নতুন জাতীয় বেতনস্কেল ২০২৬–এ সরকারি কর্মচারীদের জন্য একই পদে আট বছর চাকরি পূর্ণ হলে পদোন্নতি ছাড়াই পরবর্তী উচ্চতর গ্রেড দেওয়ার বিধান রাখা হয়েছে। প্রথম উচ্চতর গ্রেড পাওয়ার পর একই পদে আরও ছয় বছর চাকরি করলে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ থাকবে।
বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১১
৩৯
নতুন জাতীয় বেতনস্কেল ২০২৬–এ সরকারি কর্মচারীদের জন্য একই পদে আট বছর চাকরি পূর্ণ হলে পদোন্নতি ছাড়াই পরবর্তী উচ্চতর গ্রেড দেওয়ার বিধান রাখা হয়েছে। প্রথম উচ্চতর গ্রেড পাওয়ার পর একই পদে আরও ছয় বছর চাকরি করলে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ থাকবে।
গত ১৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন ১৯ সেপ্টেম্বর প্রকাশিত জাতীয় বেতনস্কেল ২০২৬–এর গেজেটে বেতন নির্ধারণ, উচ্চতর গ্রেড, পেনশন, চিকিৎসা, বাড়ি ভাড়া, শিক্ষা ও অন্যান্য ভাতা সম্পর্কে বিস্তারিত বিধান দেওয়া হয়েছে।
গেজেট বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ তারিখের আগে যেসব স্থায়ী কর্মচারীর চাকরির আট বছর পূর্ণ হয়েছে, কিন্তু ১০ বছর পূর্ণ হয়নি, তারাও ১ জুলাই থেকেই উচ্চতর গ্রেড পাওয়ার যোগ্য হবেন। তবে চাকরি সন্তোষজনক হতে হবে।
প্রথম উচ্চতর গ্রেড পাওয়ার পর একই পদে আরও ছয় বছর চাকরি করলে সপ্তম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড পাওয়া যাবে। এই উচ্চতর গ্রেডকে পদোন্নতি হিসেবে গণ্য করা হবে না।
একই পদে সর্বোচ্চ দুইবার
গেজেটে বলা হয়েছে, কোনো স্থায়ী কর্মচারী একই পদে উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধা দুইবারের বেশি পাবেন না। আগের বেতনস্কেলগুলোর আওতায় একই পদে দুই বা ততোধিক সিলেকশন গ্রেড, টাইম স্কেল বা উচ্চতর গ্রেড পেয়ে থাকলে নতুন বেতনস্কেলের আওতায় ওই পদে আর উচ্চতর গ্রেড পাওয়া যাবে না।
তবে ৩০ জুন ২০২৬ পর্যন্ত একই পদে যদি কোনো কর্মচারী মাত্র একটি উচ্চতর স্কেল বা গ্রেড পেয়ে থাকেন, তাহলে পরবর্তী ছয় বছর পূর্তিতে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ থাকবে।
পদোন্নতির কোনো বিধান নেই এমন ‘ব্লকড’ পদে কর্মরত কর্মচারীদের জন্য তৃতীয় উচ্চতর গ্রেডেরও সুযোগ রাখা হয়েছে। তবে প্রথম ও দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার পর একই পদে আরও আট বছর চাকরি পূর্ণ করতে হবে। এ সুবিধা একই পদে পুরো চাকরিজীবনে সর্বোচ্চ তিনবার পাওয়া যাবে।
১ জুলাইয়ের বেতন নির্ধারণ যেভাবে
নতুন বেতনস্কেলে কর্মচারীদের বেতন নির্ধারণের একটি উদাহরণও গেজেটে দেওয়া হয়েছে। ৩০ জুন ২০২৬ তারিখে কোনো কর্মচারীর বর্তমান স্কেলে মূল বেতন ১৩ হাজার ৭৯০ টাকা হলে, নতুন স্কেলের সংশ্লিষ্ট ধাপে তাঁর বেতন ২৬ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হবে।
গেজেটের ব্যাখ্যায় বলা হয়েছে, পুরোনো স্কেলের বর্তমান বেতন থেকে ওই স্কেলের প্রারম্ভিক বেতন বাদ দিলে পাওয়া পার্থক্য নতুন স্কেলের প্রারম্ভিক বেতনের সঙ্গে যোগ হবে। এরপর সেই অঙ্কের সমান ধাপ না থাকলে পরবর্তী উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করা হবে।
১ জুলাই ২০২৬ তারিখে পদোন্নতি পাওয়া কর্মচারীর বেতন প্রথমে নিম্নপদে নির্ধারণ করে পরে পদোন্নতিপ্রাপ্ত পদের বিধি অনুযায়ী নির্ধারণ করতে হবে। প্রেষণে থাকা কর্মচারীর ক্ষেত্রে মূল প্রতিষ্ঠানে থাকলে যে বেতন পেতেন, তার ভিত্তিতে নতুন বেতন নির্ধারণ হবে।
