলমারিতে না রেখে পাটাতনের উপরে ট্রাংকে রেখে দিতে। যাতে কেউ না দেখতে পায়। কারণ ঈদের জামা ঈদের আগে দেখলে পুরাতন হয়ে যায়। আসলে কত শত স্মৃতি আব্বার সাথে কি লিখবো, কি বাদ দিব বাছাই করা মুশকিল। আব্বা ছিলেন শিক্ষানুরাগী। শুক্রবার আব্বা গাছ লাগাতেন, আমরা বাগানের সামনে মাদুর বিছিয়ে পড়তাম। একটু বড় হবার পরে আব্বার কাছে সন্ধ্যায় পড়তে বসতাম। আব্বা খুব চমৎকার করে ইংরেজি, বাংলা, ইতিহাস আর ধর্ম পড়াতেন। আব্বার পড়ানোর পদ্ধতি আমি কন্যাকে পড়ানোর সময় চমৎকারভাবে ব্যবহার করি। প্রায়ই মেয়েকে বলি, তোমার নানাভাই আমাদের এভাবে পড়াতেন, এভাবে বানান করা শেখাতেন ইত্যাদি।
এস. এস. সি পাশ করার পরে ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে এইচ. এস. সি তে বাণিজ্য বিভাগে ভর্তি হই। হিসাববিজ্ঞানে অনার্স মাস্টার্স করি। ইডেন থেকে এম. কম সম্পন্ন করার পর থেকেই আব্বা আমাকে বিসিএস দেবার জন্য খুব উৎসাহ দিতেন আর বলতেন শিক্ষকতা মেয়েদের জন্য খুব সুবিধাজনক একটি পেশা। কিন্তু আমি তো অনার্স প্রথম বর্ষে পড়ার সময় থেকে সাংবাদিকতার সাথে জড়িয়ে গিয়েছি। তখন আমি দৈনিক ইনকিলাবে ফিচার বিভাগের মহিলা পাতায় কাজ করি। এরপর বার্তা বিভাগে রিপোর্টার হিসেবে কাজ করি। ২০০৫ সালে আরটিভিতে রিপোর্টার হিসেবে যোগদান করি। তখন আমি ভিভিআইপি বিট করতাম। সাংবাদিকতার সুবাদে দেশ বিদেশ ঘুরি, কাজ করি, টিভিতে নিজেকে দেখি..... বিসিএস আর দেয়া হয়নি কখনও। এখন আমি সরকারি কলেজে শিক্ষকতা করি, হাসিব প্রায়ই বলে, যেভাবেই হোক আমার আব্বার স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু আব্বাতো নেই, আব্বা কি দূর আকাশের তারা হয়ে আমাকে দেখতে পারেন?
জানিনা, তবে যা জানি, তার থেকে আরও কিছু লেখার লোভ সামলাতে পারছি না। বাবা মায়েরা যে কত অল্পতে সন্তুষ্ট হয়, বলে বোঝানো সম্ভব না। আমি যখন আরটিভিতে কাজ করার সময় দেশের বাইরে এসাইনমেন্টে যেতাম, তখন ফেরার সময় আব্বার জন্য কিছু না কিছু গিফট তো আনতামই। মাকে তো কখনও কিছু দিতে পারিনি। আব্বা যে কি পরিমাণ খুশি হতেন, তা লিখে আমি কাউকে বোঝাতে পারবো না। একই জিনিস বার বার সবাইকে দেখাতেন, বার বার বলতেন। একবার দুবাই থেকে আব্বার জন্য একটি ঘড়ি আনলাম। ঘড়িটার চেইনের ফাঁকে স্বর্ন দিয়ে করা ডিজাইন ছিল। চেইনটা ছিলো রূপার। আব্বা যে কি খুশি হলেন, ঘড়িটা পেয়ে । একদম শিশুর মতো। আমাকে একটু বকাও দিলেন, এত দামী ঘড়ি কেনার