অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ | ৬ই আশ্বিন ১৪৩৩


অসুস্থ যুবদল নেতা রফিকুলের পাশে স্পিকার মেজর হাফিজ, দিলেন চিকিৎসা সহায়তা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪

remove_red_eye

আকবর জুয়েল, লালমোহন : ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে বাকশক্তি হারিয়ে অসুস্থ হয়ে পড়া ভোলার লালমোহন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রফিকুল ইসলামের বাসভবনে গিয়ে জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজের পক্ষে অনুদানের অর্থ তাঁর হাতে তুলে দেন লালমোহন পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু।

এ সময় দীর্ঘদিন ধরে অসুস্থ রফিকুল ইসলাম কথা বলতে না পারলেও তাঁর অশ্রুসজল চোখে স্বস্তি ও কৃতজ্ঞতার প্রকাশ দেখা যায়।
রফিকুল ইসলামের পরিবার সূত্রে জানা যায়, কয়েক বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাঁর শরীরের একাংশ অবশ হয়ে যায় এবং তিনি বাকশক্তি হারান। দীর্ঘদিনের চিকিৎসায় পরিবারের আর্থিক সংকট আরও বেড়ে যায়। সংসারের ব্যয় মেটানোর পাশাপাশি চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়।
রফিকুলের অসুস্থতার খবর জানতে পেরে তাঁর চিকিৎসায় সহায়তার জন্য ব্যক্তিগত তহবিল থেকে অর্থ প্রদান করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। সহায়তা পেয়ে রফিকুলের পরিবারের সদস্যরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান এবং রফিকুলের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন লালমোহন প্রেস ক্লাবের সভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহীন পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নিরব হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসান ও সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদারসহ স্থানীয় সাংবাদিক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।