অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় মৎস্য বিভাগের অভিযানে জেলেদের হামলা, আহত-১


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৬ রাত ১১:২৩

remove_red_eye

১৩১

নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় তিন লাখ মিটার জাল ও ৭০   কেজি ইলিশ মাছ জব্দ 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে হামলা চালানো হয়েছে। এ সময় ইটের আঘাতে এক শ্রমিক আহত হয়েছেন। তবে হামলাকারী জেলেরা পালিয়ে গেলেও নদী থেকে তিন লাখ মিটার জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ।
মঙ্গলবার ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান জানান,  সোমবার বিকেলে ভোলা সদর উপজেলার ভোলার চর এলাকায়

কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে মেঘনা নদীতে নিয়মিত অভিযান চালায়। এ সময় জাল ফেলে মাছ ধরতে থাকা একদল জেলেকে আটকের চেষ্টা করেন তারা। এক পর্যায়ে  ট্রলারের কাছাকাছি পৌঁছালে ট্রলার থেকে তাদের লক্ষ্য করে আকস্মিক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে মৎস্য বিভাগের এক শ্রমিকের মাথায় ইটের আঘাত লাগলে তিনি আহত হন।
কিন্তু জেলেরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে নদী থেকে তিন লাখ মিটার জাল উদ্ধার করে মৎস্য বিভাগ। পরে উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। পাশাপাশি উদ্ধারকৃত ৭০ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, তারা পরিকল্পিতভাবে এ হামলা করেছে।আগে থেকেই তারা সকল প্রস্তুতি নিয়ে রেখেছিলো।বিষয়টি খুবই দুঃখজনক বলে জানান এ কর্মকর্তা।