অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ঢাকার ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৭

remove_red_eye

৫৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৯ ভরি ১৫ আনা চোরাই স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আব্দুল আলী (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকেলে (১৪ নভেম্বর) জেলা পুলিশ মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর রোডের নূর জুয়েলার্স নামের একটি দোকানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় দোকানে স্বর্ণালংকার বিক্রির চেষ্টাকালে সন্দেহভাজন আব্দুল আলীকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা কালো রঙের একটি হাতব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণালংকারের পরিমাণ ৯ ভরি ১৫ আনা ১ রতি। পাশাপাশি তার কাছ থেকে ২ জোড়া ব্রোঞ্জের রুলি, ২ জোড়া সিটি গোল্ডের চুড়ি, একটি তামার ব্রেসলেট এবং নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। স্বর্ণালংকারগুলোর বৈধ মালিকানা কিংবা ক্রয়সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি আটক ব্যক্তি।

পরে গ্রেপ্তার ব্যক্তির মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও একটি মোবাইল নম্বরের সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে পুলিশ জানতে পারে, তিনি ঢাকার মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকার সাম্মা তাছলিম নামের এক নারীর বাসা থেকে এসব স্বর্ণালংকার ও টাকা চুরি করে ভোলায় নিয়ে এসেছেন। সেগুলো বিক্রির চেষ্টাকালে তাকে আটক করা হয়। এ ঘটনায় ঢাকার মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা পুলিশকে জানিয়েছেন।

গ্রেপ্তার আব্দুল আলী মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ী এলাকার বাসিন্দা। তার বাবার নাম বশিরদ্দিন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতে পাঠানো হয়েছে।