অপরাধে। কিন্তু এরপর আত্মীয় স্বজন বিশেষ করে প্রতিবেশী কাকিদের কাছে শুনতাম আব্বা একাধিক বার সেই ঘড়ি তাদেরকে দেখাতেন আর বলতেন, আমার ছোট মেয়ে দুবাই থেকে আমার জন্য এই ঘড়ি এনেছে। এটাতে স্বর্ণও আছে। আহা..... আমার আব্বা.... কি অল্পতেই অনেক খুশি হতেন। এরকম আরও অনেক গল্প আছে। একবার পাকিস্তান থেকে আব্বার জন্য অফহোয়াইট রঙের পশমিনা শাল কিনে আনলাম। পশমিনা শাল হালকা ওজনের হয়, তবে শীত নিবারণের জন্য দারুণ কার্যকর। আব্বা প্রথমে শাল দেখে খুবই খুশি হলেন, বিশেষ করে রঙ তাঁর খুবই পছন্দ হলো। পাতলা দেখে মনেহয় একটু হতাশ হলেন। এরপর যখন আব্বাকে বললাম এটা পাকিস্তানের বিখ্যাত পশমিনা শাল। আব্বা শুনেই রাগ করলেন, কেন আমি এত টাকা নষ্ট করেছি। কিন্তু পরে শুনেছি, যখনই আব্বা শালটি গায়ে জড়াতেন, তখনই বলতেন, শালটি গায়ে দিয়ে এত আরাম, এত হালকা যে মনেই হয় না গায়ে কিছু দিয়েছি। আব্বার সাথে এমন হাজারও সুখ স্মৃতি দুঃখ স্মৃতি আমার মানস পটে আঁকা আছে। আল্লাহ আব্বাকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মকাম দান করুন। আমিন।
২০০৯ সালে বৈবাহিক সূত্রে দ্বীপ জেলা ভোলায় আগমন ঘটে আমার। সাংবাদিকতা করার সুবাদে তখন ঢাকায়ই থাকা হয়। তবে কন্যার জন্মের পরে সাংবাদিকতার পাট চুকিয়ে ২০১২ সালের ফেব্রুয়ারির শেষের দিকে ভোলা এসে পাকাপোক্ত ভাবে বসবাস শুরু করি। আমার অনেক ভালোবাসার, অনেক যত্নে গড়ে তোলা ১১ বছরের সাংবাদিকতা পেশা ছেড়ে ভোলায় এসে বসত গড়েছি শুধুমাত্র সংসারের প্রয়োজনে। আমার স্বামী মোঃ হামিদুর রহমান হাসিব একমাত্র পুত্র সন্তান এবং তার পুরো পরিবার ভোলায় সেটেল্ড। শ্বশুর এম হাবিবুর রহমাস, শ্বাশুড়ি আহমুদা বেগম, দুই ননদ ফারহানা হাবিব অন্তু, ফারজানা হাবিব শান্তু, কন্যা সিয়েনা তাসকিয়া পূণ্য আর আমরা মিলে শুরু হলো আমার সংসার জীবনের পথচলা। নতুন সেই জীবনে আমি শ্বশুর হিসেবে পেলাম এম হাবিবুর রহমানকে। যিনি আসলে ভোলা জেলার এক আলোক বর্তিকা। ভোলার প্রবীণ এবং স্বনামধন্য একজন সাংবাদিক, মূলত সংবাদকর্মী তৈরির একটি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা, খেলোয়াড়, অভিনেতা, সংস্কৃতি প্রেমী এক চির তরুণ। আমরা শ্বশুর পুত্রবধূ হিসেবে ১৪ বছরেরও বেশি সময় একত্রে কাটিয়েছি। গত বছর ২৪ নভেম্বর বাবাকে হারিয়েছি। বাবাকে হারানোর পর মনেহলো আমি দ্বিতীয় বারের মতো এতিম হলাম। মা বাবা হারানো এক মেয়ের জীবনে শ্বশুর শ্বাশুড়ি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। সংসার জীবনে আমরা চমৎকার সময় কাটিয়েছি।
