অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় তিন কলেজে শূন্য পাস, ফলাফলে ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৪০

remove_red_eye

৫৩১

বাংলার কণ্ঠ প্রকিবেদক :  ভোলায় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা গেছে হতাশাজনক চিত্র। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে, জেলার সামগ্রিক ফলাফলে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই মেয়েদের সাফল্য বেশি।
বরিশাল শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, শূন্য পাসের তালিকায় রয়েছে ভোলা সদর উপজেলার মেদুয়া কলেজ, লালমোহন উপজেলার রমাগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং চরফ্যাশন উপজেলার চরমানিকা জালাল আহমেদ কলেজ।
এর মধ্যে মেদুয়া কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় পাঁচজন শিক্ষার্থী। তবে তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। রমাগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় চারজন এবং চরমানিকা জালাল আহমেদ কলেজ থেকে অংশ নেয় দুজন। এই দুই প্রতিষ্ঠানেরও কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি।
এ বিষয়ে জানতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, চলতি বছর ভোলার ৫৯টি কলেজ থেকে মোট ৯ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছেলে ৫ হাজার ৩০ জন এবং মেয়ে ৪ হাজার ৫০৯ জন। জেলায় মোট উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৭৭২ জন। জেলায় পাসের হার ৩৯ দশমিক ৫৪ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারে ছেলেদের তুলনায় বেশ এগিয়ে মেয়েরা। পরীক্ষায় অংশ নেওয়া ছেলেদের মধ্যে পাস করেছে ১ হাজার ৫৬০ জন। তাদের পাসের হার ৩১ দশমিক ০১ শতাংশ। অন্যদিকে, মেয়েদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ২১২ জন। তাদের পাসের হার ৪৯ দশমিক ০৬ শতাংশ। অর্থাৎ, ছেলেদের তুলনায় ৬৫২ জন বেশি মেয়ে শিক্ষার্থী পাস করেছে।
শুধু পাসের হারেই নয়, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে রয়েছে মেয়েরা। এ বছর জেলায় মোট ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে মেয়ে ৬০ জন এবং ছেলে ১৯ জন। অর্থাৎ, মোট জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে প্রায় ৭৬ শতাংশই মেয়ে।
সব মিলিয়ে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভোলায় সামগ্রিক পাসের হার কম হলেও পাসের হার ও জিপিএ-৫—উভয় সূচকেই ছেলেদের তুলনায় ভালো ফল করেছে মেয়েরা।