ছুটিতে থাকা কর্মচারীদের বেতনও নির্দিষ্ট নিয়মে নতুন স্কেলে নির্ধারণ করা হবে। তবে ছুটির সময় নতুন বেতনস্কেলের কারণে যে আর্থিক সুবিধা সৃষ্টি হবে, তা ছুটিকালীন সময়ের জন্য প্রাপ্য হবে না।
পেনশনে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নতুন বেতনস্কেলে অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের নিট পেনশন বাড়ানোর হারও নির্ধারণ করা হয়েছে। তবে পেনশন ও গ্রাচুইটির বিদ্যমান হার অপরিবর্তিত থাকবে।
৩০ জুন ২০২৬-এর নিট পেনশনের ওপর ভিত্তি করে ১ জুলাই থেকে নতুন নিট পেনশন নির্ধারণ করা হবে। ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য বৃদ্ধির হার ১০০ শতাংশ। ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ৭৫ শতাংশ, ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির হার ৫৫ শতাংশ।
নতুন ব্যবস্থায় সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কোনো অবসরভোগী ইতিমধ্যে ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পেয়ে থাকলে ২০২৭ সালের ১ জুলাইয়ের পরবর্তী বার্ষিক বেতনবৃদ্ধির আগ পর্যন্ত তিনি আগের অঙ্কেই পেনশন পাবেন।
অবসর-উত্তর ছুটির ক্ষেত্রে ১২ মাস পূর্ণ গড় বেতনে ছুটি এবং ১৮ মাস ছুটি নগদায়নের সুবিধা বহাল রাখা হয়েছে।
বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ সালে
নতুন বেতনস্কেলে বাড়ি ভাড়া ভাতার নতুন হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। তার আগ পর্যন্ত ৩০ জুন ২০২৬ তারিখে যে হারে বাড়ি ভাড়া ভাতা পাওয়া যাচ্ছিল, সেই হারেই ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত ভাতা দেওয়া হবে।
নতুন হারে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেড-২০-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১৬-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত কর্মচারীরা মূল বেতনের ৬০ শতাংশ, গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ৫০ শতাংশ, গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৪৫ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীরা মূল বেতনের ৪০ শতাংশ বাড়ি ভাড়া পাবেন।
অন্যান্য নির্ধারিত সিটি করপোরেশন ও সাভার-কক্সবাজার পৌর এলাকায় এসব হার হবে যথাক্রমে ৫০, ৪০, ৩৫ ও ৩০ শতাংশ। আর অন্যান্য এলাকায় হার হবে যথাক্রমে ৪৫, ৩৫, ৩০ ও ২৫ শতাংশ।
চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৬ হাজার টাকা
কর্মরত কর্মচারীদের চিকিৎসা ভাতা ৫০ বছর বয়স পর্যন্ত মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছর এক দিন বয়স থেকে পিআরএল শেষ হওয়া পর্যন্ত ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রে বয়স অনুযায়ী চিকিৎসা ভাতার হার আরও ধাপে ধাপে বাড়বে। ৫০ বছর পর্যন্ত ৩ হাজার, ৫০ বছর এক দিন থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার, ৬০ বছর এক দিন থেকে ৭০ বছর পর্যন্ত ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সে মাসে ৬ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়া হবে।
বাংলা নববর্ষ ভাতা ১৫ শতাংশ
সব সরকারি কর্মচারী আহরিত মূল বেতনের ১৫ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা পাবেন। মাসিক নিট পেনশন গ্রহণকারী অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন।
এ ছাড়া উৎসব ভাতা ও শ্রান্তি-বিনোদন ভাতার বিদ্যমান বিধান বহাল রাখা হয়েছে। অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের জন্য নিট পেনশনের সমপরিমাণ হারে বছরে দুটি উৎসব ভাতাও বহাল থাকবে।