আসলে বাবা এমন একজন মানুষ ছিলেন যাঁর উপস্থিতি মানেই ছিল এক অদ্ভুত স্বস্তি ও নিরাপত্তা।
বিয়ের পর যখন অচেনা একটি পরিবারে পা রেখেছিলাম, তখন মনের মধ্যে এক ধরনের অজানা সংশয় ও ভয় কাজ করা ছিল খুব স্বাভাবিক। কিন্তু বাবার সহজ ও স্নেহশীল আচরণ, মায়ের স্নেহ আর অন্তু শান্তুর সহজ গ্রহণ আমার সেই সব ভয় নিমিষেই দূর করে দিয়েছিল। সংসারে বাবার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আজ অমূল্য সম্পদে পরিণত হয়েছে। খুবই চমৎকার বোঝাপড়া ছিলো আমাদের। ঘরে এবং বাইরে সবখানে আমরা একসাথে দারুণ সময় কাটিয়েছি, উপভোগ করেছি। তাঁর উৎসাহে দৈনিক বাংলার কন্ঠে লিখেছি। বাবা একজন সংস্কৃতি প্রেমী মানুষ, আমিও তাই। সুতরাং ভোলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা একসাথে সময় কাটিয়েছি। বাবা বিশেষ অতিথি বা সভাপতি বা মূল প্রবন্ধ উপস্থাপক। আমি কখনও শিল্পী, কখনও উপস্থাপক। আমি গান বা আবৃত্তি করেছি, বাবা মুগ্ধ স্রোতা হয়ে শুনেছেন এমন অগণিত স্মৃতি আমাদের আছে। শুধু তাই নয়, তাঁর নাতনি, আমাদের কন্যা সিয়েনা আবৃত্তিতে পুরস্কার পেতো এবং অনুষ্ঠানের প্রধান অতিথি, অন্যান্য অতিথি সহ তাঁর হাত থেকে পুরস্কার গ্রহণ করতো, এটা খুবই কমন একটি বিষয় ছিলো। বাবা এ বিষয়গুলো ভীষণ উপভোগ করতেন। তাঁর বন্ধু ও পরিচিত মহলে তিনি প্রায়ই এগুলো নিয়ে গল্প করতেন। ঘরেও আমরা ছিলাম খুবই প্রাণবন্ত।
আমাদের বন্ডিং ছিল চমৎকার। আমি বরাবরই জীবনকে সহজভাবে দেখি, হাসি, আনন্দ, উচ্ছলতায় জীবন কাটাতে চাই। শ্বশুর বাড়িতে একত্রে সবাই বসবাস করেও আমি আমার জীবনের সেই ধারা অব্যাহত রাখতে পেরেছি। কারণ আমার সব পাগলামিতে বাবা অংশ নিতেন হাসিমুখে। জন্মদিন, ইদ, ভ্যালেন্টাইন ডে, পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ বা বিজয় দিবস সবকিছুই আমরা ঘরে বাইরে আনন্দের সাথে কাটাতাম। প্রতি ইদের সকালে একরকম পোশাক পরার যে ট্রেন্ড আমি চালু করেছিলাম, বাবা তাতে সানন্দে অংশ নিতেন। যখন যে রঙের কাপড় কিনতাম বা বানাতাম, নিজের হাতে বাপ-বেটার জন্য পাঞ্জাবিতে সেলাই করে ডিজাইন করেছি, বাবা তাই পরতেন। কখনও কোনদিন কোন অভিযোগ করেননি, কোন খুঁত ধরেননি। ঢাকা থেকে নতুন শার্ট কিনে আনলে প্রথমে একটু রাগ করতেন, বলতেন কেন শুধু শুধু টাকা খরচ করেছি। কিন্তু সন্ধ্যায় ঠিকই নতুন শার্টটি পরে বের হতেন। বাবা