অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে মা ইলিশ রক্ষার অভিযানে এক জেলের ১৪ দিনের কারাদণ্ড


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৩

remove_red_eye

১৫৫

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক এক জেলেকে ১৪ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত জেলের নাম মো. হানিফ (২২)। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. জামাল চৌকিদারের ছেলে।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ জানান, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ইলিশ সম্পদ রক্ষায় তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে মাছ ধরারত অবস্থায় হানিফকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।
মৎস্য কর্মকর্তা আরও বলেন, মা ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসন ও মৎস্য বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।