শিক্ষা সহায়ক ভাতা ৫০০ টাকা
সন্তানপ্রতি মাসে ৫০০ টাকা হারে শিক্ষা সহায়ক ভাতা দেওয়া হবে। সর্বোচ্চ দুই সন্তানের জন্য মাসে ১ হাজার টাকা পাওয়া যাবে। বয়সের সনদ দাখিল সাপেক্ষে ২৩ বছর বয়স পর্যন্ত সন্তানের জন্য এ ভাতা প্রাপ্য হবে।
১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মাসে ৫০০ টাকা টিফিন ভাতা দেওয়ার বিধানও রাখা হয়েছে। তবে কোনো প্রতিষ্ঠান থেকে লাঞ্চ ভাতা বা বিনা মূল্যে দুপুরের খাবার পাওয়া গেলে টিফিন ভাতা দেওয়া হবে না।
চলতি বা অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য মাসে ১ হাজার ৫০০ টাকা কার্যভার ভাতা দেওয়ার বিধান রাখা হয়েছে।
নতুন নিয়োগে অগ্রিম বেতনবৃদ্ধি
১ জুলাই ২০২৬ বা তার পর নিয়োগ পাওয়া কর্মচারীরা সংশ্লিষ্ট পদের নতুন বেতনস্কেলের প্রারম্ভিক ধাপে বেতন পাবেন। তবে ৯ম গ্রেড বা তার ওপরে প্রথম নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার জন্য এক বা দুটি অগ্রিম বেতনবৃদ্ধির সুযোগ থাকছে।
এমবিবিএস, ব্যাচেলর অব আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সংশ্লিষ্ট পদের ন্যূনতম যোগ্যতা হলে একটি অগ্রিম বেতনবৃদ্ধি দেওয়া হবে। নির্দিষ্ট ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বা স্থাপত্যবিদ্যায় ডিগ্রির সঙ্গে সংশ্লিষ্ট উচ্চতর ডিগ্রি, ফিজিক্যাল প্ল্যানিং বা আইন বিষয়ে নির্ধারিত উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য দুটি অগ্রিম বেতনবৃদ্ধির বিধান রাখা হয়েছে।
বিসিএস ক্যাডারে ৯ম গ্রেডে সরাসরি নিয়োগ পাওয়া কর্মচারীদের একটি অতিরিক্ত অগ্রিম বেতনবৃদ্ধি দেওয়া হবে। তবে বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে ক্যাডার পদে সুপারিশ না পেলেও বিপিএসসির সুপারিশে ৯ম গ্রেডে নন-ক্যাডার পদে নিয়োগ পাওয়া কর্মচারীদের বেতন ৯ম গ্রেডের প্রারম্ভিক ধাপেই নির্ধারিত হবে।
পূর্ণ বেতন পেতে লাগবে নির্দিষ্ট চাকরির মেয়াদ
উচ্চতর পদে পদোন্নতির পর সংশ্লিষ্ট পদের পূর্ণ বেতন পেতে ৯ম বা তার ওপরে গ্রেডে নির্দিষ্ট সময়ের প্রকৃত চাকরির মেয়াদ পূরণ করতে হবে। গ্রেড-১-এর ক্ষেত্রে প্রয়োজন হবে ২০ বছর, গ্রেড-২-এ ১৭ বছর, গ্রেড-৩-এ ১৪ বছর, গ্রেড-৪-এ ১২ বছর, গ্রেড-৫-এ ১০ বছর, গ্রেড-৬-এ ৫ বছর এবং গ্রেড-৭-এ ৪ বছর চাকরির মেয়াদ।
বার্ষিক বেতনবৃদ্ধি ১ জুলাই
নতুন বেতনস্কেলে সব কর্মচারীর বার্ষিক বেতনবৃদ্ধির তারিখ হবে অর্থবছরের প্রথম দিন—১ জুলাই। নতুন স্কেলে বেতন নির্ধারণের পর ১ জুলাই ২০২৬ তারিখে একটি বার্ষিক বেতনবৃদ্ধি দেওয়ার বিধান রাখা হয়েছে। নতুন নিয়োগ পাওয়া কর্মচারীর ক্ষেত্রে যোগ্য চাকরির মেয়াদ কমপক্ষে ছয় মাস হলে তিনি বার্ষিক বেতনবৃদ্ধির সুবিধা পাবেন।
ভাতার নতুন হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। ১ জুলাই ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত নতুন নিয়োগ পাওয়া কর্মচারীরা ৩০ জুন ২০২৬ তারিখে নিয়োগ পেলে যে হারে ভাতা পেতেন, সেই হারেই ভাতা পাবেন।
লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন
ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান
মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার
মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ
অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য : ড. তিতুমীর
সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত