অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৬ সকাল ১০:১৯

remove_red_eye

১০৫

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার সদর উপজেলায় পুকুরে ডুবে খুশি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুদুরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খুশি ওই গ্রামের মৃত আব্দুল বারেকের মেয়ে।
স্বজনরা জানান, ভোরে বাড়ির পাশের একটি পুকুরে পরিবারের সদস্যরা মাছ ধরছিলেন। মাছ ধরা দেখতে খুশিও তাদের সঙ্গে যায়। একপর্যায়ে পরিবারের অন্য সদস্যরা মাছ ধরতে ব্যস্ত থাকলে খুশি কাউকে কিছু না জানিয়ে পাশের আরেকটি পুকুরের ঘাটলায় হাত-পা ধুতে নামে। এ সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় সে। সাঁতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হয় বলে ধারণা করছেন স্বজনরা।

মাছ ধরা শেষে পরিবারের সদস্যরা খুশিকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পাশের পুকুরে তার মরদেহ দেখতে পান তারা। পরে তাকে উদ্ধার করে দ্রুত ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।