অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩


ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৬ রাত ০৮:১৯

remove_red_eye

৪২

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে এক প্রবাসীর বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালাল বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মুখে মাস্ক পরা এক ব্যক্তি প্রবাসী ওয়ালিউল্লাহর বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁর স্ত্রী আছমা বেগমকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করা হয়। পরে তাঁর কাছ থেকে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ এক হাজার টাকা নিয়ে ওই ব্যক্তি চলে যান। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আছমা বেগমকে সান্ত্বনা দিতে তাঁর বাড়িতে ছুটে আসেন প্রতিবেশীরা।

এ সময় তাঁরা দিনের বেলায় এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ জানান। আছমা বেগমের জামাতা নাঈম বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে, দিনের বেলায় আশপাশে লোকজন থাকা সত্ত্বেও অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ ভরি স্বর্ণ লুট করা হচ্ছে। বিষয়টি কতটা ভয়ংকর, তা ভাবার বিষয়।

’ এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী বলেন, ‘আমাদের কাছে অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’