অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৪০

remove_red_eye

৯২

মলয় দে : ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভ্যন্তরীণ ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দাবা ও ক্যারম প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
 
অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম খলিলুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লাল সূর্য পত্রিকার সম্পাদক মোতাসিন বিল্লাহ।
 
সভাপতির বক্তব্যে এটিএম খলিলুর রহমান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন রয়েছে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে, যা তাদের ভবিষ্যৎ চলার পথে সহায়তা করবে। আগামীতে এ ধরনের আরও উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধিতেও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
 
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে প্রভাতি ও দিবা শিফটে নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি শ্রেণিভিত্তিক শিক্ষার্থীদের এবং বয়সভিত্তিক শিক্ষকদের জন্য দাবা ও ক্যারম প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। প্রতিযোগিতাটি গত ১৪ অক্টোবর শেষ হয়। পরে বৃহস্পতিবার সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
 
অনুষ্ঠানে দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, প্রভাতি শাখার মো. জামাল উদ্দিন, দিবা শাখার সিনিয়র শিক্ষক মাকসুদের রহমান, শেখ আবু তালেব, আল মনিরসহ উভয় শিফটের সিনিয়র ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।