অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৬ রাত ১২:৩২

remove_red_eye

২০৭

বাংলার কন্ঠ প্রতিবেদক : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, গত ১৭ বছর একটি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল। তাদের অপকর্ম, সম্পাদক সম্পর্কে সারা বিশ্ববাসী জেনে গিয়েছে। আওয়ামী লীগ সরকারের একজন প্রতিমন্ত্রী জাবেদ, তার লন্ডনে তার ৪০০ বাড়ি। তা বাজেয়াপ্ত করার জন্য বাংলাদেশ সরকার বাড়িগুলোর অবস্থান উল্লেখ করে চিঠি দেওয়ার পর ব্রিটিশ সরকার এ উদ্যোগ নিয়েছে । আশা করি খুব শিগগিরই ওই বাড়ি বাজেয়াপ্ত করা হবে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, তার দুবাইয়ে ১০০টি, যুক্তরাষ্ট্রে প্রায় ৫০টি এবং কানাডায় ৩০ থেকে ৪০টি বাড়ি রয়েছে। একজন মন্ত্রীর এরকম শত শত বাড়ি থাকে। প্রত্যেক টা বাড়ি বাংলাদেশের সাধারণ মানুষের অর্থ লুন্ঠন করে নেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। হাফিজ উদ্দিন আহমদ আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছেলেরও যুক্তরাষ্ট্র, কানাডা ও ইংল্যান্ডে অনেক প্রাসাদ রয়েছে। তারা রাজনীতি করে এদেশের মানুষের সম্পদ লুট করার জন্য। সংসদ সদস্যরাও একই রকম।

কানাডার বেগমপাড়ায় লুটপাটের অর্থে সম্পদ গড়ে তোলার অভিযোগ তুলে স্পিকার বলেন, আওয়ামী লীগ খুব চালাক। শেখ পরিবারের একজনও ধরা পড়ে নি। তারা আগে থেকে টাকা লুটপাট করে বিদেশে নিয়ে ব্যাংকে জমা করে । তার পর সুযোগ বুঝি এক সময় দেশ থেকে পালিয়ে গেছে। তারা সেয়ানা পাবলিক। এই সহজ সরল বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে কয়েকটি রাজনৈতিক দল। যারা চরম দুর্নীতিবাজ। সাধারণ মানুষের অর্থসম্পদ লুন্ঠন করে নিজেদের ভাগ্য গড়েছে। এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তজুমদ্দিনের কৃতী সন্তান হাফিজ উদ্দিন আহমদকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তজুমদ্দিন উপজেলা বিএনপি সহ-সভাপতি জাকির হোসেন হাং, হাসান মাকসুদুর রহমান, বিএনপি নেতা মহিউদ্দিন জুলফিকার, আনোয়ার হোসেন হাং, জাকির হোসেন মনু, মহিলা দল সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমূখ। ৫৩ জন অসহায় দুস্থ ও প্রতিবন্ধীকে অনুদানের চেক হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেছেন স্পিকার মেজর (অবঃ) হাফিজ উদ্দিন।

তজুমদ্দিন উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী কালী বাড়ী বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি সনাতনী সমাজের নেতৃবৃন্দ ও ভক্তদের সাথে কুশল বিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান।পরে তিনি বিভিন্ন পূজা মণ্ডপের জন্য শুভেচ্ছা উপহার বিতরণ করেন।