এমনই ছিলেন। ভীষণ চাপা স্বভাবের, বিশেষ করে ঘরে। তবে বাইরে তার গন্ডির সকলের সাথে আমাদের নিয়ে অনেক গল্প করতেন। বাবার সার্কেলের কারো সংস্পর্শে গেলেই শুনতাম, বাবা আমার ঘরকন্নার নানা দিক নিয়ে গল্প করেছেন। আমি ভালো রান্না করি, সুন্দর করে ঘর গুছিয়ে রাখি, আমি খুবই সংসারী ইত্যাদি ইত্যাদি। এমনও বলতেন যে লেখাপড়া, সাংবাদিকতা করে আমি এতকিছু কখন শিখলাম? এমন কি সংসারের প্রয়োজনে আমার সাংবাদিকতা ছেড়ে ভোলায় থাকছি এজন্য তাঁর খারাপও লাগতো। আমার আবৃত্তি বা গান করা নিয়ে গল্প করতেন বন্ধু মহলে বা নাতনীর আবৃত্তি নিয়ে গল্প করেছেন। নাতনীর লেখাপড়ার বিষয়ে খুব সজাগ দৃষ্টি ছিলো তাঁর। প্রায়ই পূণ্যর লেখাপড়ার খোঁজ খবর নিতেন। বাবা ছিলেন ভীষণ সময়নিষ্ঠ, আধুনিক ও শৃঙ্খলায় ভরপুর একজন মানুষ। যে কোন কাজের জন্য তিনি সময়ের বহু আগে থেকেই প্রস্তুত থাকতেন। আমি কলেজে, হাসিব কাজের প্রয়োজনে দূরে। এমন পরিস্থিতিতে বাবা পূণ্যকে স্কুল থেকে আনতেন এবং যথারীতি স্কুল ছুটির অনেক আগে বাবা স্কুলে পৌঁছে যেতেন। এমন কি বাবা যেদিন গত বছরের ২২ নভেম্বর শনিবার অসুস্থ হয়ে পরেছিলেন, সেদিনও বলেছিলেন রবিবার তিনি পূণ্যকে স্কুলে নিয়ে যাবেন, আনবেন। কারণ আমি কলেজে থাকবো, আর হাসিব ঢাকায়। নাতিনের পরীক্ষা চলে সুতরাং বাবা খুবই সিরিয়াস। বাবা এমনই ছিলেন, আমরা ঢাকায় যাবো, বাবা সাতটার লঞ্চে ওঠার জন্য পাঁচটা থেকেই তাড়া দিতেন বের হবার জন্য। আসলে অনেক স্মৃতি জমা হয়েছে আমাদের। সবতো একত্রে লেখা সম্ভব নয়। আমরা অনেক গল্প করেছি একত্রে। পৃথিবীর তাবত বিষয় ছিলো আমাদের আলোচনার বিষয়। আন্তর্জাতিক, জাতীয় সবকিছুই। বিশেষ করে মুক্তিযুদ্ধের সময়কার কথা, ১৯৭০ সালের ১২ নভেম্বরের জলোচ্ছ্বাসের সময় ভোলার মানুষের দূর্ভোগের কথা, সেই নিউজ কভার করার গল্প, সাংবাদিকতা করার সময়ে নানা প্রতিকূলতার কথা, তার কর্ম জীবন এবং পারিবারিক জীবনের কথা বলতেন প্রায়ই। বাবা তাঁর নিজের বাবা মায়ের গল্প করতে খুব পছন্দ করতেন। আমার দাদা শ্বশুর বাবাকে নাকি প্রায়ই বলতেন, সাংবাদিকতা ছেড়ে ঢাকায় গিয়ে ভালো মানের চাকরি করতে। দাদা খুব আক্ষেপ করে বাবাকে বলেছিলেন, তোকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করিয়ে আনলাম কি ভোলায় বসে সাংবাদিকতা করতে নাকি আমার ব্যবসায় সামলাতে? বাবা চুপ করে থাকতেন। কারণ বাবা তাঁর সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি তাঁর নিজ জেলা আর নিজ পরিবার ছেড়ে কোথাও যাবেন না। সাংবাদিকতার মাধ্যমে বিচ্ছিন্ন নিজ জেলা ভোলার মানুষের মুখপাত্র হতে চেয়েিেছলেন তিনি। বাবা যে সময়ে ভোলার মত বিচ্ছিন্ন দ্বীপে বসে সাংবাদিকতা শুরু করেছিলেন, তা ছিল খুবই সাহসের কাজ। কারণ সাংবাদিকতা তখন কোন পেশা হিসেবে গ্রহণ করার মত পেশা ছিলো না। কিন্তু বাবা ভোলার অ।