চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৭
২৫
এআর সোয়েব চৌধুরী, চরফ্যাশন থেকে ॥ জীবনানন্দ দাশের কবিতার মতো আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে—এই বাংলায়। হয়তো মানুষ নয়—হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে।
কবির কল্পনায় ফিরে আসা বাংলার যে চিরচেনা সবুজ রূপ, তার যেন একটুকরো প্রতিচ্ছবি ফুটে উঠেছে ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের কয়েকটি গ্রামীণ সড়কে। দুই পাশে সারি সারি গাছ, কোথাও উঁচু তালগাছ, কোথাও ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ। গাছের পাতার ফাঁক দিয়ে আলো-ছায়ার খেলা, পাখির আনাগোনা আর নির্মল পরিবেশে তৈরি হয়েছে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য। স্থানীয় মানুষের কাছে জায়গাগুলো এখন শুধু যাতায়াতের পথ নয়, হয়ে উঠছে ঘুরে দেখার মতো এক সবুজ আকর্ষণ।
আর এই পরিবর্তনের নেপথ্যের কারিগর একজন ষাটোর্ধ্ব মসজিদের ইমাম—বাবুল। প্রায় ৩৪ বছর ধরে নিজের উদ্যোগে গাছ লাগিয়ে তিনি বদলে দিয়েছেন গ্রামের সড়কগুলোর চেহারা। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ এখন স্থানীয়ভাবে সম্ভাবনাময় গ্রামীণ পর্যটন আকর্ষণ হিসেবেও পরিচিতি পাওয়ার সুযোগ তৈরি করেছে।

কোনো সরকারি প্রকল্প কিংবা বড় প্রতিষ্ঠানের অর্থায়ন নয়, ব্যক্তিগত উদ্যোগ, শ্রম ও প্রকৃতির প্রতি ভালোবাসাই তাঁর সম্বল। এমনকি বৃক্ষরোপণের স্বপ্ন বাস্তবায়নে বিক্রি করেছেন নিজের পৈতৃক সম্পত্তিও। চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের বাসিন্দা বাবুল। স্থানীয় জনতা বাজার-সংলগ্ন কালাপানিয়া বাইতুল মামুর জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন প্রায় দুই যুগ ধরে। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তাঁর সংসার। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণকে জীবনের অন্যতম ব্রত হিসেবে নিয়েছেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ১৯৯৩-৯৪ সালের দিকে গ্রামের একটি সড়কের দুই পাশে তালগাছ লাগানোর মধ্য দিয়ে তাঁর এই উদ্যোগের সূচনা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একটি সড়কের সৌন্দর্য বাড়ানোর পর পর্যায়ক্রমে ইউনিয়নের আরও চারটি সড়কের দুই পাশেও বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে শুরু করেন তিনি।
বাবুলের সবুজ অভিযাত্রার গল্পের পেছনে রয়েছে আত্মত্যাগের এক বিরল অধ্যায়। তিনি জানান, প্রায় ৩৪ বছর আগে নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে প্রায় আট লাখ টাকা দিয়ে স্থানীয় ভূঁইয়ারহাটে একটি নার্সারি প্রতিষ্ঠা করেন। সেই নার্সারি থেকেই বিভিন্ন প্রজাতির গাছের চারা উৎপাদন ও বিতরণ শুরু করেন। স্থানীয় শাহাবুদ্দিন বলেন, ইমাম বাবুল মাইকিং করে মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করতেন। তাঁর স্বপ্ন ছিল, প্রতিটি সড়কের পাশে গাছ থাকবে, মানুষ ছায়া পাবে, পরিবেশ থাকবে নির্মল।
বাবুলের ভাষ্য অনুযায়ী, গত ৩৪ বছরে তিনি প্রায় ৫০ থেকে ৬০ হাজার গাছের চারা লাগিয়েছেন। এর মধ্যে রয়েছে প্রায় ২৫ থেকে ৩০ হাজার তালগাছের বীজ। বিভিন্ন কারণে অনেক গাছ টিকিয়ে রাখা সম্ভব হয়নি। তবে প্রতিকূলতার মধ্যেও তাঁর বৃক্ষরোপণ কার্যক্রম থেমে থাকেনি। স্থানীয় মাদ্রাসা শিক্ষক আবু কালাম বলেন, বাবুলের গাছ রোপণের কারণে একসময়ের সাধারণ এ গ্রামীণ সড়ক হিসেবে পরিচিত এসব পথ এখন সবুজের আবরণে অন্যরকম সৌন্দর্য পেয়েছে। কোথাও সারি সারি তালগাছ, কোথাও ঘন ছায়ায় ঢাকা পথ। গাছের ফাঁক দিয়ে রোদ এসে মাটিতে তৈরি করছে আলো-ছায়ার নকশা। প্রকৃতির এমন দৃশ্য পথচারীদের পাশাপাশি আকৃষ্ট করছে প্রকৃতিপ্রেমীদেরও।
কেউ পরিবার নিয়ে ঘুরতে আসছেন, কেউ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন, আবার কেউ স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও ধারণ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব সবুজ সড়কের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে। ফলে স্থানীয় পর্যায়ে জায়গাগুলোর প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।
