অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


জাতীয় পরিবেশ পদকের জন্য আবেদন আহ্বান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৭

remove_red_eye

৬৮

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতি দিতে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৬’ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ পদকের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন আহ্বান করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার (১ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় পরিবেশ পদক-২০২৬-এর জন্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে তিনটি করে মোট ছয়টি পদক দেওয়া হবে। পদকের বিভাগগুলো হলো—পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন।

প্রতিটি বিভাগে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে একজন করে পদক পাবেন। অর্থাৎ তিনটি বিভাগে ব্যক্তিগত পর্যায়ে তিনজন এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে তিনটি প্রতিষ্ঠানকে এ পদক দেওয়া হবে।

পদকপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ২২ ক্যারেট মানের দুই তোলা ওজনের স্বর্ণের বাজারমূল্য, আরও ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান অথবা সরকার নির্ধারিত কোনো সুবিধাজনক সময়ে আনুষ্ঠানিকভাবে এ পদক দেওয়া হবে। বাংলাদেশে পরিবেশ উন্নয়নে অসামান্য ও অনুসরণীয় অবদান রেখেছেন—এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান এ পদকের জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে নির্ধারিত আবেদন ফরমে আগামী ৩১ জানুয়ারি ২০২৭ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্র পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলা, বিভাগ বা মহানগর কার্যালয়ে জমা দিতে হবে।

আবেদনের নির্ধারিত ফরম পরিবেশ অধিদপ্তরের যেকোনো কার্যালয় অথবা অধিদপ্তরের ওয়েবসাইট (www.doe.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।