অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউদ্দিনে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত-৫


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৬

remove_red_eye

১২০

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আলী (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই অটোরিকশার আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালাল বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত চালক মো. আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত রেজাউল মুন্সির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. আলী যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলার দিকে আসছিলেন। পথে দালাল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় দুই অটোরিকশায় থাকা আরও পাঁচজন গুরুতর আহত হন।
 
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁদের ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
 
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত অটোরিকশা দুটি জব্দ করে বোরহানউদ্দিন থানায় নিয়ে যায় পুলিশ।
 
বোরহানউদ্দিন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।