সহায় মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন। যা কিছু করবেন ভোলাতেই করবেন এ ্যাপারে তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ এবং তাই করেছেন। সাংবাদিকতা করে রাষ্ট্রপতি পুরস্কার অর্জন করেছেন, আরও বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। ব্যবসায়েও সফলতা লাভ করেছিলেন। নিজ জেলা ভোলায় বাংলার কন্ঠ পত্রিকা প্রকাশ করেছেন ১৯৯৪ সালের ডিসেম্বরে। পরিবার এবং সংসার জীবনের বিলাসিতা, সুখ-সমৃদ্ধি তাঁ কাছে মুখ্য ছিলো না। মুখ্য ছিলো মানুষের জন্য কাজ করার অদম্য ইচ্ছা পারিবারিক জীবনেও তিনি ছিলেন সফল। একজন সফল সন্তান, সফল স্বামী, সফল পিতা। তাঁর তিন সন্তানই স্বমহিমায় উদ্ভাসিত।
আমার শ্বাশুড়ি মায়ের জন্যও তাঁর টান ছিলো উল্লেখ করার মতো। আমার সাথে গল্প করার সময় তাঁর কথাও বলতেন চমৎকার ভাবে। সেই আমলে বাবা ঢাকার নিউ মার্কেট থেকে মায়ের জন্য সুচিত্রা সেনের ব্লাউজের উঁচু গলার ডিজাইনের ব্লাউজ বানিয়ে আনতেন, শাড়ী কিনতেন, শাল কিনতেন। মা একটু অসুস্থ, তাই বাবা তাঁর বিশেষ খেয়াল করতেন, গোসল, খাওয়া, ঔষধ সবদিকেই ছিলো তার বিশেষ নজর। বাবা চলে যাবার সময়ে মা তাই বাবাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন তাকে হাবু সম্বোধন করে। অন্তু শান্তুর লেখাপড়ার বিষয়ে বাবা খুবই সতর্ক ছিলেন। বিসিএস পরীক্ষার পড়ার খবরও রাখতেন নিয়মিত। বেশ অনেকগুলো দৈনিক পত্রিকা রাখতেন বাসায় ওদের পড়ার জন্য। ২০১৪ সালে আমি যখন নিবন্ধন পরীক্ষা দিলাম পরিবারের সকলের পীড়াপীড়িতে। তখন প্রস্তুতির জন্য সময় পেয়েছিলাম মাত্র এক মাস। বাবা আমাকে পড়ার জন্য উৎসাহ দিতেন, একদিন বললেন, তুমি বিগত বছরগুলোর পরীক্ষার প্রশ্ন ব্যাংক ভালোভাবে পড়। বাবার মতো এত শৃঙ্খলিত মানুষ আমি জীবনে কম দেখেছি। সময় মতো খাওয়া, গোসল, ঘুম, হাঁটতে যাওয়া সবই ছিলো ঘড়ি ধরে। আর ডাক্তারের নির্দেশনা তো অক্ষরে অক্ষরে মেনে চলতেন। যে খাবার তাঁর নিষেধ ছিল, তার পাশেও তিনি ঘেষতেন না। তা যত মজার খাবারই হোক। নিয়ম কানুন মেনে চলতেন। জীবদ্দশায় তিনি সুস্থ ছিলেন। তবু নশ্বর পৃথিবীতে আমরা কেউই অমর নইতো, তাই বিদায়ের ঘন্টা বাজে। ২০২৩ সালেই মনেহয় আমাদের ঘর শূন্য হয়ে যাবার ঘন্টা বেজেছিল।