স্থানীয় সাংবাদিক তছলিম আখনের মতে, পরিকল্পিতভাবে পরিচর্যা ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা গেলে এসব সড়ক চরফ্যাশনের নতুন গ্রামীণ পর্যটন আকর্ষণে পরিণত হতে পারে। এতে স্থানীয় মানুষের পাশাপাশি বাইরের দর্শনার্থীদেরও আগ্রহ তৈরি হবে।
বাবুলের লাগানো গাছগুলো শুধু সড়কের সৌন্দর্য বাড়াচ্ছে না, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখছে। গাছের ছায়ায় পথচারী ও কৃষকেরা স্বস্তি পাচ্ছেন। ফলদ গাছ থেকে মিলছে ফল, ঔষধি গাছও নানা কাজে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি সবুজ গাছপালা স্থানীয় পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
বাবুল জানান, ওমরপুর ইউনিয়নের বাউল সড়ক ছাড়াও আরও চারটি সড়কে গাছ লাগিয়ে পরিচর্যা করছেন তিনি। আগে নিজের নার্সারিতে চারা উৎপাদন করলেও বর্তমানে সময় ও আর্থিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হচ্ছে না। এখন বিভিন্ন নার্সারি থেকে চারা কিনে এনে রোপণ করেন।
তাঁর কাছে বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি পরকালীন কল্যাণ অর্জনেরও একটি মাধ্যম। তিনি বিশ্বাস করেন, মানুষের উপকারে আসে এমন গাছ লাগানো একটি মহৎ কাজ। গাছ যত দিন বেঁচে থাকবে, তত দিন মানুষ এর ছায়া, ফল ও অন্যান্য সুবিধা ভোগ করবে।
চরফ্যাশনের এই ইমাম কোনো পর্যটন ব্যবসায়ী নন, পরিবেশ নিয়ে বড় কোনো প্রচার-প্রচারণার সঙ্গেও যুক্ত নন। অথচ তিন দশকের বেশি সময় ধরে তাঁর নিরলস প্রচেষ্টায় গড়ে উঠেছে এক সবুজ জনপদ। তাঁর লাগানো গাছগুলো আজ পথচারীদের ছায়া দিচ্ছে, প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছে পরিবেশবান্ধব এক উত্তরাধিকার।
এখন প্রয়োজন স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট পর্যটন বিভাগের উদ্যোগ। এসব সড়কের গাছ সংরক্ষণ, পরিচ্ছন্নতা, দর্শনার্থীদের চলাচলের উপযোগী পরিবেশ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা নিশ্চিত করা গেলে ওমরপুরের এই সবুজ সড়কগুলো চরফ্যাশনের একটি ব্যতিক্রমী গ্রামীণ পর্যটন গন্তব্য হিসেবে পরিচিতি পেতে পারে।
জীবনানন্দের কবিতার বাংলার মতোই এখানে প্রকৃতি তার নিজস্ব সৌন্দর্যে ধরা দেয়। আর সেই সৌন্দর্যের পেছনে রয়েছেন একজন সাধারণ মানুষ, যিনি নিজের সম্পদ হারিয়েও হারাননি সবুজের স্বপ্ন।
ইমাম বাবুলের হাতে লাগানো হাজারো গাছ আজ শুধু বৃক্ষ নয়, একটি গ্রামের সৌন্দর্য, পরিবেশ ও সম্ভাবনাময় পর্যটনের জীবন্ত গল্প। ব্যক্তিগত উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়েও আলোচনায় এসেছেন চরফ্যাশনের এই বৃক্ষপ্রেমী ইমাম। গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে সচিবালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মো. রেজাউল কিবরিয়া বাবুল। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নরসিংদীর দুই হাতবিহীন শিক্ষক মো. আলতাফ হোসেন এবং বুয়েট থেকে পড়াশোনা শেষ করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শারাফ। নিজ নিজ কর্ম, আত্মনিবেদন ও ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এই তিন ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছিল অনুপ্রেরণামূলক। দীর্ঘ ৩৪ বছর ধরে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে বাবুলের নিরলস প্রচেষ্টা যে কেবল স্থানীয় পর্যায়েই নয়, বৃহত্তর পরিসরেও গুরুত্ব পাওয়ার দাবি রাখে, এই সাক্ষাৎ সেই বিষয়টিকেও সামনে নিয়ে এসেছে।
লালমোহনে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থীর উপর অতর্কিত হামলার অভিযোগ
ভোলায় নতুন কূপে গ্যাসের সন্ধান : দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম
একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র : স্পিকার
দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী
বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা
পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী : স্পিকার
ভোলায় মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিলের দ্বি-বার্ষিক সম্মেলন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত