অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ | ৬ই আশ্বিন ১৪৩৩


বিশ্ববাজারে আরও কমল তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৫

remove_red_eye

৩৮

মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হলেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে গত ১১ দিনের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা এবং সৌদি আরবের তেল সরবরাহ আংশিক পুনরুদ্ধারের প্রত্যাশায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) দিনের শুরুতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ও মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম গত ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। 

এর মধ্যে নভেম্বর ডেলিভারির জন্য ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ২ দশমিক ১২ ডলার বা ২ শতাংশ কমে ১০১ দশমিক ৭৫ ডলারে দাড়িয়েছে। অন্যদিকে, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৯৬ ডলার বা ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৩৪ ডলারে লেনদের হচ্ছে।  

রয়টার্স বলছে, সেপ্টেম্বরে হরমুজ প্রণালি দিয়ে সৌদি আরবের তেল রফতানি আগস্টের তুলনায় বেড়েছে। ফলে সরবরাহ পরিস্থিতি নিয়ে বাজারের উদ্বেগ কিছুটা কমেছে।

স্যাটেলাইট ডেটা থেকে জানা গেছে, গত ছয় দিনে হরমুজ প্রণালি দিয়ে প্রবাহিত সৌদি তেলের গড় পরিমাণ ছিল দৈনিক ২৯ লাখ ব্যারেল, যা আগস্ট মাসের দৈনিক মাত্র ৭ লাখ ব্যারেল থেকে বেশি।

তবে হুথিদের হামলা, ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তেলের বাজারে ঝুঁকি বাড়িয়ে রেখেছে। 

এ অবস্থায় জাতিসংঘের সাধারণ অধিবেশন ঘিরে সম্ভাব্য কূটনৈতিক তৎপরতার দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন।

এর আগে অবশ্য হুথিদের হামলার খবর ছড়িয়ে পড়ার পর তেলের বাজারে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছিল। 

গত শনিবার হুথিরা দাবি করে, তারা রিয়াদের কয়েকটি ‘সংবেদনশীল’ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হামলার কয়েক ঘণ্টা পর রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে আগুন ও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। 

সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

জেপিমরগ্যানের বিশ্লেষকরা বলেছেন, সৌদি আরবের পূর্ব-পশ্চিম পাইপলাইনে বিঘ্ন ঘটা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে তেলের প্রবাহ আশ্চর্যজনকভাবে শক্তিশালী রয়েছে। তবে সাময়িকভাবে তেলের দাম কমলেও সরবরাহ ব্যবস্থা, সৌদি তেল অবকাঠামোর নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের গতিপথই আগামী দিনে আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য বড় অনিশ্চয়তা হয়ে থাকছে।