অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ | ১লা কার্তিক ১৪৩৩


ভোলার ইলিশায় আগুনে পুড়ল কৃষক ও শ্রমজীবীদের বসতঘর


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩১

remove_red_eye

৩৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার পূর্ব ইলিশা এলাকায় অগ্নিকাণ্ডে কৃষক ও দিনমজুর পরিবারের কয়েকটি বসতঘর পুড়ে গেছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাসের শঙ্কায় পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে বসতঘরগুলো সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় যুবক রাব্বি জানান, আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সিকদার বাড়ির পাশের আসলাম সর্দার বাড়ি ও নিলু বেগমের বাড়ির বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা অলি সর্দারের বাড়িও আগুনে পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত নিলুফা বেগম জানান, দিনমজুরি করে সংসার চালানো তাদের মতো পরিবারের বসতঘর পুড়ে যাওয়ায় এখন মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই।

বাড়ির লোকজন জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ঘরে ছড়িয়ে পড়ায় প্রয়োজনীয় মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি তাঁরা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।