অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৬ রাত ০৮:২১

remove_red_eye

১৫৪

আকবর জুয়েল, লালমোহন: জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে শেখ হাসিনা ও তাঁর দলের সংসদ সদস্যরা ব্যাপক লুটপাট করেছেন। দেশের সম্পদ লুট করে বিদেশে প্রাসাদ তৈরি করেছেন। তাদের পতনের পর এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাঁরা মনে করেছিলেন, কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন। আওয়ামী লীগের ইতিহাসের পুনরাবৃত্তি দেশে হতে দেওয়া হবে না।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো তাঁকে এ সংবর্ধনা দেয়।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, লুটপাট করে দেশ ছেড়ে যাওয়া ব্যক্তিরা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। দেশে এমন লুটপাট আর হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র আট মাস। এরই মধ্যে ক্ষমতাসীন দলের একজন নারী সংসদ সদস্যকে দখলবাজির অভিযোগে এবং অস্ত্র হাতে দেখা যাওয়ার ঘটনায় একজন প্রতিমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্য, বিএনপি সরকার ন্যায়বিচারের দৃষ্টান্ত সৃষ্টি করছে।

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিষয়ে স্পিকার বলেন, তানজানিয়ায় বিশ্বের ১৬৭টি দেশের সংসদ সদস্যদের অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বকে ছয়টি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্তর্ভুক্ত। এ অঞ্চলের চেয়ারম্যান হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ থেকে এর আগে কেউ এ পদে নির্বাচিত হননি উল্লেখ করে তিনি বলেন, এ সম্মান তাঁর একার নয়, বরং পুরো দেশের। এর মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। অতীতের তুলনায় এবার বেশি পূজামণ্ডপে পূজা উদ্‌যাপিত হচ্ছে বলেও উল্লেখ করেন স্পিকার।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 
অনুষ্ঠান শেষে লালমোহন উপজেলার ১৫০ জন অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।