অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের হাতাহাতি, উত্তেজনা


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭

remove_red_eye

৯৮

নির্বাচনী পোস্টার লাগানোকে কেন্দ্র করে

 
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ইউনিয়ন পরিষদের নির্বাচনী পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবরপেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
 
বৃহস্পতিবার দুপুর ১ টায় উপেজলা নির্বাহী অফিসারে বাসভবনের পাশে পুকুর পাড়ে বিলবোর্ড এর সামনে এই ঘটনা ঘটে।
জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মনপুরা উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নে একাধিক চেয়ারম্যান প্রার্থী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তাঁদের মধ্যে উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানের সমর্থকদের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল।
উপজেলার ২ নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা ও অপর বিএনপির সম্ভাব্য প্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
হাজিরহাট ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান অভিযোগ করে জানান, আমার সমর্থিত বিএনপির নেতাকর্মীরা পোস্টার লাগাতে গেলে বিএনপির সহসভাপতি সেলিম মোল্লার ছোট ভাইয়ের নেতৃত্বে হামলা করে বাঁধা দেয়। পরে হাতাহাতির ঘটনা ঘটে। তিনি এই ঘটনার নিন্দা জানান।
হাজিরহাট ইউনিয়নের বিএনপি সমর্থিত অপর চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন না। ফেইসবুকের মাধ্যমে পোস্টার লাগানো নিয়ে হাতাহাতির ঘটনা জানতে পেরেছেন।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন নেয়। এখন পরিবেশ শান্ত রয়েছে।
তিনি আরও জানান, একজনের পোস্টার ছিঁড়ে আরেক জনের পোস্টার লাগানো আইনগত অপরাধ। বিরোধপূর্ণ স্থানে পোস্টার না লাগানোর জন্য উভয় পক্ষকে নিষেধ করা হয়েছে।