২০২৩ সালের এপ্রিল মাসের প্রথম দিকে রোজার মধ্যে বাবা অসুস্থ হয়ে পরেছিলেন। শ্বাসকষ্ট শুরু হবার পরে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করি। এ্যাজমার সমস্যা থাকার কারণে মাঝে মাঝে তাঁর শ্বাসকষ্টের সমস্যা হতো। টেস্টের পরে জানা গেলে বাবার ডিপ নিউমোনিয়া হয়েছে। কোন প্রকার সময় ক্ষেপণ না করে ডাক্তারের সাথে পরামর্শ করে বাবাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নিলাম আমরা। যেহেতু অক্সিজেন চলছিল, দ্রুত উন্নত চিকিৎসা শুরু করা জরুরি, তাই লঞ্চের পরিবর্তে হেলিকপ্টারে নেয়াই অধিক যুক্তিসঙ্গত মনে করেছিলাম এবং তাই করেছি। ১৭ দিন পিজি হাসপাতালে চিকিৎসার পরে তিনি সুস্থ হন। তবে সে সময় তাঁর হার্টের সমস্যা ধরা পড়ে। বয়স আশির উপরে তাই এনজিওগ্রাম করার কোন সুযোগ ছিলো না। ঔষধ আর ডাক্তারের নির্দেশনা মেনে ভালোই ছিলেন। তবে ২০২৫ সালের নভেম্বরের ২১ তারিখ শুক্রবার রাতে হঠাৎ বাবার শ্বাসকষ্ট শুরু হয়। হাসিব বাবাকে নিয়ে হাসপাতালে গেল, নোমান, শান্তু ওরা এলো। বাসায় গৃহকর্মী না থাকার কারণে আমি যেতে পারলাম না। মা আর পূণ্যকে নিয়ে বাসায় থাকলাম। মোবাইলে সব খবরাখবর নিচ্ছিলাম। শ্বাসকষ্ট একটু কমার পরে হাসপাতালের পাশেই শান্তুর বাসায় ভোর রাতেরদিকে বাবাকে নিয়ে যায় সবাই। কারণ হাসপাতালে একটি বেডও খালি ছিলো না। চিকিৎসা নিতে হয়েছে চেয়ারে বসে। যাইহোক সকালে আবার বাবাকে হাসপাতালে আনা হয়, কারণ ইনজেকশন দেবার ছিল। সুস্থ বোধ করায় বাবাকে শনিবার সকালে বাসায় নিয়ে আসে। বাবাকে চিকিৎসার জন্য ভারত নেবার উদ্দেশ্যে ভিসার জন্য বাবা আর হাসিবের পাসপোর্ট জমা দেওয়া ছিলো। সেই পাসপোর্ট ডেলিভারির তারিখ ছিল রবিবার ২৩ নভেম্বর। তাই মোটামুটি জোর করে বাবা হাসিবকে ঢাকা পাঠায় দুপুরের লঞ্চে। জরুরি কাজে শনিবার আমি সারাদিন কলেজে ছিলাম। সন্ধ্যারদিকে বাসায় ফিরে আমরা একসাথে নাস্তা করলাম। ফ্রিজে পায়েশ রান্না করা ছিলো, বাবা আমাকে বললেন, আমার সারাদিন খুব ক্ষুধা লেগেছে তাই অনেক বার পায়েশ খেয়েছি, তোমার পায়েশ খুব মজা হয়েছে। সন্ধ্যায়ও তিনি পায়েশ খেলেন। আমি সাড়ে নয়টার মধ্যে রাতের খাবার খাইয়ে ঔষধ খাওয়ালাম, নেবুলাইজ করে দিলাম। সাড়ে দশটার দিকে মশারি টানিয়ে শুইয়ে দিলাম। ঘন্টাখানেক ঘুমানোর পরেই শ্বাসকষ্টের শব্দ পেলাম, দৌড়ে গেলাম বাবার রুমে। গিয়ে দেখি শ্বাসকষ্ট শুরু হয়েছে। কি করবো বুঝতে পারছিলাম না। আমি একা তাই চিন্তায় পরে গেলাম। অন্তুকে জানালাম।