অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাশনে স্কুলে অনুপস্থিতির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, পাঠদান ব্যাহত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৬ রাত ০৮:৪৫

remove_red_eye

৮৭

ভিডিও কনটেন্ট তৈরি ও ব্যক্তিগত ব্যবসায় ব্যস্ত থাকার অভিযোগ; ৭ কর্মদিবসের মধ্যে জবাব দিতে নির্দেশ
 
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের শিকদারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাইনুদ্দিন সোহাগের বিরুদ্ধে নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত থাকা, পাঠদান ফাঁকি দেওয়া এবং ব্যক্তিগত ব্যবসা পরিচালনায় ব্যস্ত থাকার অভিযোগ উঠেছে। এসব কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মাইনুদ্দিন সোহাগ দীর্ঘদিন ধরে দুলারহাট বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ‘অর মেডিকেল হল’-এ উল্লেখযোগ্য সময় ব্যয় করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি ব্যবহার করে ভিডিও কনটেন্ট তৈরি এবং তা থেকে আয় করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ভ্রমণেও ব্যস্ত থাকেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত বছরের ১৩ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত তিনি সিলেটে এবং ১৭ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ঢাকা, মৌলভীবাজার, পায়রা বন্দর ও সুন্দরবনসহ বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। এ ছাড়া বছরের শুরু থেকে দীর্ঘ সময় বিদ্যালয়ের বাইরে কাটানো এবং ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও পাঠদান নিয়ে ওঠা এসব অভিযোগের ফলে শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের নজরেও আনা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সময়ের শিক্ষক হাজিরা খাতার সত্যায়িত ফটোকপি চাওয়া হলেও তা জমা দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। হাজিরা-সংক্রান্ত নথি জমা না দেওয়ার বিষয়টিও তদন্তের আওতায় আসতে পারে।
এদিকে, গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ (ইউএনও) বিদ্যালয়টি আকস্মিক পরিদর্শনে গেলে সেখানে অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র উঠে আসে বলে জানা গেছে। দায়িত্ব পালনে অবহেলা এবং পাঠদান ফাঁকি দেওয়ার অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ কর্মরত শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষককে সাত কর্মদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত জবাব দাখিলের নির্দেশ দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ মাইনুদ্দিন সোহাগ বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। বর্তমানে ঢাকায় আছি। আগামী সাত কর্মদিবসের মধ্যে অবশ্যই সন্তোষজনক লিখিত জবাব দেব।