অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় মহাসপ্তমীতে ঢাক-ঢোলের বাদ্যে মুখর জেলার ১১৮টি পূজামণ্ডপ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৭

remove_red_eye

১২৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় ঢাক-ঢোল আর কাঁসার বাদ্যে মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে দেবী দুর্গার দর্শন, পূজা-অর্চনা ও পুষ্পাঞ্জলি দিতে মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকের তালে, উলুধ্বনি আর ভক্তদের পদচারণায় বিরাজ করছে উৎসবের আমেজ।

শনিবার সকালে ভোলার কেন্দ্রীয় মদনমোহন মন্দিরসহ জেলার ১১৮টি পূজামণ্ডপে মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হয়। এসময় নারী-পুরুষসহ নানা বয়সী ভক্তরা পূজা-অর্চনায় অংশ নেন। পরিবারের সদস্যদের নিয়ে মণ্ডপে আসছেন অনেকে। পূজার পাশাপাশি প্রতিমা দর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করছেন তারা।
 
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহাসপ্তমী অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়ের প্রতীক। এদিন নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে সপ্তমীর বিশেষ আনুষ্ঠানিকতা পালন করা হয়। দেবী দুর্গার কাছে দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করছেন ভক্তরা।তারা বলছেন, নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদ্‌যাপন করতে চান তারা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে দুর্গোৎসব কাটুক, এমন প্রত্যাশা তাদের।
 
অন্যদিকে, পূজামণ্ডপের আয়োজকরা জানান, দুর্গোৎসব উপলক্ষে নেওয়া হয়েছে নানা আয়োজন। ভক্তদের অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনের প্রস্তুতি রয়েছে তাদের।