ে ার সাথে আলাপ করে বাবাকে বসিয়ে আর একবার নেবুলাইজ করালাম। শ্বাসকষ্ট কমে গেলো, বাবা আবার শুয়ে পরলেন। কিন্তু বেশি সময় ঘুমাতে পারলেন না। বারোটার দিকে আবার শ্বাসকষ্ট শুরু হলো। আমি বেশ চিন্তায় পরে গেলাম। বাবাকে হাসপাতালে নেবার কথা বললাম। বাবা বললেন, হাসিব বাসায় নেই, তুমি কিভাবে কি করবা। তারচেয়ে আর একবার নেবুলাইজ করো। দুই বার নেবুলাইজ করার পরে ঘন্টাখানেকর মধ্যে আবার নেবুলাইজ করবো কিনা, তাই আবার অন্তুকে ফোন দিলাম। কিন্তু কিছুতেই শ্বাসকষ্ট কমছিলো না। আমি বললাম বাবা, আর দেরি করা যাবে না। হাসপাতালে যেতে হবে। বলে আমি নোমানকে ফোন দিলাম, বাবা মলয় আঙ্কেলকে ফোন দিলেন। তারা দু’জনে মিলে বাবাকে হাসপাতালে নিয়ে গেলো, বাসা খালি তাই আমি যেতে পারলাম না। বাবা বের হবার সময় হাসিবকে কিছু জানাতে না করলেন। কিন্তু চিন্তায় অস্থির হয়ে রইলাম। বার বার ওদের সাথে কথা বলি। একটু পরেই নোমান ফোন দিয়ে বললো, বাবার অবস্থা ভালো না, ভাবি আপনি হাসপাতালে আসেন। আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। লায়লা খালামনিকে ফোন করে বাসায় এসে থাকার জন্য অনুরোধ করলাম। খালামনি আসার পরে আমি অন্তুকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। শান্তু চলে আসলো। ছোট মামা, খোকন মামাও গেলেন। আমি বাড়িতে ফোন করে জানিয়ে দিলাম। ছোট কাকা, জুয়েল ভাইসহ অনেকেই আসলেন। কামরুল ভাই সহ আরও অনেকে ছিলেন। বাবার অবস্থা ভালো না দেখে সকালে হেলিকপ্টারে ঢাকা পাঠানোর সিদ্ধান্ত নিলাম আমরা। ভোর রাতেই এয়ার এ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ করলাম। কিন্তু কুয়াশার কারণে দুপুরের আগে কোন সার্ভিস নেই তাদের। বাধ্য হয়ে সড়ক পথে এ্যাম্বুলেন্স যোগে নোমান আর জুয়েল ভাই বাবাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিলেন। বাচ্চাদের বার্ষিক পরীক্ষা চলে তাই আমি, অন্তু বা শান্তু কেউ যেতে পারলাম না। যাবার সময় বাবা বলেছিলেন, কেন কষ্ট দিতে আমাকে ঢাকায় পাঠাচ্ছো। বাবার সাথে না যেতে পারার কষ্ট বুকে চেপে তাঁকে বিদায় দিয়ে বাসায় এসে মেয়েকে রেডি করে পরীক্ষা দিতে পাঠালাম। মেয়ে আমার খুবই কষ্ট পাচ্ছিলো। আমার উপরে রাগ করলো, কেন ওকে রাতে জাগাইনি। ঢাকায় নেবার