অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩


ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৬ সকাল ১১:০৬

remove_red_eye

৩৮

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত
শহরের কালীবাড়ি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম রুহুল আমিন।
 
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এলপিজি সিলিন্ডার বিক্রিতে সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত করা এবং বাজার পরিস্থিতি তদারকির অংশ হিসেবে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের বেশি দামে সিলিন্ডার বিক্রির দায়ে প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংশ্লিষ্ট আইনে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
 
অভিযানকালে অন্যান্য বিক্রেতাদেরও সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নির্ধারিত দামের বেশি দামে সিলিন্ডার বিক্রি না করতে সতর্ক করা হয়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম রুহুল আমিন জানান, ভোক্তাস্বার্থ সংরক্ষণ, বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসন তৎপর রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।