পরে আমার বড় বোন আর হাসিব বাবাকে হাসপাতালে রিসিভ করে। ওরা আগেই ভর্তির ব্যবস্থা করে রেখেছিল। হাসিব শুধু আমাকে বার বার কান্না করে বলছিলো, আব্বুর অবস্থা ভালো না, তুমি তাড়াতাড়ি ঢাকা আসো। মেয়ের পরীক্ষা, বাসায় ফুল টাইম কোন গৃহকর্মী নেই। আমি পরলাম বিপাকে। ওদিকে হাসিবের কথা শুনে মনকে মানাতে পারছিলাম না। ২৩ তারিখ বাবাকে পাঠালাম। ২৪ তারিখ নোমানের কথা শুনে পায়ের নিচের মাটি সরে গেলো। আমি আর অন্তু ঢাকা যাবার জন্য দুপুর ২ টার লঞ্চে উঠলাম। কিন্তু ঢাকায় আর যাবার প্রয়োজন থাকলো না। নোমান ফোন করে জানালো, বাবা নেই। আমি দ্বিতীয় বারের মতো এতিম হলাম। নিরব আমাদের লঞ্চের থেকে নামিয়ে নিয়ে এলো.....
আমার পৃথিবী, আমার ঘর, আমার এতো সুন্দর একটা সংসার মূহুর্তে শূন্য হয়ে গেলো। একজন অভিভাবক, একজন প্রিয় মানুষ ঘর থেকে হারিয়ে যাবার মত বেদনা আর কিছুতে নেই। ঘরের যেদিকে তাকাই, আপনাকে দেখি বাবা।
আপনি আমাদের সাথে নেই ঠিকই কিন্তু সবকিছুতে আপনি জড়িয়ে আছেন
জীবনের নানা প্রতিকূলতা, ঝড়-ঝাপটা বা সংকটময় মুহূর্তেও বাবা যেভাবে অবিচল ও ধৈর্যশীল থাকতেন, তা সত্যিই শিক্ষণীয়। ছোট-বড় সবার প্রতি তাঁর সমপরিমাণ সম্মান ও ভালোবাসা আজ বড় বেশি মনে পড়ে।
তিনি ছিলেন যেমন একজন নীতিবান মানুষ, তেমনই ছিলেন অত্যন্ত রসিক ও প্রাণোচ্ছল। তাঁর স্মৃতিগুলো আমাদের প্রতিদিনের পথচলায় অনুপ্রেরণা হয়ে বেঁচে আছে। যখনই কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয় বা কোনো বিপদে পড়ি, অবচেতনভাবেই মনে হয়—তিনি থাকলে কী পরামর্শ দিতেন! তাঁর আদর্শ, সততা এবং ভালোবাসা আমাদের হৃদয়ে চিরজাগরূক হয়ে থাকবে।
মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমার মা, আব্বা আর বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমাদের মনে তাঁদের রেখে যাওয়া ভালোবাসার আলো চিরকাল প্রজ্বলিত রাখেন।
[ লেখক: শিক্ষক, দৌলতখান আবু আবদুল্লাহ সরকারি কলেজ, ভোলা ]
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ
ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার
হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার
হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান
বাবার স্মৃতি : সংগ্রামী সংবাদ যোদ্ধার বাতিঘর দৈনিক বাংলার কণ্ঠের পথচলা
ইয়ামিন! বাবা, আসছো - আজও কানে বাজে হাবিব কাকার সেই ডাক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত